রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী এনবিআরের নতুন চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আহসান হাবিব রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সততা, স্বচ্ছতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সবাই সম্মিলিতভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে ২০২৬-২৭ অর্থবছরের উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার আগারগাঁওয়ে এনবিআর সদর দফতরে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব বলেন, রাজস্ব প্রশাসনের প্রতিটি কর্মকর্তা যদি সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালন করেন, তাহলে সরকারের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে। একইসঙ্গে করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের আগে এনবিআর কার্যালয়ে পৌঁছালে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং রাজস্ব প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, দক্ষ ও সেবামুখী করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এমন এক সময়ে এনবিআরের নেতৃত্বে পরিবর্তন এলো, যখন বুধবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ অর্থবছর। নতুন অর্থবছরের জন্য সরকার যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা বিদায়ী অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

অর্থনীতিবিদ ও রাজস্ব বিশ্লেষকদের মতে, দেশের ইতিহাসে এত উচ্চ হারে রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্য আগে কখনও নির্ধারণ করা হয়নি। ফলে এই লক্ষ্য অর্জনে কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং করদাতাদের আস্থা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।