ইসলামি ব্যাংকগুলোর তারল্য বাড়াতে ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়া হবে

ইসলামি ব্যাংকগুলোর তারল্য সংকট কমানো এবং শরিয়াহসম্মত বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক ইস্যু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক।

এই উদ্যোগের ফলে শরিয়াহসম্মত বিনিয়োগ উপকরণের ঘাটতি কমবে, ইসলামি ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা শক্তিশালী হবে এবং ব্যবসা ও অবকাঠামো উন্নয়নে অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ইসলামি অর্থায়ন খাতের বিকাশ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সুকুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক বিভাজনের কারণে বিদেশি অর্থায়ন ক্রমেই ব্যয়বহুল ও কঠোর শর্তসাপেক্ষ হয়ে উঠছে। এ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ অর্থায়নের উৎস শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডেপুটি গভর্নর জানান, বর্তমানে বৈশ্বিক সুকুক বাজারে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ। এতে আন্তর্জাতিক ইসলামি অর্থায়ন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, পরিকল্পিত সুকুক ইস্যুর মাধ্যমে দেশের ইসলামি অর্থায়ন বাজার সম্প্রসারণের পাশাপাশি ইসলামি ব্যাংকগুলোর বিনিয়োগের সুযোগ ও কার্যকর তারল্য ব্যবস্থাপনা জোরদার হবে।

ব্যাংকিং খাতের সংস্কার প্রসঙ্গে কবির আহমেদ বলেন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সুশাসন নিশ্চিত এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক পাঁচটি দুর্বল ইসলামি ব্যাংক একীভূত করেছে।

তিনি বলেন, এ উদ্যোগের লক্ষ্য আমানতকারীদের সুরক্ষা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো এবং ইসলামি ব্যাংকিং খাতের সুশাসনসংক্রান্ত দুর্বলতা দূর করা। কেন্দ্রীয় ব্যাংক মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রক অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি স্বতন্ত্র ইসলামি ব্যাংকিং আইন প্রণয়নের কাজ করছে।

তদারকি জোরদারে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে পৃথক ইসলামি ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ এবং একটি শীর্ষ শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করেছে।

এ ছাড়া মুরাবাহা, বাই এবং হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলকের মতো গুরুত্বপূর্ণ ইসলামি অর্থায়ন পদ্ধতির পরিচালন নির্দেশিকা হালনাগাদ করা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষা পদ্ধতি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নির্দেশিকাও সংশোধন করা হচ্ছে। আর্থিক খাতের দুর্বলতা চিহ্নিত ও সমাধানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিস্তৃত বিশেষ পরিদর্শন কার্যক্রমও চলছে।

ডেপুটি গভর্নর সতর্ক করে বলেন, ‘ইসলামি ব্যাংকিংয়ের নামে আর্থিক খাতে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।’

ইসলামি ব্যাংকিংয়ের অর্থায়ন বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সীমিতসংখ্যক বড় করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে ঋণ বিতরণ কেন্দ্রীভূত না রেখে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষি এবং গ্রামীণ উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াতে হবে।

তিনি আনুষ্ঠানিক ঋণসুবিধার বাইরে থাকা আঞ্চলিক পর্যায়ের উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, উৎপাদনশীল খাত ও ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন বাড়ালে ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকি কমবে এবং আরও স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও টেকসই ইসলামি ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠবে।