লেখা বা ছবি থেকেই তৈরি হবে অ্যানিমেটেড জিআইএফ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৩১

বন্ধুদের সঙ্গে চ্যাটিংয়ের সময় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোন বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে লেখার মধ্যে অ্যানিমেটেড ছবি বা জিআইএফ (গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট) এর ব্যবহার বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এত দিন পছন্দমতো জিআইএফ পেতে অন্যের তৈরি ছবি খুঁজতে হতো অথবা আলাদা অ্যাপের সাহায্য নিতে হতো। তবে এবার চ্যাটজিপিটিতেই নিজের লেখা নির্দেশনা কিংবা ছবি থেকে জিআইএফ তৈরি এবং পরবর্তীতে সেটি পছন্দমতো এডিট করার সুবিধা চালু করেছে ওপেনএআই। ফলে নতুন কোনো অ্যানিমেটেড ছবি তৈরির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এর গতি, দৃশ্য ও বিভিন্ন ফ্রেমও পরিবর্তন করা যাবে।

চ্যাটজিপিটিতে এই সুবিধা যুক্ত হয়েছে ‘ইমেজেস ২.৬’ মডেলের মাধ্যমে। গত ৪ নভেম্বর চ্যাটজিপিটি, কোডেক্স ও এপিআইয়ের জন্য মডেলটি উন্মুক্ত করে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, আগের সংস্করণের তুলনায় নতুন মডেলটি প্রায় ৫০ শতাংশ দ্রুত ছবি তৈরি করতে পারে। শুধু লেখা থেকে নয়, ব্যবহারকারীর আপলোড করা ছবি কিংবা সাধারণ হাতে আঁকা স্কেচ থেকেও মনমতো জিআইএফ তৈরি করা যাবে।

চ্যাটজিপিটিতে জিআইএফ তৈরি করতে হলে প্রথমে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে চ্যাট বক্সে প্রয়োজনীয় নির্দেশনা লিখতে হবে। যেমন, ‘একটি ছোট্ট পান্ডা গাছের ডালে বসে বাঁশের পাতা খাচ্ছে, এমন একটি জিআইএফ তৈরি করো।’ নির্দেশনায় দৃশ্যের পাশাপাশি চরিত্রের নড়াচড়া, পটভূমি, অ্যানিমেশনের ধরন ও দৈর্ঘ্য উল্লেখ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে। চাইলে নিজের ছবি বা স্কেচ আপলোড করেও সেটিকে জিআইএফে রূপান্তরের নির্দেশ দেওয়া যাবে।

জিআইএফ তৈরি হওয়ার পর সেটি সরাসরি ডাউনলোড না করে প্রয়োজন অনুযায়ী এডিট করার সুবিধাও রাখা হয়েছে। অ্যানিমেশনের গতি বাড়ানো বা কমানোর জন্য ছবির নিচের বাঁ পাশে থাকা ‘১x’ লেখা অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে জিআইএফ কত দ্রুত বা ধীরে পুনরাবৃত্তি হবে, তা নির্ধারণ করা যাবে। এ ছাড়া ছবিতে ক্লিক বা ট্যাপ করে ‘এডিট’ অপশন নির্বাচন করলে ‘ডেস্ক্রাইব এডিটস’ নামের একটি বক্স দেখা যাবে। সেখানে কী পরিবর্তন করতে হবে, তা লিখে দিলেই চ্যাটজিপিটি নির্দেশনা অনুযায়ী জিআইএফ-টিতে প্রয়োজনীয় পরিবর্তন আনবে।

আরও সূক্ষ্মভাবে পরিবর্তনের জন্য ‘শিট’ অপশন ব্যবহার করা যাবে। এতে জিআইএফের প্রতিটি ফ্রেম আলাদা ভাবে দেখা যাবে। ব্যবহারকারী নির্দিষ্ট ফ্রেমে মন্তব্য করতে বা চিহ্ন দিয়ে পরিবর্তনের নির্দেশনা দিতে পারবেন। ফলে পুরো অ্যানিমেশন নতুন করে তৈরি না করেই নির্দিষ্ট অংশে পরিবর্তন আনা সম্ভব হবে। এডিটিং প্রক্রিয়া শেষ হলে ‘ডাউনলোড’ বাটনে ক্লিক করে জিআইএফ সেভ করা যাবে। ‘শেয়ার’ অপশনের মাধ্যমে অন্যদের সঙ্গেও এটি শেয়ার করা যাবে।

চ্যাটজিপিটি ও কোডেক্স ব্যবহারকারীদের জন্য ইমেজেস ২.৬ ইতিমধ্যেই উন্মুক্ত করা হয়েছে। এ সুবিধা ব্যবহার করার জন্য পেইড সাবস্ক্রিপশন নেওয়া বাধ্যতামূলক নয়। ওপেনএআই ফ্রি ও পেইড প্ল্যানের আওতাভুক্ত অ্যাকাউন্টে জিআইএফ তৈরির নির্দিষ্ট সংখ্যাগত সীমা প্রকাশ করেনি। তবে বিনা মূল্যের অ্যাকাউন্টে ছবি তৈরির জন্য আলাদা ব্যবহারের সীমা রয়েছে, আর অর্থের বিনিময়ের সাবস্ক্রিপশনে তুলনামূলক বেশি সুবিধা পাওয়া যায়। ফ্রি অ্যাকাউন্টে নির্ধারিত সীমা শেষ হলে আবার ব্যবহারের জন্য অপেক্ষা করতে হবে।

/এএ/
সম্পর্কিত
স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করলে কি পড়াশোনায় উন্নতি হয়? গবেষণায় যা মিললো
মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’
পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ, বিশ্বের কততম দেশ?
সর্বশেষ খবর
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
যুবদলের এক জেলার শীর্ষ দুই নেতার সব পর্যায়ের পদ স্থগিত
যুবদলের এক জেলার শীর্ষ দুই নেতার সব পর্যায়ের পদ স্থগিত
বজ্রপাত-শিলাবৃষ্টিতে ভেসে গেলো তৃতীয় দিন
বজ্রপাত-শিলাবৃষ্টিতে ভেসে গেলো তৃতীয় দিন
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা