প্রতিদিনের খাবারে একটু নতুন স্বাদ আনতে চাইলে বানিয়ে ফেলতে পারেন তিল-নারকেল বাটা। সাদা তিলের হালকা বাদামি ঘ্রাণ, নারকেলের মিষ্টি স্বাদ আর কাঁচা মরিচের ঝালে তির এই পদটি ভাতের সঙ্গে বেশ জমে যায়। উপকরণও খুব সাধারণ, আর তৈরি করতেও বেশি সময় লাগে না। রইলো সহজ রেসিপি।
উপকরণ
সাদা তিল ৪ টেবিল চামচ, কোরানো নারকেল আধ কাপ, কাঁচা মরিচ ৩-৪টি, স্বাদমতো লবণ, আধ চা চামচ চিনি (ইচ্ছা হলে) এবং সরিষার তেল ১ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে একটি শুকনো কড়াইয়ে সাদা তিল দিয়ে হালকা আঁচে ৩-৪ মিনিট নেড়ে ভেজে নিন। তিলের রং সামান্য বদলে গেলে নামিয়ে ঠান্ডা করে রাখুন। এবার ব্লেন্ডারে ভাজা তিল, কোরানো নারকেল, কাঁচা মরিচ, লবণ ও চিনি দিয়ে অল্প পানি মিশিয়ে মিহি করে বেটে নিন।
এরপর একটি ছোট কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে তিল-নারকেলের বাটা দিয়ে দিন। কম আঁচে ২-৩ মিনিট নেড়ে ভালো করে কষিয়ে নিন। মিশ্রণ থেকে তেল বেরিয়ে এলে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল সুস্বাদু তিল-নারকেল বাটা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।