২০২৫ সালে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে ৫ নারী খুন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৪:১৫ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৪:১৫

২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের প্রকাশিত নতুন তথ্যে এ চিত্র উঠে এসেছে; যা গড়ে প্রতি ঘণ্টায় ৫ জন বা দিনে ১২৯ জন নারী ও কন্যাশিশুর মৃত্যুর সমান।

নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে প্রকাশিত ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’-এ বলা হয়েছে, নারী ও কন্যাশিশুদের জন্য এখনও সবচেয়ে অনিরাপদ স্থান হলো নিজ ঘর এবং এই চিত্রে বছরের পর বছর তেমন কোনও পরিবর্তন আসেনি। ২০২৫ সালে মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু হত্যাকাণ্ডের ৬০ শতাংশই ঘটিয়েছেন তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের কোনও অঞ্চলেই নারী ও কন্যাশিশুরা এই ধরনের হত্যাকাণ্ড থেকে নিরাপদ নয়। সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে নারী হত্যার হারের দিক থেকে আফ্রিকা মহাদেশ সবচেয়ে এগিয়ে প্রতি এক লাখ নারী জনসংখ্যার বিপরীতে সেখানে ২ দশমিক ৯ জন শিকার হন। এরপর রয়েছে আমেরিকা (১ দশমিক ৪ জন), ওশেনিয়া (১ দশমিক ১ জন), এশিয়া (০ দশমিক ৬ জন) এবং ইউরোপ (০ দশমিক ৫ জন)।

ইউএনওডিসি-এর নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, দীর্ঘদিন ধরে আমরা উদ্বেগজনক পরিসংখ্যান দেখছি। ভীতিকর মনোভাব, সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থার ব্যর্থতা এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে স্ত্রী, কন্যা, মা বা বোনকে হত্যা করা সহনীয় হয়ে ওঠে। এই বাস্তবতা বদলাতে সমাজের সর্বস্তরে টেকসই পদক্ষেপ প্রয়োজন। তিনি ক্ষতিকর মনোভাব ও আচরণ পরিবর্তনে প্রতিরোধমূলক কৌশল জোরদার এবং পারিবারিক সহিংসতার অপরাধীদের মোকাবিলায় বিশেষায়িত কর্মসূচিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, নারী হত্যা খুব কম ক্ষেত্রেই বিচ্ছিন্ন কোনও ঘটনা হয়; বরং এটি অনেক সময় দীর্ঘদিনের সহিংসতা, হুমকি ও নির্যাতনের চূড়ান্ত পরিণতি, যা আগেভাগেই থামানো যেত। অথচ নানা বাধার কারণে শারীরিক বা যৌন সহিংসতার শিকার অধিকাংশ নারীই পরিবার, সমাজ বা কর্তৃপক্ষের কাছে সাহায্য চান না। ফলে অনেকেই সুরক্ষাহীন থেকে যান এবং অপরাধীরা সারাজীবন বিচারের বাইরে থেকে যায়।

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহুস বলেন, দেরি হয়ে যাওয়ার আগেই নারীরা যাতে নিরাপদে সহিংসতার অভিযোগ করতে পারেন, সুরক্ষা পান এবং সহায়তা লাভ করেন, তা আমাদের নিশ্চিত করতে হবে। সতর্কবার্তাগুলো উপেক্ষিত হলে, যথাযথ তদন্ত না হলে এবং অপরাধীদের বিচারের আওতায় না আনলে তার পরিণতি প্রাণঘাতী হতে পারে।

বিশ্বজুড়ে সাধারণ হত্যাকাণ্ডের হার কমলেও নারী হত্যার হার কমার গতি অনেক ধীর। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকা অঞ্চলে সাধারণ হত্যাকাণ্ড কমার হার নারী হত্যা কমার হারের প্রায় দ্বিগুণ এবং ইউরোপে প্রায় দেড় গুণ ছিল।

আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান ‘১৬ ডেইজ অব অ্যাক্টিভিজম’ কর্মসূচির মাধ্যমে ইউএন উইমেন ও ইউএনওডিসি সরকার, বেসরকারি খাত, জাতিসংঘ ব্যবস্থা, গণমাধ্যম, নারী সংগঠন এবং বেঁচে ফেরা নারীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে। এবারের প্রতিপাদ্য হলো ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতিতদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’।

প্রতিবেদনের নোট অনুযায়ী, ২০২৫ সালে পারিবারিক পরিমণ্ডলে ৪৭ হাজার নারী ও কন্যাশিশু নিহত হওয়ার সংখ্যাটি ২০২৪ সালের ৫০ হাজারের অনুমিত হিসাবের চেয়ে কম হলেও এটি প্রকৃতপক্ষে মৃত্যুর হার কমার ইঙ্গিত দেয় না; বরং দেশভিত্তিক তথ্য প্রাপ্তির মানোন্নয়নের কারণে এই পার্থক্য দেখা গেছে।

এদিকে, প্রতিদিনের এই প্রাণহানির চিত্র দৃশ্যমান করতে নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ১২৯টি কমলা পতাকার একটি স্থাপনা তৈরি করেছে ইউএন উইমেন, যার প্রতিটি পতাকা প্রতিদিন নিহত একজন নারী বা কন্যাশিশুর প্রতীক।

সূত্র: ইউএন উইমেন

/এসএইচএম/
সম্পর্কিত
আগামী বছর থেকে বাড়তে পারে এইচআইভি সংক্রমণ: জাতিসংঘ
ইউরোপগামী নৌযানসহ নিখোঁজ ১৭৫ অভিবাসনপ্রত্যাশী
বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম
বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম
হাতে ১৪ ঘণ্টা, তবু কেন বিমানবন্দর ছেড়ে শহর ঘোরা যাবে না?
হাতে ১৪ ঘণ্টা, তবু কেন বিমানবন্দর ছেড়ে শহর ঘোরা যাবে না?
নারীর পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪
নারীর পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪
আগামী বছর থেকে বাড়তে পারে এইচআইভি সংক্রমণ: জাতিসংঘ
আগামী বছর থেকে বাড়তে পারে এইচআইভি সংক্রমণ: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স