মৌসুমের শুরুতেই তীব্র ও অস্বাভাবিক শৈত্যপ্রবাহের কবলে পড়েছে ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। উভয় অঞ্চলের অধিকাংশ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের কয়েক ডিগ্রি নিচে নেমে গেছে। কাশ্মীর উপত্যকার শোপিয়ানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং লাদাখের দ্রাসে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।
গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরেও চলতি মৌসুমের শীতলতম রাত পার হয়েছে; সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে প্রায় ২ ডিগ্রি কম। শ্রীনগর বিমানবন্দর এলাকায় পারদ আরও নেমে মাইনাস ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।
তাপমাত্রার এই আকস্মিক পতনে সকালের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ঘরের ছাদ এবং খোলা জায়গা তুষারে ঢেকে গেছে। তীব্র শীত মোকাবিলায় স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক হিটারের পাশাপাশি ঐতিহ্যবাহী পশমি পোশাক ফেরান এবং মাটির পাত্রে কয়লার আগুন রাখার বিশেষ যন্ত্র ‘কাংরি’ ব্যবহার শুরু করেছেন।
দক্ষিণ কাশ্মীরে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে, যেখানে উপত্যকার শীতলতম জনবসতিপূর্ণ এলাকা হিসেবে উঠে এসেছে শোপিয়ান। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩ দশমিক ৬ ডিগ্রি, পুলওয়ামায় মাইনাস ৩ দশমিক ৫ ডিগ্রি, অনন্তনাগে মাইনাস ২ দশমিক ৮ ডিগ্রি, কাজিগুন্দে মাইনাস ২ দশমিক ৪ ডিগ্রি, কুলগামে মাইনাস শূন্য দশমিক ৪ ডিগ্রি এবং কোকেরনাগে মাইনাস শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ও মধ্য কাশ্মীরেও তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি বা তার নিচে অবস্থান করছে। বদগাম ও অবন্তীপুরায় মাইনাস ২ দশমিক ৪ ডিগ্রি, কুপওয়ারায় মাইনাস ২ ডিগ্রি, বান্দিপোরায় মাইনাস ১ দশমিক ৫ ডিগ্রি, গান্দারবালে মাইনাস শূন্য দশমিক ৫ ডিগ্রি এবং বারামুল্লায় মাইনাস শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া গুলমার্গে শূন্য ডিগ্রি এবং সোনমার্গে শূন্য দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
লাদাখের উঁচু এলাকাগুলোতে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বেশি, যেখানে পানির উৎসগুলো জমে বরফ হয়ে গেছে এবং মানুষের ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। দ্রাসে মাইনাস ১০ দশমিক ৪ ডিগ্রির পর নিওমায় মাইনাস ৯ দশমিক ৮ ডিগ্রি, লেহ-তে মাইনাস ৮ দশমিক ৬ ডিগ্রি এবং কার্গিলে মাইনাস ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, জম্মু বিভাগে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা সহনীয় রয়েছে। বিভাগের ভাদেরওয়াহতে সর্বনিম্ন ৩ দশমিক ২ ডিগ্রি, উধমপুরে ৬ ডিগ্রি, পুঞ্চে ৬ দশমিক ১ ডিগ্রি, সাম্বায় ৭ দশমিক ৪ ডিগ্রি, রিয়াসিতে ৭ দশমিক ৫ ডিগ্রি এবং জম্মু শহরে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জম্মু, কাশ্মীর ও লাদাখের কোথাও কোনও বৃষ্টিপাত বা তুষারপাত হয়নি। আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকার কারণেই রাতের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই অঞ্চলগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং উল্লেখযোগ্য কোনও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দিল্লির ক্যাফেতে সহকর্মীদের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩
উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’