সাফল্যটা মূল্য পায়নি, অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১৯:৪৩ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৯:৪৩

১৯৭১ সালে বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ হিসেবে যাত্রা শুরু করা বাংলাদেশ কয়েক দশকে মাথাপিছু আয় চার গুণ বাড়িয়েছে এবং চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক হয়েছে। ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশের তালিকা ছাড়ার কথা থাকলেও জাতিসংঘের কাছে আবেদন করে তিন বছর সময় বাড়িয়ে নিয়েছে দেশটি, কারণ সেই অগ্রগতির পর এখন আবার অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। দ্য ইকোনমিস্ট-এর ‘বাংলাদেশ, অ্যান আন্ডারএপ্রিশিয়েটেড সাকসেস, ফেসেস অ্যান ইকনোমিক ক্রাইসিস’ শিরোনামে প্রতিবেদনে সেই সংকটের কারণ ও সামনের করণীয় তুলে ধরা হয়েছে, যার অনুবাদ বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশ। ইউরোপের যেকোনও দেশের চেয়ে বেশি। ২৪ নভেম্বর দেশটির কোটি কোটি মানুষের জন্য একটি নতুন মর্যাদা অর্জনের কথা ছিল। বাংলাদেশের পরিচয় আর স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে থাকার কথা ছিল না। জাতিসংঘের এই শ্রেণিবিন্যাসের আওতায় দরিদ্র দেশগুলো স্বল্প সুদে উন্নয়ন ঋণ এবং উন্নত দেশগুলোর বাজারে কম শুল্কে পণ্য রফতানির সুযোগ পায়।

বাংলাদেশ এই অর্জন উদযাপনের জন্য প্রস্তুত ছিল। যদিও শার্ট কিংবা স্কার্ট (তৈরি পোশাক) রফতানিকারকদের জন্য কিছু প্রতিযোগিতামূলক সুবিধা হারানোর আশঙ্কা ছিল এতে। কিন্তু বৈশ্বিক উন্নয়নের সূচকে এক ধাপ এগিয়ে যাওয়া এমন একটি দেশের জন্য গর্বের বিষয়, যে দেশের গর্ব করার মতো অর্জন অনেক।

সাফল্যটা মূল্য পায়নি, অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট

১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম। সে সময় বাংলাদেশ ছিল বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ। এরপর থেকে দেশটির মাথাপিছু আয় বেড়েছে চার গুণ। শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে। প্রায় সব শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত হয়েছে এবং চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশে পরিণত হয়েছে।

কিন্তু উদযাপনের সেই আয়োজন পিছিয়ে গেছে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করলেও জাতিসংঘের কাছে তিন বছর সময় বাড়ানোর আবেদন জানায়। গত মাসে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এই অতিরিক্ত সময় বাংলাদেশের জন্য এখন অত্যন্ত প্রয়োজন। কয়েক দশকের ধারাবাহিক অগ্রগতির পর দেশটি এখন আবার অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে।

এই সংকটের জন্য আংশিকভাবে দায়ী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত ‘জেন-জি বিপ্লব’-এর মাধ্যমে তার সরকারের পতন ঘটে। এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিপ্লবের আগে শেখ হাসিনার ঘনিষ্ঠভাজনরা বাংলাদেশের ব্যাংকগুলো থেকে বিপুল অর্থ লুটপাট করেন। এর ফলে ব্যাংকগুলোর ঋণ-পোর্টফোলিওর প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদে পরিণত হয়েছে।

২০২৪ সালে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তবে কর্মকর্তাদের দাবি, গুরুত্বপূর্ণ তৈরি পোশাকশিল্পে ধর্মঘট এবং পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডের পেছনে তার দল আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। দলটির হাতে অবৈধভাবে অর্জিত অর্থের মজুত রয়েছে এবং রাস্তায় সহিংসতা চালানোর মতো কর্মীও রয়েছে। শেখ হাসিনা নির্বাসন থেকে দেশে ফিরলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের ঘটনায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় হলেও তিনি ডিসেম্বরে দেশে ফেরার অঙ্গীকার করেছেন।

তবে বাংলাদেশের সব সমস্যার জন্য শেখ হাসিনাকে দায়ী করা যায় না। কিছু সমস্যার উৎস দেশের বাইরেও। ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় চলতি বছর অনেক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবি জানান। অথচ কারখানার মালিকদের জন্য সেই বাড়তি মজুরি দেওয়া তখন সবচেয়ে কঠিন হয়ে পড়ে। এর ফলে ধর্মঘটের পরিস্থিতি তৈরি হয়।

নতুন সরকার মূল্যস্ফীতি ও দুর্নীতি মোকাবিলায় ধীরগতিতে এগোচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে আচরণের ক্ষেত্রেও সরকার যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারেনি।

এখন বাংলাদেশ দীর্ঘস্থায়ী মন্দার ঝুঁকিতে রয়েছে। ২০২২ সালের মাঝামাঝি রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি তীব্র আকার ধারণ করে। এরপর থেকে বাংলাদেশে মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ওপরে রয়েছে। অন্যদিকে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কোভিড-১৯ মহামারির সময়কার পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। ২০২৫ সালে প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ, যা আগে প্রায় ৬ শতাংশ ছিল। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দেশে দারিদ্র্য বাড়ছে। এতে বাংলাদেশের অসাধারণ উন্নয়নযাত্রার কিছু অর্জন হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান কারণ ছিল মানসম্মত কর্মসংস্থানের অভাব। সেই সংকট এখনও কাটেনি।

তবে আপাতত বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য বা ব্যালান্স অব পেমেন্টস সংকটে পড়ার আশঙ্কা কম। বিদেশি ঋণদাতাদের কাছে ঋণ পরিশোধের পরিমাণ বাড়লেও প্রবাসী আয় ও তৈরি পোশাক রফতানি থেকে অর্জিত বৈদেশিক আয়ের তুলনায় তা এখনও কম থাকবে। বরং দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বল হয়ে পড়াটাই এখন মূল সমস্যা।

চলতি বছর ঋণের সুদ ও আসল পরিশোধের ব্যয় জিডিপির ৩ শতাংশে পৌঁছাতে পারে, যা সরকারি অর্থব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। বাংলাদেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৭ শতাংশের কাছাকাছি।

আর এই সব পরিপ্রেক্ষিতে এখন সবচেয়ে জরুরি কাজ হলো দেশের ব্যাংকিং খাতের সংকট কাটিয়ে ওঠা। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বিদেশি ঋণদাতারা যদি ব্যাংকগুলোকে পুনরুদ্ধারে সরকারকে সহায়তা করতে চায়, তাহলে তারা ব্যয়বহুল ও অর্থনীতিতে গণ্ডগোল তৈরি করার মতো ভর্তুকি কমানোর শর্ত দিয়ে বসতে পারে। এমন পদক্ষেপ জনসাধারণের মধ্যেও ব্যাপক অসন্তোষ তৈরি করবে।

এখন বাংলাদেশের উচিত এই তিন বছরের বাড়তি সময়কে কাজে লাগিয়ে এমন সব সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া, যা দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সহায়তা করবে। সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে। পাশাপাশি অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারানোর আগেই বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনে জোর দিতে হবে। ঠিক যেমনটা এখন প্রতিবেশী ভারত করছে।

চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসা এবং একটি কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটানোই বাংলাদেশের যাত্রার শেষ নয়, এটি শুরু মাত্র।

/এএ/
সম্পর্কিত
রোহিঙ্গা ইস্যুতে ‘ব্যাপক সমাধান’ চায় চীন, আইসিজের এখতিয়ার নিয়ে উদ্বেগ
ছাত্রীদের ক্লাস থেকে পুরুষ শিক্ষক বাদ, উত্তাল ইরাকের বিশ্ববিদ্যালয়
পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র, ‘উসকানি’ বলছে ওয়ারশ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়: রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন কেমন কাটলো তারেক রহমানের
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন কেমন কাটলো তারেক রহমানের
রোহিঙ্গা ইস্যুতে ‘ব্যাপক সমাধান’ চায় চীন, আইসিজের এখতিয়ার নিয়ে উদ্বেগ
রোহিঙ্গা ইস্যুতে ‘ব্যাপক সমাধান’ চায় চীন, আইসিজের এখতিয়ার নিয়ে উদ্বেগ
অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন জামায়াতের আমির
অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন জামায়াতের আমির
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ