বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, মালিকদের অনুরোধ অনুযায়ী দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজের দফতরে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে মন্ত্রিসভা বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তবে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছিলেন। তাদের দাবি ছিল, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে দোকানপাট সকাল ১১টায় খোলা হোক এবং সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করা যাক।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দোকান মালিক সমিতি আমাদের কাছে একটি আবেদন করেছিল, যাতে তাদের কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেওয়া হয়। মন্ত্রিসভা বৈঠকে পূর্বে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও প্রধানমন্ত্রী তাদের অনুরোধ বিবেচনা করে সময় বাড়ানোর অনুমতি দিয়েছেন।
তিনি আরও বলেন, জরুরি সেবা প্রদানকারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। পাশাপাশি প্রতিমন্ত্রী সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, নিজের বাসা ও কর্মস্থলে বিদ্যুৎ সাশ্রয় করলে, ভবিষ্যতে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা আরও সহজ হবে।