হলিডে মার্কেট

এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নতুন চিন্তা ও নতুন উদ্যোগ হলিডে মার্কেট। উন্নত বিশ্বের আদলে এ ধরনের হলিডে মার্কেট উদ্যোক্তা এবং ভোক্তাদের উৎসাহিত করবে। তিনি বলেন, ‘এসএমই খাতে আমাদের অনেক উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। উৎপাদিত পণ্যের মানও বেশ ভালো। এসব উদ্যোক্তাকে আমাদের উৎসাহিত করা প্রয়োজন। হলিডে মার্কেটে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকার আগারগাঁয়ের আইসিটি রোডে এসএমই খাতের উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ের উদ্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে পাইলট প্রকল্প হিসেবে ‘ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘এসএমই খাতের উদ্যোক্তাদের অবদান এখনও ২৫ ভাগের মধ্যে। বাজারে প্রভাব ফেলতে এ অবদান ৫০ ভাগ হওয়া দরকার।’

তিনি বলেন, ‘এসএমই খাতের বেশির ভাগ উদ্যোক্তা নারী। সে কারণে হলিডে মার্কেটে অবদান রাখার জন্য তাদের বেশি সুযোগ দিতে হবে। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। এ বিপুল জনসংখ্যাকে পেছনে রেখে এগিয়ে যাওয়া যায় না। এসএমই খাতের উদ্যোক্তারা আমাদের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য এ খাতের উন্নয়ন খুবই প্রয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আজ  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত সফলভাবে কাজ করে যাচ্ছেন। এসএমই খাতের উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগ ‘ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট’ এর কার্যক্রম সফল করতে আমাদের নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখতে হবে।  এখানে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে উদ্যোক্তা এবং ভোক্তা আগ্রহ নিয়ে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে আসেন।’

উল্লেখ্য, ‘ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট’ আগারগাঁও শেরেবাংলা রোডের দু’পাশে সপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বসবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে পাইলট প্রকল্প হিসেবে ডিএসসিসি এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতো এ মার্কেট পরিচালনার করছে। রাস্তার দু’পাশে ৫০টি করে মোট ১০০টি স্টল থাকবে। এসএমই পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাতকরণ অনলাইন মার্কেটিং, নতুন এসএমই উদ্যোক্তা সৃষ্টি করতে এসএমই অনলাইন মার্কেট ডট কম ডট বিডি কাজ করছে। হলিডে মার্কেটে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও লাইফ স্টাইল পণ্য, হোমডেকর পণ্য, অর্গানিক কৃষি পণ্য, পার্বত্য অঞ্চলের কৃষি পণ্য একই ছাতার নিচে পাওয়া যাবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজা, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি মো. ফোরকান হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।