লড়াই করেও ভারতের ফাইনালে ওঠা আটকাতে পারলো না ভুটান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৬, ১৭:১৬ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৭:১৬

সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে এসেও ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে নওশাদ মুসার দল।

সাফে এবারের আসরসহ ১৫ বার অংশ নিয়ে ১৪ বারই ফাইনালে উঠেছে ভারত। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন এবং ৪ বার রানার্সআপ হয়েছে তারা। একবারই ফাইনালে উঠতে পারেনি দলটি। ২০০৩ সালে হয়েছিল তৃতীয়।

শনিবার ভুটানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ভারত। ম্যাচের ৯ মিনিটে বিষ্ণুর গোলে এগিয়ে যায় তারা। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার চিংলেনসানা সিং। শুরুতে দুই গোল হজম করে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে ভুটান। তবে প্রথমার্ধে ভারতের জমাট রক্ষণ তারা ভাঙতে পারেনি।

ভুটান প্রথমার্ধে তিনটি আক্রমণ থেকে মাত্র একবার ভারতের গোলমুখে শট নিতে পেরেছে। অন্যদিকে ভারত চারটি শট নিয়ে তিনটিই লক্ষ্যে রেখেছে। বল দখল ও আক্রমণেও প্রথম ৪৫ মিনিটে স্পষ্ট আধিপত্য ছিল ভারতীয়দের।

বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। ৪৭ মিনিটে চেনচোর শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল হেডে জালে পাঠান কিনজাং তাশি। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি মুনির আলকাতিরি। তবে ভুটানের খেলোয়াড়দের আবেদনের পর ভিএআর পর্যালোচনা করে গোলের সিদ্ধান্ত দেন তিনি। তাতে ম্যাচে ফেরার আত্মবিশ্বাস পায় ভুটান।

সাফের ইতিহাসে এবারই প্রথম ব্যবহার হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও ফাইনালে থাকছে এই প্রযুক্তির ব্যবহার। ম্যাচের ৬৬ মিনিটে ভুটানের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।

স্কোর ২-১ হওয়ার পর সমতায় ফেরার আশায় শেষ দিকে মরিয়া আক্রমণ চালায় ভুটান। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তারা। কিন্তু ভারতের রক্ষণ ভেদ করতে পারেনি দলটি। শেষ মুহূর্তে ফাঁকা জায়গায় কিংজ্যাং তেনজিনের হেড লক্ষ্যে না থাকায় হতাশা আরও বাড়ে ভুটানের। শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পায় ভারত।

সাফে ভুটানের সর্বোচ্চ সাফল্য দুবার সেমিফাইনাল খেলা। এবারের আগে ২০০৮ সালেও শেষ চারে ভারতের কাছে একই ব্যবধানে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল তারা। এবারও সেই একই প্রতিপক্ষের কাছে একই ব্যবধানে হেরে বিদায় নিতে হলো ভুটানকে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
রসিকতা করে ভারতের কোচ বললেন, ‘ভিএআরকে ঘৃণা করি’
পাকিস্তানের বিপক্ষে একাদশে আসতে পারেন শুকি ও রহমত
‘হামজা-ফারহানদের খেলা দেখতে এসেছি, বাংলাদেশ ফাইনালে খেলবে’
সর্বশেষ খবর
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী ও ২১ জনকে সাময়িক বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী ও ২১ জনকে সাময়িক বহিষ্কার
রসিকতা করে ভারতের কোচ বললেন, ‘ভিএআরকে ঘৃণা করি’
রসিকতা করে ভারতের কোচ বললেন, ‘ভিএআরকে ঘৃণা করি’
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা