মহাকাশে প্রথমবারের মতো নভোচারী পাঠানোর ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলো পাকিস্তান। দেশটির বিমানবাহিনীর পাইলট মোহাম্মদ জিশান আলী চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া ‘শেনঝৌ-২৪’ অভিযানে যোগ দিয়েছেন। চীনের মানবচালিত মহাকাশ কর্মসূচিতে দেশীয় ও বিদেশি নভোচারীদের যৌথ অংশগ্রহণের এটিই প্রথম যাত্রা।
চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। ৪০ বছর বয়সী জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই-এর সঙ্গে এই অভিযানে রয়েছেন। কক্ষপথে পৌঁছানোর পর প্রায় সাড়ে তিন ঘণ্টার দ্রুত ও স্বয়ংক্রিয় কার্যক্রমের মাধ্যমে মহাকাশযানটি তিয়ানগংয়ের মূল মডিউল ‘তিয়ানহে’-এর সামনের অংশে যুক্ত হওয়ার কথা রয়েছে।
চীনের মানবচালিত মহাকাশ সংস্থার (সিএমএসএ) মুখপাত্র ঝাং জিংবো জানিয়েছেন, মহাকাশ স্টেশনে জিশান আলীর অবস্থান খুব দীর্ঘ হবে না। সংক্ষিপ্ত যৌথ অভিযানের পর তিনি ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন, আর ওই অভিযানের সদস্য ঝু ইয়াংঝু এক বছর কক্ষপথে অবস্থান করবেন। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পারকোর তথ্য অনুযায়ী, জিশান আলী মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন।
উৎক্ষেপণের আগে সংবাদ সম্মেলনে জিশান আলী বলেন,“আমি নিজের জন্য উড়ছি না। কাঁধে পাকিস্তানের নাম এবং ২৫ কোটি মানুষের প্রত্যাশা নিয়ে যাচ্ছি। তার পাশাপাশি পাকিস্তানের অপর বিমানবাহিনী পাইলট খুররম দাউদও ব্যাকআপ নভোচারী হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। আগামী ২০২৮ সালে চীনের সঙ্গে যৌথ চন্দ্রাভিযানে যাওয়ার প্রাথমিক পরিকল্পনাও রয়েছে পাকিস্তানের।
কক্ষপথে গবেষণা ও চীনা ভাষার চ্যালেঞ্জ
সিএমএসএ মুখপাত্র ঝাং জানান, দৈনন্দিন কাজের পাশাপাশি জিশান আলী মূলত চীন-পাকিস্তান যৌথ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা তদারকি করবেন। এই মিশনে জৈবপ্রযুক্তি ও পদার্থবিজ্ঞান সংক্রান্ত চারটি যৌথ গবেষণা প্রকল্প রয়েছে, যার মধ্যে সালোকসংশ্লেষণকারী অণুজীব ‘সায়ানোব্যাকটেরিয়া’ নিয়ে একটি পরীক্ষাও অন্তর্ভুক্ত। স্পারকোর মতে, মহাকাশ স্টেশনে এক সপ্তাহ অবস্থানকালে এসব পরীক্ষা শুরু ও যন্ত্রপাতি স্থাপনের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হবে; পুরো গবেষণা শেষ হতে ছয় থেকে ১২ মাস সময় লাগবে।
নভোচারী হিসেবে প্রস্তুত হতে জিশান ও খুররমকে সেন্ট্রিফিউজ, জরুরি উদ্ধার মহড়া এবং নতুন ভাষা শেখার কঠিন প্রশিক্ষণ নিতে হয়েছে। জিশান আলী জানান, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কারিগরি চীনা ভাষা আয়ত্ত করা, কারণ সব সুইচ, সফটওয়্যার ও নির্দেশনা চীনা ভাষায় রয়েছে।
কূটনৈতিক ও ভবিষ্যৎ সম্ভাবনা
চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তিতে এই অভিযান দুই দেশের ঘনিষ্ঠতার নতুন প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ২০১১ সালের মার্কিন আইনের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বাদ পড়ার পর চীন নিজস্ব মহাকাশ স্টেশন গড়ে তোলে। ভবিষ্যতে চন্দ্রাভিযান ও মঙ্গলে যাওয়ার পথে এই যাত্রাকে একটি ‘লঞ্চপ্যাড’ হিসেবে দেখছেন জিশান আলী।
সূত্র: আল জাজিরা
অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে মেয়েকে হত্যা, ইরানে গ্রেফতার বাবা-মা
ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদে চুরির চেষ্টা, গ্রেফতার ২