বুধবার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়কর মেলা-২০১৭ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। সপ্তাহব্যাপী এই আয়কর মেলা ৭ নভেম্বর পর্যন্ত চলবে ঢাকাসহ সব বিভাগীয় শহরে। ৫৬টি জেলা শহরে মেলা হবে চার দিন, ৩৪টি উপজেলায় দু’দিন এবং ৭১টি উপজেলায় একদিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই ধারাবাহিকতায় বুধবার ১৮টি জেলা ও ২টি উপজেলাসহ ২০টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, মেলায় গত বছরের চেয়ে এবার ১৬ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ৭৪৬ টাকা বেশি আয়কর সংগৃহীত হয়েছে। গত বছরের প্রথম দিনে আয়কর জমা হয়েছিল ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা। যা প্রবৃদ্ধির হার হচ্ছে ৮ দশমিক ৬৬ শতাংশ ।
এছাড়া, গতবারের চেয়ে এবার প্রথম দিনে ১৯ হাজার ৮২০ জন বেশি করসেবা গ্রহণ করেছেন এবং সেবা নিয়েছেন ৭৯ হাজার ১১২ জন। আর গত বছর প্রথম দিন সেবা নিয়েছিলেন ৫৯ হাজার ২৯২ জন।
এ বছর মেলার প্রথম দিনে রিটার্ন জমা পড়েছে ৩১ হাজার ৪১টি। যা গত বছরের চেয়ে ১৪ হাজার ৯৫৫টি বেশি। গত বছর এর পরিমাণ ১৬ হাজার ৮৬টি, যা প্রবৃদ্ধির হার হচ্ছে ৯২ দশমিক ৯৭ শতাংশ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান এবারের মেলায় ৩ হাজার কোটি টাকার বেশি আয়কর আহরণ হবে বলে আশা করে বলেন, ‘গত আট বছরের মেলায় প্রায় ৮ গুন আয়কর আহরণ বৃদ্ধি পেয়েছে। প্রথম বছর ৬০ হাজার ৫০০ জন করসেবা নিয়েছেন। আর ২০১৬ সালে করসেবা নিয়েছেন ৯ লাখ ২৮ হাজার লোক। এবারের মেলায় সেবাগ্রহীতার সংখ্যা ১২ থেকে ১৩ লাখ ছাড়িয়ে যাবে।’ এবার মেলায় সেবার পরিধি বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে।’ এসময় প্রত্যেক করদাতাকে একটি করে পিন কোড দেওয়ার জন্য এনবিআরকে অনুরোধ জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘উন্নত দেশে পিন নম্বর দিয়ে মানুষকে শনাক্ত করা হয়। আমাদের দেশে করদাতাদের একটি পিন কোড দিয়ে আমরা শনাক্ত করতে চাই। এটাকে আমরা ট্যাক্স পেমেন্ট পিন হিসেবে আখ্যায়িত করবো। সব করদাতাকে একটি করে পিন কোড দেওয়া হবে। খুব শিগগিরই এনবিআর থেকে করদাতাদের এ পিন কোড দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে করদাতাদের একটি ইনকাম ট্যাক্স আইডি কার্ড দিচ্ছি। ঢাকা, চট্টগ্রামে আয়কর মেলায় এ কার্ড দেওয়া হচ্ছে। এবারের মেলায় যেসব পরিবারের সব সদস্য আয়কর যোগ্য এবং সবাই কর প্রদান করেন, তাদের কর বাহাদুর পরিবার হিসেবে সম্মাননা দেওয়া হবে।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে সারাদেশে ৮৪টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে। তাদের ৮ নভেম্বর সম্মাননা দেওয়া হবে। আমরা একটি পরিবার পেয়েছি, যে পরিবারটি ৫৮ বছর ধরে কর দিয়ে আসছে।’