দুই বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বস্তির মধ্যেই পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদ। তাদের সঙ্গে চুক্তির তালিকায় জায়গা হারিয়েছেন সাইম আইয়ুব, নোমান আলী ও হাসান আলীর মতো পরিচিত ক্রিকেটাররাও। নতুন কাঠামোয় জায়গা পেয়েছেন মোট ৩৮ জন।
শনিবার নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। এর আগের দিন রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। দুই বছর পর টেস্ট সিরিজ জয়ের পরপরই কেন্দ্রীয় চুক্তিতে এই রদবদল সামনে এনেছে বোর্ড।
নতুন খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া এবং ক্রিকেটারদের নির্দিষ্ট সংস্করণে মনোযোগী করতেই ফরম্যাটভিত্তিক চুক্তির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা নতুন খেলোয়াড়দের পরীক্ষা করে দেখছি। এই চুক্তিগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে ক্রিকেটাররা নিজেদের নির্দিষ্ট ফরম্যাটে মনোযোগ দিতে পারে।’
গত বছর ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তানের টেস্ট দলেও বড় পরিবর্তন আনা হয়। দ্বিতীয় টেস্টের পর সাত ক্রিকেটারকে দেশে পাঠানো হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল প্রধান কোচ সরফরাজ আহমেদকে। পরে সাদা বলের দলের কোচ মাইক হেসনকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে নবম তথা তলানিতে থাকা পাকিস্তানকে ঘুরে দাঁড় করানোর লক্ষ্যেই এই উদ্যোগ।
রিজওয়ান ও শান মাসুদের পাশাপাশি চুক্তি থেকে বাদ পড়েছেন সাদা বলের বিশেষজ্ঞ সাইম আইয়ুব, স্পিনার নোমান আলী ও পেসার হাসান আলী। সব মিলিয়ে আগের তালিকা থেকে বাদ পড়েছেন ১২ ক্রিকেটার।
নতুন চুক্তির শীর্ষ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন টেস্ট অধিনায়ক বাবর আজম ও সম্প্রতি টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানো সালমান আগা। চুক্তির বিভিন্ন ক্যাটাগরির ব্যাখ্যা দিয়ে আকিব জাভেদ বলেন, ‘এবি ক্যাটাগরি টেস্ট ও ওয়ানডের খেলোয়াড়দের জন্য, এ ক্যাটাগরি শুধু টেস্টের জন্য, বিসি ক্যাটাগরি ওয়ানডে ও টি-টোয়েন্টির খেলোয়াড়দের জন্য। সি ক্যাটাগরি টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের এবং ডি ক্যাটাগরি উদীয়মান পর্যায়ের খেলোয়াড়দের জন্য।’
নতুন চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত। গত জুনে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে পাকিস্তানের ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির বাইরে ছিলেন।