১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং আমদানির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দেওয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা আদেশটি স্থগিত করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-৮ শাখা থেকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার কথা বলা হয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর এনবিআর এক আদেশে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করে। একইসঙ্গে ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রফতানিকারকদের নির্দিষ্ট শর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এসব সুতা আমদানির সুযোগ দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ওই আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করা প্রয়োজন। এ জন্য নির্দেশক্রমে এনবিআরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
কী ছিল এনবিআরের আদেশে
এনবিআরের ৭ সেপ্টেম্বরের আদেশে বলা হয়, টেক্সটাইল শিল্পের বিদ্যমান সমস্যা পর্যালোচনা ও সমাধানের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। গত ২০ আগস্ট বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সুতা শিল্পের স্বার্থ সংরক্ষণ এবং প্রকৃত রফতানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করার কথা উল্লেখ করে এনবিআর বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
তবে ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রফতানিকারকদের এসব কটন সুতা আমদানির সুযোগ রাখা হয়।
এ ক্ষেত্রে বিজিএমইএ, বিকেএমইএ অথবা বিটিএমএর প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে জমা দিতে হবে। পাশাপাশি আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি দিতে হবে।
আমদানি করা ওই কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য সম্পূর্ণ রফতানি হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করার কথা বলা হয়।
এনবিআরের আদেশে আরও বলা হয়, কাস্টমস আইন, ২০২৩-এর ক্ষমতাবলে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে আদেশ জারির আগে জাহাজীকরণ করা পণ্যচালানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
এখন কী হবে
বাণিজ্য মন্ত্রণালয় আদেশটি স্থগিতের অনুরোধ করায় ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তটি আপাতত পুনর্বিবেচনার পর্যায়ে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-৮ শাখার উপপ্রধান মোহাম্মদ খায়রুল আলমের সই করা চিঠিতে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠির অনুলিপি মন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিবসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
এনবিআরের আদেশটি মূলত স্থানীয় সুতা শিল্পের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি রফতানিমুখী শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয় এখন বিষয়টি আরও পর্যালোচনার প্রয়োজন মনে করছে।









