ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিন ফোন করে আহ্বান জানাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যুদ্ধবিরোধী পক্ষগুলো নেতানিয়াহুর এই প্রচেষ্টা ঠেকানোর চেষ্টা করছে। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
ওই ব্যক্তি বলেন, ‘নেতানিয়াহু প্রতিদিনই ট্রাম্পকে ফোন করছেন, যাতে তিনি আবার যুদ্ধ শুরু করেন। হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যারা যুদ্ধ চান না, তারা এই প্রচেষ্টা মোকাবিলার চেষ্টা করছেন’।
তিনি আরও বলেন, আঞ্চলিক নেতারা ট্রাম্পকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
সোমবার কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর দেওয়া বক্তব্যেও উপসাগরীয় মিত্রদের এই অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিকভাবে সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতার চেষ্টা করছেন কাতারের প্রধানমন্ত্রী। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্যরা বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষপাতী’।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে আবারও সামরিক অভিযান শুরুর জন্য নেতানিয়াহুর ধারাবাহিক তদবিরে আরব ও মুসলিম নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
‘সামরিকভাবে ইরান যুদ্ধ শেষ’, ট্রাম্পের ঘোষণা
সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের