জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম

জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুব আলম। বুধবার (২৫ নভেম্বর) থেকে আগামী তিন বছরের জন্য তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে মাহবুব আলম সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) কর্মজীবন শুরু করেন। পরের বছর ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়।

দীর্ঘ ব্যাংকিং জীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পরবর্তী সময়ে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৩ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন মো. মাহবুব আলম। তার বাবা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মা হাসনা বানু।