স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সাম্য প্রতিষ্ঠা ও সামাজিক অংশগ্রহণের ক্ষেত্রে চীনের বলিষ্ঠ রাজনৈতিক সদিচ্ছা বিশ্বজুড়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিখ্যাত চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট-এর প্রধান সম্পাদক রিচার্ড হর্টন। তিনি জানান, চীন সরকার গত দুই দশকে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে স্বাস্থ্য খাতে অভাবনীয় বিনিয়োগ বাড়িয়েছে।
চায়না ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে হর্টন বলেন, চীনা জনগণের সুরক্ষায় যে একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা জরুরি, সেটি তাদের সরকার অনুধাবন করেছে। গত ১০ বছরে সরকার শিক্ষা, আবাসন, কর্মসংস্থান, পানীয় জল ও পুষ্টি বিভাগের মধ্যে সমন্বয় তৈরি করে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে গেছে।
বেইজিংয়ে ল্যানসেট প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে স্বাস্থ্যভিত্তিক দারিদ্র্য বিমোচন উদ্যোগের মাধ্যমে চীন প্রায় ৫ কোটি ৫৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করেছে। ১.৪ ট্রিলিয়ন ইউয়ানের (২১০ বিলিয়ন ডলার) এই প্রকল্পে নিরাময়যোগ্য ৩০টি জটিল ব্যাধির চিকিৎসার হার ৯৯.৬ শতাংশে পৌঁছেছে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ৩৩ শতাংশ থেকে বেড়ে ৪৫.৪ শতাংশে দাঁড়িয়েছে।
হর্টন জানান, ‘হেলদি চায়না ২০৩০’ লক্ষ্যপূরণে কেন্দ্রীয় নীতির সঙ্গে স্থানীয় কমিউনিটির সমন্বয় ঘটানো হয়েছে। তবে বড় ধরনের উন্নতির পাশাপাশি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ (সিওপিডি)-সহ জটিল অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। দেশটিতে আনুমানিক ১০ কোটি মানুষ সিওপিডিতে ভুগছেন, যাদের অধিকাংশই তা জানেন না।
ল্যানসেটের প্রধান সম্পাদক মনে করেন, পশ্চিমা বিশ্বে চীনকে নিয়ে প্রচলিত নানা ভুল তথ্য দূর করতে স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের সাফল্য ভূমিকা রাখতে পারে। তার মতে, স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিয়ে গত ২০ বছরে চীন কোটি কোটি মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করেছে। নীতিনির্ধারণের কেন্দ্রে স্বাস্থ্যকে রাখার এই কৌশল কেবল চীনের জন্য নয়, বরং বিশ্বের প্রতিটি দেশের জন্যই একটি বড় শিক্ষা।
চীনা আধিপত্য ঠেকাতে বিরল খনিজে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চায় মিয়ানমার