চলতি মৌসুমে ফলন কিছুটা কম হওয়া সত্ত্বেও কাশ্মীরের পাম্পোরের জাফরান ক্ষেতগুলো নতুন করে পর্যটকদের আকর্ষণ করছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার এই অঞ্চলে মৌসুমি এই ফুল ও বিশ্বের অন্যতম দামি মসলার সুবাস নিতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত দর্শনার্থী ভিড় জমাচ্ছেন।
কাশ্মীরের ‘জাফরান রাজধানী’ হিসেবে পরিচিত পাম্পোরে বিগত কয়েক সপ্তাহ ধরে পর্যটকদের নিয়মিত যাতায়াত লক্ষ্য করা গেছে। দর্শনার্থীরা খেতগুলোতে সময় কাটাচ্ছেন, ছবি তুলছেন এবং স্থানীয় চাষি ও তরুণ বিক্রেতাদের কাছ থেকে সরাসরি জাফরান কিনছেন। যদিও কিছু জায়গায় ফুল ফোটার পরিমাণ আশানুরূপ নয়, তবুও ক্ষেতগুলোতে ফোটা বেগুনি, মেরুন ও হলুদ রঙের ফুল এক চমৎকার দৃশ্যের সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দা গোলাম রসুল মির বলেন, সারাদিনই পর্যটকদের জাফরান ক্ষেতগুলো পরিদর্শন করতে দেখা যায়। অনেক জায়গায় এবার ফুল দেরিতে ফুটেছে এবং দর্শনার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে।
আরেক বাসিন্দা নাদিম আহমেদ জানান, ডাল লেক, গুলমার্গ ও পহেলগাঁওয়ের মতো প্রতিষ্ঠিত পর্যটন কেন্দ্রগুলোর পাশাপাশি জাফরান ক্ষেতগুলোও ধীরে ধীরে একটি অতিরিক্ত আকর্ষণ হিসেবে গড়ে উঠছে।
গুজরাট থেকে আসা পর্যটক কৃষ্ণা বলেন, কাশ্মীর ভ্রমণ এবং এই ক্ষেতগুলোতে সময় কাটানো আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, যা আজ সত্যি হলো। গুলমার্গ ও সোনামার্গ ঘুরে এখন পহেলগাঁও যাচ্ছি। কাশ্মীর সত্যিই এক স্বর্গরাজ্য, তবে জাফরান ফুলের মধ্যে কাটানো সময়টি আমার ভ্রমণের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে।
মৌসুমি এই ফুল ফোটার সময় স্থানীয় তরুণ ও চাষিরা সরাসরি জাফরান বিক্রি করে জীবিকা নির্বাহের সুযোগ পান। তবে পাম্পোরে পর্যটক বাড়াতে আরও ভালো পর্যটন অবকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মহাসড়কের পাশে একটি ডেডিকেটেড জাফরান ট্যুরিজম ফ্যাসিলিটি বা প্রমোশনাল সেন্টার প্রতিষ্ঠার দাবি জানিয়ে তারা বলেন, এতে পর্যটকরা সহজেই ক্ষেতগুলো ঘুরে দেখতে এবং খাঁটি জাফরান কিনতে পারবেন। স্থানীয়দের বিশ্বাস, জাফরান পর্যটনের প্রসার ও বেকার যুবকদের আয়ের নতুন উৎস তৈরির পাশাপাশি পাম্পোরকে কাশ্মীরের পর্যটন মানচিত্রে আরও বেশি পরিচিতি এনে দেবে।
সূত্র: কাশ্মীর অবজারভার
রসগোল্লা বলে বোমা দিলেন প্রতিবেশী, মুখে নিয়ে কামড় দিতেই বিস্ফোরণে যুবকের মৃত্যু
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি