ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ: বাহরাইনে ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ২১:৫৫ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২২:০১

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও পাঁচজনকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, দণ্ডিত ব্যক্তিদের মধ্যে ৬০ জনই শিয়া ধর্মীয় নেতা। সোমবার দেশটির সরকারি কৌঁসুলিরা এ তথ্য জানিয়েছেন।

শিয়া সংখ্যাগরিষ্ঠ বাহরাইন শাসন করছে সুন্নি মুসলিম রাজপরিবার। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতরও রয়েছে। দীর্ঘদিন ধরেই বাহরাইনের কর্তৃপক্ষ দেশটিতে ইরানের প্রভাব বিস্তার নিয়ে উদ্বিগ্ন।

চলতি বছর ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের প্রতিক্রিয়ায় তেহরান বাহরাইনে হামলা শুরু করার পর ইরানের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরে অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ তোলে বাহরাইন। এরপর শিয়া ধর্মীয় নেতাদের বিরুদ্ধে অভিযান জোরদার করে কর্তৃপক্ষ।

রয়টার্সের এ মাসের এক প্রতিবেদনে বলা হয়, মে ও জুন মাসে ৫০ জনের বেশি ধর্মীয় নেতা ও বক্তাকে গ্রেফতার করে বাহরাইন। তাদের বিরুদ্ধে ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সহায়তায় বিদ্রোহ উসকে দেওয়া এবং শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টার অভিযোগ আনা হয়।

বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি (বিআইআরডি) জানিয়েছে, গত ৫ জুলাই শুরু হওয়া বিচার শেষে ৬৪ জনকে যাবজ্জীবন এবং পাঁচজনকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে ৬০ জন শিয়া ধর্মীয় নেতা।

ধর্মীয় নেতাদের আইনজীবীদের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি রায়কে তাদের আশঙ্কার চেয়েও ভয়াবহ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, কোনও আসামিই খালাস পাননি। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি এ কথা বলেন।

বাহরাইনের শীর্ষ শিয়া নেতারও যাবজ্জীবন

বিআইআরডির তথ্য অনুযায়ী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেখ ঈসা কাসিম। আশির কোঠার শেষ দিকে থাকা এই ধর্মীয় নেতা বাহরাইনের শিয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত। ২০১৮ সাল থেকে তিনি ইরানে বসবাস করছেন।

বিআইআরডির অ্যাডভোকেসি পরিচালক সায়েদ আহমেদ আলওয়াদাই বলেন, আশির দশকের শেষভাগে থাকা একজন ব্যক্তিকে এমন অভিযোগে দণ্ডিত করা, যার বাস্তব প্রয়োগের সুযোগ নেই, তা প্রতিশোধমূলক পদক্ষেপ বলেই মনে হয়।

২০১৬ সালে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া, বিদেশি স্বার্থে কাজ করা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য দুর্বল করার অভিযোগে কাসিমের নাগরিকত্ব বাতিল করেছিল বাহরাইন। ওই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয়। মানবাধিকার সংগঠন ও যুক্তরাষ্ট্রও তখন এর সমালোচনা করেছিল।

বিচারপ্রক্রিয়া নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর প্রশ্ন

বাহরাইনের হাইকোর্ট অব ক্রিমিনাল সব আসামিকে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন ও পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত করেছে বলে জানিয়েছে সরকারি কৌঁসুলিরা। অভিযোগ অনুযায়ী, ওই গোষ্ঠীর লক্ষ্য ছিল সরকার উৎখাত করা। কয়েকজন আসামির অনুপস্থিতিতেও বিচার হয়েছে।

কৌঁসুলিরা আসামিদের নির্দিষ্ট সংখ্যা বা তাদের ধর্মীয় পরিচয় উল্লেখ করেননি। তবে তাদের বিরুদ্ধে অনুমতি ছাড়া অর্থ সংগ্রহ এবং মসজিদ, ধর্মীয় বক্তৃতা, দাতব্য ও শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।

কয়েকজন আসামিকে এক লাখ বাহরাইনি দিনার (প্রায় ২ লাখ ৬৫ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। পাশাপাশি দাতব্য কাজে ব্যবহারের জন্য ৮০ লাখের বেশি বাহরাইনি দিনার (প্রায় ২ কোটি ১০ লাখ ডলার) বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বিআইআরডি রায়ের নিন্দা জানিয়ে বলেছে, বিচারপ্রক্রিয়ায় নির্যাতন, জোর করে স্বীকারোক্তি আদায় এবং প্রমাণ দেখার সুযোগ সীমিত করার অভিযোগ রয়েছে। সংগঠনটির দাবি, আইনজীবী ছাড়াই আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং না পড়ে বিবৃতিতে স্বাক্ষর করতে চাপ দেওয়া হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ ২০টি মানবাধিকার সংগঠনও এর আগে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ জানিয়েছিল। তবে সরকারি কৌঁসুলিদের দাবি, আসামিদের আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে। তাদের আইনজীবী উপস্থিত ছিলেন এবং প্রমাণ পরীক্ষা ও সাক্ষীদের জেরা করার সুযোগ দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স 

/এসএইচএম/
সম্পর্কিত
এনভিডিয়া-কন্যা ম্যাডিসন হুয়াংয়ের ব্যতিক্রমী পথচলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
সর্বশেষ খবর
ফরিদপুরে মোটরসাইকেলে অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে কৃষক দল নেতার মৃত্যু
ফরিদপুরে মোটরসাইকেলে অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে কৃষক দল নেতার মৃত্যু
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪
এনভিডিয়া-কন্যা ম্যাডিসন হুয়াংয়ের ব্যতিক্রমী পথচলা
এনভিডিয়া-কন্যা ম্যাডিসন হুয়াংয়ের ব্যতিক্রমী পথচলা
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক