মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার বেশি ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন। দুটি কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তারা ৮ ও ৯ শতাংশ সুদে ঋণ পাবেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমান জানান, রিভলভিং তহবিলের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় প্রায় ২৯৫ কোটি টাকা বিতরণ করা হবে। একজন উদ্যোক্তা সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। সুদের হার হবে ৮ শতাংশ। এ জন্য ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।
তিনি বলেন, জাইকার সহায়তায় বিআইএফএফএলের সঙ্গে আরেক চুক্তির আওতায় কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ১৪৫ কোটি টাকা ঋণ দেওয়া হবে। এই কর্মসূচিতে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ পাবেন।
১০ লাখ টাকা পর্যন্ত ঋণে জামানত নেওয়া হবে না। ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় চার বছর; গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ ৪৮ কিস্তিতে ঋণ শোধ করা যাবে। মোট ঋণের ২৫ শতাংশ নারী উদ্যোক্তা এবং ২০ শতাংশ এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের জন্য রাখা হয়েছে। ন্যূনতম ৬০ শতাংশ ঋণ উৎপাদন খাতে দিতে হবে।
উপদেষ্টা আরও বলেন, রফতানিযোগ্য ও আমদানি-বিকল্প পণ্য, আইসিটি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ, নারী উদ্যোক্তা, পিছিয়ে থাকা অঞ্চল, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা, জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার সবুজ উদ্যোগ এবং বিদেশফেরত অভিবাসীরা অগ্রাধিকার পাবেন। মুদি দোকান, ওষুধ ও হার্ডওয়্যার বিক্রি এবং পরিবেশদূষণকারী ব্যবসা এ ঋণের আওতায় থাকবে না।