বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এমন সময় ওয়েবসাইটটি বন্ধ রয়েছে, যখন দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি করেছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট।
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার বার্তা দেখা যাচ্ছে। এতে বলা হয়েছে, সেবাটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং শিগগিরই আবার চালু হবে।
ওয়েবসাইটে প্রদর্শিত বার্তায় আরও বলা হয়েছে, ‘আমাদের সেবাটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা শিগগিরই অনলাইনে ফিরে আসবো। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ।’
এদিকে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে।
তবে কী ধরনের নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে, কখন থেকে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে এবং কখন নাগাদ এটি পুরোপুরি সচল হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ওয়েবসাইটে প্রবেশের সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সংস্করণসংক্রান্ত একটি বার্তাও দেখা যাচ্ছে। সেখানে বলা হয়েছে, ওয়েবসাইটটি ব্যবহারের জন্য উইন্ডোজ ১০ বা এর পরবর্তী সংস্করণ প্রয়োজন, অথচ সংশ্লিষ্ট কম্পিউটারে উইন্ডোজ ৭ ব্যবহার করা হচ্ছে। তবে এই বার্তার সঙ্গে ওয়েবসাইট বন্ধ থাকার নিরাপত্তাজনিত সমস্যার কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।