চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আগুন দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটিতে আগুন দেওয়া হয়। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই নিভিয়ে ফেলেছে পুলিশ। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গাড়ি রাখার গ্যারেজটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে আগুন দেওয়া হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, রাতে হঠাৎ বাসার নিচে পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে তারা আগুন নিভিয়ে ফেলেন। আমাদের ধারণা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্ক ছড়াতে ঘটনাটি ঘটিয়েছে।
ওসি বলেন, ভবনটির নিচতলায় কেউ থাকে না। এটি পরিত্যক্ত হিসেবে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে।
ঘটনার পর থেকে ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কয়েক দিন আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা।
একই দিন রাত ১০টার দিকে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসায় তল্লাশি চালায়।
কোতোয়ালি থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, আ জ ম নাছিরের আন্দরকিল্লাস্থ বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি।
এদিকে, নগরের তিনপুলের মাথা ও নন্দনকানন এলাকায় পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন