ব্যাংক খাতের ক্ষত সারাতে ৪ বছরের পরিকল্পনা, খেলাপি ঋণ কমাতে বেঁধে দেওয়া হলো সময় 

গোলাম মওলা
২৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৪ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৪

দীর্ঘদিনের অনিয়ম, ঋণ জালিয়াতি ও সুশাসনের অভাবে বিপর্যস্ত ব্যাংকিং খাতের ক্ষত সারাতে চার বছর মেয়াদি সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পরিকল্পনার আওতায় দুর্বল ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা, প্রয়োজন অনুযায়ী নতুন মূলধন জোগান, খেলাপি ঋণ আদায়, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। 

তিনি জানান, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম ও দুর্বলতা চিহ্নিত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ—একিউআর) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, একিউআর কার্যক্রমে ব্যাংকগুলোর ঋণের প্রকৃত অবস্থা, সম্পদের গুণগত মানের অবনতি এবং দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের চিত্র উঠে আসছে। ফলে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কর্মকাণ্ডের ফল নয়; বরং দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার বাস্তব প্রতিফলন।

বাংলাদেশ ব্যাংক মনে করে, ব্যাংকিং খাতের প্রকৃত চিত্র প্রকাশ এবং সমস্যাগুলো চিহ্নিত না করে কার্যকর সংস্কার সম্ভব নয়। তাই বিদ্যমান দুর্বলতা আড়াল না করে সেগুলোর সমাধানে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলমান সংস্কার কার্যক্রমের ফলে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

তারল্য সংকটে থাকা ব্যাংকে জরুরি সহায়তা

সংকটে থাকা ব্যাংকগুলোর কার্যক্রম সচল রাখতে জরুরি ভিত্তিতে তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেন অব্যাহত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসব উদ্যোগের উদ্দেশ্য শুধু সাময়িক সংকট মোকাবিলা নয়; বরং ব্যাংকগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে অনিয়মের পুনরাবৃত্তি ঠেকানো।

দুর্বল ব্যাংকের জন্য আলাদা পুনর্গঠন পরিকল্পনা

ব্যাংকিং খাতের আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনতে প্রতিটি ব্যাংকের জন্য পৃথক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এসব পরিকল্পনায় প্রয়োজন অনুযায়ী নতুন মূলধন জোগান, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিকল্পনাগুলো আগামী চার বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি ঋণ বিতরণে শৃঙ্খলা এবং ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ব্যাংকগুলোর আর্থিক দুর্বলতা কাটানোর পাশাপাশি ভবিষ্যতে যাতে একই ধরনের সংকট তৈরি না হয়, সে জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে।

আমানতকারীদের আস্থা ফেরানোই অগ্রাধিকার

দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও ঝুঁকি মোকাবিলায় সক্ষম করতে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি খেলাপি ঋণ আদায়, ঋণ বিতরণে কঠোর নজরদারি, ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং আর্থিক খাতের নীতিগত ও কাঠামোগত সংস্কার করা হবে।

সংকটে থাকা ব্যাংকগুলোকে দেওয়া জরুরি সহায়তা ব্যবস্থাও পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আশা, চার বছরের সংস্কার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

সম্প্রতি দেশের ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি ও সুশাসন প্রতিষ্ঠার কোনও বিকল্প নেই।

এ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জনসাধারণকে গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও তথ্যসূত্র অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

/আইএএম/
সম্পর্কিত
৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক
কোন খাতের ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ
বদলে যাচ্ছে ব্যাংকের পর্ষদ, ব্যাংক চালাবেন কারা
সর্বশেষ খবর
ঋণের শর্ত আর বন্ডের বাজার, কোন পথে হাঁটছে বাংলাদেশ
ঋণের শর্ত আর বন্ডের বাজার, কোন পথে হাঁটছে বাংলাদেশ
ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ বুলবুল আর নেই
ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ বুলবুল আর নেই
ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ
দিল্লি হাইকমিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
দিল্লি হাইকমিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ