সঞ্চয়পত্র কেনার সীমা তুলে দেওয়ার চিন্তা সরকারের

সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বিদ্যমান ক্রয়সীমা তুলে দেওয়ার বিষয়ে সরকার নতুন করে ভাবছে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বলেন, সঞ্চয়পত্রের কেনাবেচা সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হতে পারে, যার অংশ হিসেবে ক্রয়ের ওপর আরোপিত সীমা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থসচিব জানান, সময়ের প্রেক্ষাপটে সঞ্চয়পত্র ব্যবস্থার সংস্কার জরুরি হয়ে পড়েছে। নীতিমালায় সম্ভাব্য পরিবর্তনের মাধ্যমে সঞ্চয়পত্র বাজারকে আরও বাস্তবসম্মত ও কার্যকর করার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, দেশে বন্ডের লেনদেন প্রক্রিয়া সহজ করা গেলে বন্ড বাজারের আকার প্রায় ৬ ট্রিলিয়ন টাকা পর্যন্ত বাড়ানো সম্ভব। এতে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ব্যাংক নির্ভরতা কমবে এবং তারা নিজেদের অর্থায়নের জন্য বন্ড বাজারে প্রবেশ কিংবা বিদেশি বিনিয়োগ আকর্ষণে উৎসাহিত হবে।

গভর্নর আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হার স্থিতিশীল রাখার ওপরই দেশের বন্ড বাজারের ভবিষ্যৎ নির্ভর করছে। একক ও বাস্তবসম্মত সুদের হার কাঠামো চালু করা গেলে দীর্ঘমেয়াদে একটি টেকসই বন্ড বাজার গড়ে তোলা সম্ভব হবে।