স্কুলে মোবাইলফোন ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করলে শিক্ষার্থীদের পড়াশোনায় সামান্য উন্নতি হয়, যা দীর্ঘ মেয়াদে যোগ হতে পারে। মঙ্গলবার প্রকাশিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এডুকেশন পলিসি রিসার্চের এক বৃহৎ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৬০০টি স্কুলের ৩৩ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে গবেষকরা জানান, মুঠোফোন নিষিদ্ধের ফলে প্রতি শিক্ষাবর্ষে প্রায় এক থেকে দুই সপ্তাহের বাড়তি পড়াশোনার সমান সুফল মেলে।
গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের ৪০টির বেশি অঙ্গরাজ্য স্কুলে মুঠোফোন সীমিত করার আইন পাস করেছে। তবে পড়াশোনায় এর প্রভাব নিয়ে গবেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে। হার্ভার্ডের গবেষণার অন্যতম লেখক অধ্যাপক টমাস কেইন বলেন, আমাদের উত্তর হলো হ্যাঁ, ফোন নিষিদ্ধের ফলে উন্নতিতে ইতিবাচক প্রভাব পড়ে। তবে এটি কোনও জাদুকরী সমাধান নয়।
গবেষণায় বলা হয়, স্মার্টফোন জনপ্রিয় হওয়ার পর থেকে পরীক্ষার ফলে যে বার্ষিক অবনতি ঘটেছে, এই উন্নতি তার প্রায় অর্ধেকের সমান।
তবে গত মে মাসে ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের (এনবিইআর) প্রকাশিত আরেকটি গবেষণায় বলা হয়েছিল, পরীক্ষার ফলাফলে ফোন নিষিদ্ধের প্রভাব প্রায় শূন্যের কাছাকাছি। এনবিইআর গবেষণার লেখক ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্থনীতিবিদ টমাস ডি বলেন, স্কুলে ফোন নিষিদ্ধের প্রাথমিক ফলাফল মূলত হতাশাজনক এবং এটি অমীমাংসিত কিছু প্রশ্ন তৈরি করেছে।
হার্ভার্ডের গবেষণার দীর্ঘমেয়াদি সুফলের বিষয়ে তিনি বলেন, আমি আশা করি তারা সঠিক। তবে মাত্র কয়েক বছরের ফোন নিষেধাজ্ঞার ওপর ভিত্তি করে পাওয়া সামান্য ও সংবেদনশীল অনুমান থেকে এমন সিদ্ধান্তে পৌঁছাতে আমি স্বচ্ছন্দ নই।
তার মতে, স্কুলের বাইরে ফোন ব্যবহার শিশুদের বিকাশে ক্ষতি করছে বলেই এমন হতাশাজনক ফল দেখা যেতে পারে।
এদিকে সান ডিয়েগো স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী জিন টুয়েঞ্জ বলেন, অনেক স্কুলে নিষেধাজ্ঞা থাকলেও শিক্ষার্থীরা ল্যাপটপে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কিংবা লকড পাউচে ডামি ফোন বা ফোনের আকৃতির পাথর রেখে নিয়ম এড়িয়ে যায়। তার ভাষায়, প্রায়ই দেখা যায় স্কুলে সারা দিন ফোন নিষিদ্ধের নীতি রয়েছে, কিন্তু ভেতরে গেলে সব জায়গায় ফোন দেখা যায়।
স্কুলের বাইরে মুঠোফোন ব্যবহারকে ‘বড় প্রশ্ন’ হিসেবে অভিহিত করে হার্ভার্ডের অধ্যাপক টমাস কেইন বলেন, আমার কাছে অবাক লাগে যে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো জানে শিশুরা তাদের প্ল্যাটফর্মে কতটা সময় কাটায়, কিন্তু সেই তথ্য কখনোই শিক্ষার্থীদের ফলাফলের সঙ্গে যুক্ত করা হয়নি। কোম্পানিগুলো তথ্য না দেওয়া পর্যন্ত আমরা এর উত্তর দিতে পারব না।
সূত্র: এপি
চাপ সত্ত্বেও জেনসেন হুয়াংকে ফেরাচ্ছে না এনভিডিয়া
লেখা বা ছবি থেকেই তৈরি হবে অ্যানিমেটেড জিআইএফ