কী, কেন, কীভাবে

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে কী পেলো রোহিঙ্গারা?

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ২২:২১ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২২:২১

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর শুনানির পর বৃহস্পতিবার এই দীর্ঘ প্রতীক্ষিত রায় ঘোষণা করা হয়। আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া রায় পড়ে শোনান, যা পড়তে সময় লেগেছে তিন ঘণ্টা।

১৫ বিচারকের প্যানেলের মধ্যে ৯ জন মিয়ানমারকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন বলে আদালত জানিয়েছে। বিচারকরা মিয়ানমারের বিরুদ্ধে একটি যুগান্তকারী ক্ষতিপূরণ আদেশের পক্ষেও ভোট দিয়েছেন। আদালতের ভাষ্য, দেশটি দশকের পর দশক ধরে মূলত মুসলিম এই জনগোষ্ঠীকে নিপীড়ন করে আসছে।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত বিশ্ব আদালতের ইতিহাসে এই প্রথম কোনও রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো। রায় চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিল করা যাবে না। মামলাটি ২০১৯ সালে করেছিল গাম্বিয়া।

রায়ে কী বলা হলো

জাপানের বিচারক ইউজি ইওয়াসাওয়ার পড়া রায়ে বলা হয়, রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা করেছে।

রায়ে আরও বলা হয়, গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। সেখানে স্থায়ী কাঠামো তৈরি করে রোহিঙ্গা ছাড়া অন্য জনগোষ্ঠীকে বসতি দেওয়া হয়েছে। সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে এই জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করেছে। উচ্চপদস্থ কর্মকর্তারা রোহিঙ্গাদের সহিংস হুমকি হিসেবে চিত্রিত করে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছেন।

আদালত বলেছে, বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় যারা পালিয়ে গেছেন, তাদের ফিরে আসার সুযোগ খুব কম বা একেবারেই নেই। বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সংঘটিত কর্মকাণ্ড থেকে প্রমাণিত হয়, এই জনগোষ্ঠীর মধ্যে জন্ম প্রতিরোধ করাই ছিল সামরিক বাহিনীর অভিপ্রায়।

আদালত আরও বলেছে, সশস্ত্র বেসামরিক ব্যক্তি ও মিত্র মিলিশিয়ারা রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় গণহত্যার ঝুঁকির কথা মিয়ানমারের সামরিক বাহিনী জানত। ইওয়াসাওয়া বলেন, এভাবে মিয়ানমার গণহত্যা প্রতিরোধের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

মিয়ানমারের প্রতি আদেশ

আইসিজে মিয়ানমারকে সব ধরনের সহিংসতা বন্ধ করার নির্দেশ দিয়েছে। দেশটিকে দায়ীদের তদন্ত করতে হবে, দোষীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না, সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।

আদালত মিয়ানমারকে প্রত্যর্পণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা চালুর নির্দেশও দিয়েছে। এটি এমন একটি বিষয়, যার জন্য মানবাধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। প্রত্যর্পণ-ব্যবস্থার আওতায় মিয়ানমারকে যা করতে হবে:

  • রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের অনুমতি দেওয়া ও তা সহজ করা
  • ক্ষতিগ্রস্ত সব যৌথ সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা প্রতিস্থাপন করা
  • নিখোঁজদের খোঁজে সহায়তা করা এবং যথাযথ দাফন নিশ্চিত করা
  • মানসিকভাবে আঘাতপ্রাপ্তদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করা এবং তাদের নিপীড়ন থেকে সুরক্ষা দেওয়া

ক্ষতিপূরণের পরিমাণ আদালত নির্ধারণ করতে পারেনি। তবে মিয়ানমারকে দুই বছরের মধ্যে একটি পরিকল্পনা-সংবলিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

‘রোহিঙ্গা ও মিয়ানমারের সব মানুষের জন্য বিশাল দিন’

রায় পড়ার সময় হেগের পিস প্যালেসে রোহিঙ্গা বেঁচে যাওয়া ব্যক্তি ও গাম্বিয়ার প্রতিনিধিদলের সঙ্গে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে ছিলেন অধিকার সংগঠন ফোর্টিফাই রাইটসের প্রচারক ম্যাথিউ স্মিথ। তিনি বলেন, এটি রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারের সব মানুষের জন্য একটি বিশাল দিন। তিনি আরও বলেন, এমন একটি মুহূর্তের জন্য মানুষ অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেছে।

স্মিথের মতে, এই রায় গণহত্যার পরিকল্পনাকারী ও নির্বাহকদের ব্যক্তিগতভাবে ফৌজদারি জবাবদিহির আওতায় আনার উদ্যোগে অত্যন্ত প্রয়োজনীয় গতি যোগ করবে।

গাম্বিয়ার প্রধান আইনজীবী ও আইনি প্রতিষ্ঠান ফোলি হোগের অংশীদার আরসালান সুলেমান রায়ের পর বলেন, এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী এবং সামরিক বাহিনীর হাতে সহিংসতার শিকার মিয়ানমারের অগণিত মানুষের জন্য একটি যুগান্তকারী বিজয়। এটি জবাবদিহির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ন্যায়বিচার চেয়ে বছরের পর বছর লড়াই করা ভুক্তভোগী ও বেঁচে যাওয়া মানুষের সাহস ও অধ্যবসায়কে সম্মান জানায়।

রোহিঙ্গাদের জন্য এটি দীর্ঘদিনের প্রত্যাশিত দিন। রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা কিয়াও মিন সাবের রায়ের আগে বলেছিলেন, রোহিঙ্গারা ন্যায়বিচার পাওয়ার এবং মিয়ানমারের ভেতরে ও বাইরে নিরাপদে থাকার আশা করে।

তিনি আরও বলেন, তারা এ-ও আশা করে যে রাখাইন রাজ্যে তাদের আর উচ্ছেদ ও বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হবে না।

আইসিজে কি রায় মানাতে বাধ্য করতে পারে?

আইসিজে নিজে তার রায় কার্যকর করতে পারে না, তবে রায়ের গুরুত্ব আছে। গাম্বিয়া এখন বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে পদক্ষেপ চাইতে পারে।

এই রায় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনে কোনও জাতীয়, নৃগোষ্ঠীগত, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংসের সুনির্দিষ্ট অভিপ্রায় প্রমাণ করতে হয়। এই শর্ত প্রমাণ করা খুবই কঠিন। এ কারণেই আইসিজে এ পর্যন্ত কোনও রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি।

উদাহরণ হিসেবে ২০০৭ সালে আদালত রায় দিয়েছিল, স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব সেনাদের চালানো গণহত্যা প্রতিরোধ বা তার শাস্তি দিতে ব্যর্থ হয়ে সার্বিয়া কনভেনশন লঙ্ঘন করেছে। কিন্তু রাষ্ট্র হিসেবে সার্বিয়া নিজে সেই গণহত্যা ঘটায়নি। অথচ জাতিসংঘের ট্রাইব্যুনালগুলো ব্যক্তিদের গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছিল।

তাই বৃহস্পতিবারের রায় গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

গাম্বিয়ার যুক্তি ও মিয়ানমারের অবস্থান

২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া মিয়ানমারকে হেগের আদালতে নিয়ে যায়। মুসলিমপ্রধান দেশটিকে সমর্থন দেয় ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। গাম্বিয়া নিজেও তখন স্বৈরশাসক ইয়াহিয়া জাম্মেহর দীর্ঘ দমন-পীড়নের পর সবে ঘুরে দাঁড়াচ্ছিল।

তৎকালীন বিচারমন্ত্রী আবুবাকার তাম্বাদুর নেতৃত্বাধীন আইনজীবী দল যুক্তি দেয়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করে গণহত্যা চালিয়েছে।

নোবেল শান্তি পুরস্কারজয়ী সাবেক নেত্রী অং সান সু চি তখন ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে গাম্বিয়ার অভিযোগকে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর বলেছিলেন। পরে ২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।

তবুও ২০২০ সালের জানুয়ারিতে আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। বিশেষজ্ঞেরা একে সু চির প্রতি চমকপ্রদ তিরস্কার বলে অভিহিত করেন।

কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, মালদ্বীপ, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্য—এই ১১টি দেশ মামলাটিকে সমর্থন জানাতে আবেদন করে।

২০২৬ সালের জানুয়ারির শুনানিতে গাম্বিয়ার বর্তমান বিচারমন্ত্রী দাওদা এ জালোর নেতৃত্বাধীন দল আবারও বলে, মিয়ানমারের সামরিক শাসকেরা রোহিঙ্গাদের ধ্বংসের জন্য ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করেছে এবং তা করেছে গণহত্যার অভিপ্রায়ে। গাম্বিয়া আদালতের কাছে অনুরোধ জানায়, রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা যেন মিয়ানমারের ওপর নির্ধারণ করা হয়, দায়ীদের বিচার করতে দেশটির সরকারকে যেন নির্দেশ দেওয়া হয় এবং রোহিঙ্গারা যেন নিরাপদে ফিরতে পারে, তা নিশ্চিত করা হয়।

মিয়ানমার বর্তমানে সামরিক নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইংয়ের অধীনে রয়েছে। তিনিই ওই দমন অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এবং পরে ২০২১ সালের অভ্যুত্থানে ক্ষমতা নেন। তবে মিয়ানমার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির যুক্তি, সশস্ত্র হামলার জবাবে সামরিক বাহিনী তার ক্লিয়ারেন্স অপারেশন চালাতে বাধ্য হয়েছিল।

রোহিঙ্গাদের জন্য রায়ের অর্থ

বেঁচে যাওয়া ব্যক্তি ও অধিকার সংগঠনগুলো বলছে, দশকের পর দশক ধরে চলা কষ্টের পর এই রায় স্পষ্ট স্বীকৃতি। এই রায় সর্বোচ্চ পর্যায়ে ন্যায়বিচার ও জবাবদিহির আইনি ভিত্তি দেয়। এর ফলে রোহিঙ্গারা নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজেদের বাড়িতে ফেরা এবং মিয়ানমার রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে এগোতে পারে।

স্মিথ বলেন, ক্ষতিপূরণসংক্রান্ত বক্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ। আদালতের রায়ের ফলে এখন পক্ষগুলো বিস্তারিত বিষয়ে আলোচনার ভিত্তি পেলো। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ক্ষতিপূরণ হতে হবে ব্যাপক, অর্থবহ এবং রোহিঙ্গা ভুক্তভোগীদের নিজেদের মতামতে গড়া। এটিকে ত্রাণ বা মানবিক সহায়তার সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না এবং এর সঙ্গে অন্যায়ের সরকারি স্বীকৃতি থাকতে হবে।

স্মিথের মতে, পরিকল্পনায় থাকা উচিত বিপুল ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ, বাজেয়াপ্ত জমি ও সম্পত্তি ফেরত, নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, এবং নিরাপদ প্রত্যাবর্তন, চিকিৎসা, ট্রমা-সহায়তা, শিক্ষা ও জীবিকার সুযোগের নিশ্চয়তা।

তিনি বলেন, কোনও অর্থই গণহত্যাকে মুছে ফেলতে পারে না। তবে অর্থবহ ক্ষতিপূরণ এমন মানুষদের অধিকার, মর্যাদা ও কিছুটা ন্যায়বিচার ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে, যারা প্রজন্মের পর প্রজন্ম এই তিনটির কোনোটিই পাননি।

নিরাপদে ফেরা কি সম্ভব?

এটি অত্যন্ত অনিশ্চিত। মিয়ানমার এখন অস্থিরতায় আছে, যা রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর দেশজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। এতে আনুমানিক এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

রাখাইনে সক্রিয় আরেকটি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মূলত বৌদ্ধ-অধ্যুষিত। তারাও রোহিঙ্গাদের লক্ষ্যবস্তু করে। সেনাবাহিনী ও আরাকান আর্মির লড়াই পরিস্থিতি আরও খারাপ করেছে।

গত আগস্টে মিয়ানমার জানায়, তারা বাংলাদেশে থাকা ৩ লাখের বেশি শরণার্থীকে যাচাই করে প্রত্যাবাসনের জন্য নিবন্ধিত করেছে। তবে দেশটি বলেছে, রাখাইনে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পরই কেবল প্রত্যাবাসন শুরু হতে পারে।

ডাবলিনের ট্রিনিটি কলেজের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও আইসিজের সাবেক আইনি কর্মকর্তা মাইকেল বেকার রায়ের আগে বলেছিলেন, গণহত্যার রায় রোহিঙ্গাদের ক্ষতির আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেও স্বল্প মেয়াদে তাদের জন্য হয়তো খুব বেশি কিছু করবে না।

তিনি বলেন, আইসিজে যদি সুদূরপ্রসারী প্রতিকারের আদেশও দেয়, মিয়ানমারের মাটিতে রাজনৈতিক পরিস্থিতি এমন নয় যে শিগগির সেই প্রতিকার বাস্তবায়ন করা যাবে।

এরপর কী?

এখন সবার নজর, মিয়ানমার আইসিজের রায় বাস্তবায়ন করবে কি না এবং করলে কীভাবে। দেশটিকে ২০২৮ সালের নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দিতে হবে।

কিয়াও মিন সাবের বলেন, বেঁচে যাওয়া ব্যক্তিরা চান, রোহিঙ্গাদের পাশে থাকা রাষ্ট্রগুলো যেন মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ বজায় রাখে, যাতে সেনাবাহিনী ও আরাকান আর্মির চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ হয়।

তার মতে, গাম্বিয়া, ওআইসি এবং মামলাটিকে সমর্থন দেওয়া সব দেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা ও ন্যায়বিচারের সন্ধানে সমর্থন চালিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। এর মধ্যে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপালসহ অন্য যেসব দেশে রোহিঙ্গা শরণার্থীরা দুর্ব্যবহার, ইচ্ছামতো আটক ও ফেরত পাঠানোর ভয়ের মুখে আছেন, তারাও রয়েছেন।

তিনি বলেন, তাদের প্রতিশ্রুতি আদালতের কার্যক্রমের বাইরেও প্রসারিত হওয়া উচিত এবং যতক্ষণ না রোহিঙ্গারা পূর্ণ সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নিরাপদে মিয়ানমারে ফিরতে পারছে, ততক্ষণ তা অব্যাহত থাকা উচিত।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
আমিরাতি রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ সোমালিয়ার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বর্তমান সংসদ: স্পিকার
গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বর্তমান সংসদ: স্পিকার
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের
রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ