আগামী দুই বছরের মধ্যে নিজের মেয়াদ শেষ হওয়ার আগে ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর পতন না ঘটলে সেটিকে নিজের পরাজয় হিসেবে দেখবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি প্রয়োজন মনে করলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
সাক্ষাৎকারে হিউ হিউইট ট্রাম্পকে প্রশ্ন করেন, আপনি দায়িত্ব ছাড়ার সময়ও যদি ইরানের ওই উন্মাদরা ক্ষমতায় থাকে, তবে কি সেটি আপনার জন্য পরাজয় হবে? জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, সেটি পরাজয় হবে। আমি বলব সেটি পরাজয়ই হবে। অবশ্যই।
হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের চলমান হামলা ঠেকাতে সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, কোনও দ্বিধা নেই। তবে এখনই এর প্রয়োজন দেখছেন না জানিয়ে তিনি দাবি করেন, হরমুজ প্রণালির ক্ষেত্রে উপসাগরীয় অঞ্চল এখন আমাদের নিয়ন্ত্রণে। আমরা এটি খুব ভালোভাবে সামলাচ্ছি।
তবে পরিস্থিতি ‘ভিন্ন দিকে মোড় নিলে’ তিনি পুনরায় সামরিক অভিযানের অনুমতি দেবেন বলে সতর্ক করেন।
এদিকে, ট্রাম্প প্রণালিটি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রাখার দাবি করলেও সেখানে প্রায় প্রতিদিনই জাহাজে হামলার ঘটনা ঘটছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার বরাতে জানানো হয়, অননুমোদিত ও বিপজ্জনক রুট ব্যবহার করায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) একটি ট্যাংকার নৌমাইনের আঘাতে বিস্ফোরিত হয়েছে।
এর আগের দিনও সতর্কবার্তা উপেক্ষা করায় চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের কথা জানায় আইআরজিসি। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্যমতে, অক্টোবরে ৩৭টি হামলার পর নভেম্বরের প্রথম ১০ দিনেই অন্তত ১০টি জাহাজ হামলার শিকার হয়েছে।
অন্যদিকে, শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে তারা বাহরাইনে অবস্থিত মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থায় আঘাত হেনে সেটি ধ্বংস করেছে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে আকাশসীমা লঙ্ঘন ও তেল চোরাচালান বন্ধে এটি আগ্রাসী শত্রুর প্রতি একটি কঠোর সতর্কবার্তা।
তবে বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
জাকির নায়েকের সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়লো
স্ত্রীকে খুন করে মেয়েকে বললেন, ‘নতুন মা এনে দেব’
মাতা হারি থেকে রোমিও স্পাই: ‘হানিট্র্যাপ’-এর ইতিহাস