ব্যবসায়ীদের কাছে ভ্যাট সরকারের পবিত্র আমানত: এনবিআর চেয়ারম্যান

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানদেশপ্রেম, দায়িত্ববোধ ও রাষ্ট্রের প্রতি দরদ থেকে ভ্যাট প্রদানের আহ্বান জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, ব্যবসায়ীদের কাছে ভ্যাট সরকারের পবিত্র আমানত। জাতীয় ভ্যাট সপ্তাহের সমাপনী দিন বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিংমল সরেজমিনে পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
ব্যবসায়ীদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন অভিযাত্রা সুসংহত করার জন্য রাজস্ব সংগ্রহের কাজ করছি। রাজস্ব বোর্ডের তিনটি বিভাগ জনগণ ও ব্যবসায়ীদের কাছে যাচ্ছে। এটাই হচ্ছে নতুন এনবিআরের আকর্ষণ। ব্যবসায়ীদের আর এনবিআরে যেতে হবে না, এনবিআরই ব্যবসায়ীদের দুয়ারে যাবতীয় সেবা পৌঁছাবে।’
ব্যবসায়ীদের দেশপ্রেম, দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি দরদ থেকে ভ্যাট সংগ্রহ করে সঠিকভাবে জমা দিয়ে উন্নয়নের অক্সিজেন রাষ্ট্রের গতিশীলতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভ্যাট সংগ্রহে এনবিআরকে ব্যবসায়ীরা সহায়তা করেছেন। ব্যবসায়ীরা যে ভ্যাট সংগ্রহ করে তা জনগণ, সরকার ও রাষ্ট্রের পবিত্র আমানত। সব সময় সেবা দেওয়ার জন্য একটি ডিজিটাল এনবিআর গড়ে তোলা হচ্ছে। এর ফলে ব্যবসায়ীরা দোকানে বসে অনলাইন পদ্ধতিতে বিনা খরচে এনবিআরের বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।’
অনুষ্ঠানে এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সুলতান মো. ইকবাল, রেজাউল হাসান, ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার কাজী মো. মোস্তাফিজুর রহমান, বসুন্ধরা শপিংমলের ইনচার্জ টিআইএম লতিফুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শপিংমল দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ।

উল্লেখ্য, বিপুল উৎসাহ, উদ্দীপনায় সব বিভাগীয় শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা শহরে ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলে ‘জাতীয় ভ্যাট সপ্তাহ, ২০১৬’। ভ্যাট সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’-এ স্লোগানে পালন করে ‘জাতীয় ভ্যাট দিবস ২০১৬’।

/এসআই/এমও/