এফবিসিসিআই নির্বাচনে মনোনয়ন বাতিল হলো যাদের

ঋণখেলাপি ও করখেলাপি হওয়ার কারণে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের মনোনীত পরিচালক হতে পারছেন না অন্তত ৩২ জন ব্যবসাযয়ী। তাদের মনোনয়ন বাতিল কিংবা স্থগিত করেছে এফবিসিসিআইয়ের নির্বাচনি বোর্ড। বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে নেওয়া হয়।

মনোনয়ন বাতিল হওয়া তালিকায় রয়েছেন— বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামও। কর-খেলাপি উল্লেখ করে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এফবিসিসিআইয়ের নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং সদস্য কে এম এন মনজুরুল হক ও মো. শামসুল আলমের সই করা বাতিলের তালিকায় বেশিরভাগই কর ও ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন।

এফবিসিসিআইয়ের নির্বাচনি বোর্ড মঙ্গলবার (১১ জুলাই) ফেডারেশনের পরিচালনা পর্ষদের ২০২৩-২৫ মেয়াদের  নির্বাচনের জন্য ১০৫ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে।

যাদের মনোনয়ন বাতিল হলো

অ্যাসোসিয়েশন গ্রুপের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শফিকুল ইসলাম ভরসা। নির্বাচন বোর্ড বলেছে, তিনি একইসঙ্গে ঋণ ও করখেলাপি। ঋণখেলাপি হওয়ার কারণে মো. খোরশেদ আলম, মো. সাহাব উদ্দিন, খন্দকার রুহুল আমিনের মনোনয়ন বাতিল হয়েছে।

এ ছাড়া করখেলাপি হওয়ার কারণে মনোনয়ন বাতিল হয়েছে সৈয়দ সাদাত আলমাস কবিরের। একই কারণে বাতিল হয়েছে মো. মনসুর, নিজাউদ্দিন রাজেশ, হাজি মো. আবুল হাশেম, সিরাজুল ইসলাম, মো. রাকিবুল আলম, সালমা হোসেন, মো. জাকির হোসেন ও তাহের আহমেদ সিদ্দিকীর মনোনয়ন। এ ছাড়া সই না মেলার কারণে ফজলে শাহিন এহসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। মৌসুমি ইসলাম ও মো. আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে ভোটার নম্বরে কাটাকাটি থাকার কারণে।

এ ছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে মনোনীত হওয়ার জন্য যারা মনোনয়ন জমা দিয়েছিলেন, তাদের মধ্যে নজরুল ইসলাম মজুমদারসহ মোট ছয় জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে মো. আবুল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে— কারণ নির্বাচনি বোর্ডের কাছে তিনি একইসঙ্গে ঋণ ও করখেলাপি। ঋণখেলাপি হওয়ার কারণে বাতিল হয়েছে কে এম আখতারুজ্জামানের মনোনয়ন। এ ছাড়া করখেলাপি হওয়ার কারণে মনোনয়ন বাতিল হয়েছে মো. আবুল বাশার, খন্দকার এনায়েতউল্লাহ ও মো. হাবিব উল্লাহ ডনের মনোনয়ন।

চেম্বার গ্রুপের বাতিল তালিকা 

চেম্বার গ্রুপের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মোট ছয় জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে ঋণখেলাপি হওয়ার অভিযোগে বাতিল হয়েছে মো. আলি হোসেন, মোহাম্মাদ রিয়াদ আলি ও মো. ফয়েজুর রহমান ভূঁইয়ার মনোনয়ন। তাদের মধ্যে রিয়াদ আলি একই সঙ্গে করখেলাপিও বলে জানিয়েছে নির্বাচনি বোর্ড। করখেলাপি হওয়ার কারণ দেখিয়ে চেম্বার গ্রুপ থেকে বাতিল করা হয়েছে হাসিনা নেওয়াজ, মো. শাহ জালাল ও মোহাব্বত উল্লাহর মনোনয়ন।

এ ছাড়াও চেম্বার গ্রুপ থেকে পরিচালক পদে মনোনীত হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়া চার জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে ঋণখেলাপি হওয়ার অভিযোগে মো. নিজাম উদ্দিনের মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া করখেলাপি হওয়ার জন্য যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন— আবুল কাশেম খান, সামিউল হক সাফা ও সুজিব রঞ্জন দাস।

আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এফবিসিসিআইয়ের ২৩ পরিচালক পদে ভোট হবে।