তৈরি পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেছেন, মজুরি বোর্ড গঠনের পরও কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। চাপের মুখে অযৌক্তিক মজুরি ঘোষণার পরিবেশ তৈরি করতেই এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে তারা মনে করছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহমুদ হাসান খান বলেন, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হয়েছে। অথচ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই। গত মাসে যা হয়েছে, সেটিকে যদি যৌক্তিক বলা হয়, তাহলে বর্তমানে যা চলছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। মজুরি বোর্ড গঠিত হয়ে গেছে।
তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কবে থেকে বাড়তি মজুরি কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও অরাজক পরিস্থিতি তৈরি করার অর্থ হলো, চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার পরিবেশ তৈরি করা।
চলমান অস্থিরতায় সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১৪৭টি কারখানা চেষ্টা করেও উৎপাদন সচল রাখতে পারছে না বলে জানান বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, শনিবারও এসব এলাকার ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। এ ছাড়া ৯২টি কারখানা উৎপাদন শুরুর চেষ্টা করেও ব্যর্থ হয়ে ছুটি দিতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, যেসব কারখানা নিয়মিত উৎপাদন চালাতে পারছে, সেগুলো শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ করার কোনো বিধান নেই। তবে শত চেষ্টা করেও যেসব কারখানা এক ঘণ্টার বেশি উৎপাদন চালাতে পারছে না, নিরাপত্তা ও পরিবেশের অভাবে সেসব কারখানা দেশের যেকোনো অঞ্চলে আইনগতভাবেই বন্ধ রাখার অধিকার মালিকদের রয়েছে।
শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় রবিবার থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলোর মালিক চাইলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে পারবেন বলেও জানান তিনি। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
অরাজকতা কারা করছেন, তা চিহ্নিত করা বিজিএমইএর পক্ষে সম্ভব নয় উল্লেখ করে মাহমুদ হাসান খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজ করছে। যারা অরাজকতা করছেন, তারা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নেটওয়ার্কের মধ্যে এসেছেন।
এর আগে শনিবার সকালে বিজিএমইএ কার্যালয়ের মিলনায়তনে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের নিয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি তৈরি পোশাক কারখানার মালিক অংশ নেন।
সভায় সদস্যদের মতামত তুলে ধরে মাহমুদ হাসান খান বলেন, কারখানায় ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধের মতো ঘটনা চলতে থাকলে একই সময়ে মজুরি বোর্ডে আলোচনা চালানোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়। তবে দায়িত্বশীল অংশ হিসেবে তারা আগামী ১৬ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশ নেবেন। আগামী এক থেকে দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পরিস্থিতির উন্নতি না হলে আবারও বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
আগামী সোমবার মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলেও জানান বিজিএমইএ সভাপতি। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।