মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ধর্মপ্রচারক জাকির নায়েক পরিচালিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-এর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সন্ত্রাসবাদ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘জিরো টলারেন্স’ নীতির সঙ্গে সংগতি রেখে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) আওতায় আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
অমিত শাহ বলেন, পলাতক সন্ত্রাসী প্রচারক ডা. জাকির নায়েকের নেতৃত্বে সংগঠনটি সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়া এবং সন্ত্রাসবাদের প্রচারসহ অশুভ ভারতবিরোধী চক্রান্তে জড়িত রয়েছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের প্রচার, সহিংস অস্থিরতায় উসকানি, পলাতক সন্ত্রাসীদের পুনর্গঠিত হতে উৎসাহ দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সঙ্গে সংগঠনটি যুক্ত ছিল।
পিটিআই জানায়, মন্ত্রণালয় মনে করে আইআরএফ দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঝুঁকি তৈরি করে এমন কর্মকাণ্ডে জড়িত। এক গেজেট বিজ্ঞপ্তিতে ১৯৬৭ সালের ইউএপিএ আইনের ৩(১) ধারার ক্ষমতাবলে সংগঠনটিকে বেআইনি ঘোষণা করা হয়, যা ট্রাইব্যুনালও বহাল রেখেছে।
আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন আদেশের ফলে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর অভিযোগে এই নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর কার্যকর থাকবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
স্ত্রীকে খুন করে মেয়েকে বললেন, ‘নতুন মা এনে দেব’
মিস ইউনিভার্সের নতুন মুকুট উন্মোচন, হীরার সংখ্যা কত?