ঋণের জামানত মূল্যায়ন করবে ১৩১ প্রতিষ্ঠান

ব্যাংক ঋণের বিপরীতে রাখা জামানতের মূল্যায়নে ১৩১টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণের বিপরীতে সম্পদের অতিমূল্যায়ন করে অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা ঠেকানো এবং জামানত মূল্যায়নে শৃঙ্খলা আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ১ কোটি টাকা বা তার বেশি ঋণের জামানত মূল্যায়ন করতে তালিকাভুক্ত ১৩১ প্রতিষ্ঠানের মাধ্যমেই মূল্যায়ন করাতে হবে। তবে ১ কোটি টাকার কম ঋণের ক্ষেত্রে ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জামানত মূল্যায়ন করা যাবে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টিকে ‘এ’ এবং ৩৩টিকে ‘বি’ শ্রেণিতে রাখা হয়েছে। মূল্যায়নের নম্বর, কারিগরি সক্ষমতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে এ শ্রেণিবিন্যাস করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১০০ কোটি টাকা বা তার বেশি ঋণ অনুমোদন, বৃদ্ধি বা নবায়নের ক্ষেত্রে অন্তত দুটি পৃথক মূল্যায়ন প্রতিষ্ঠানকে দিয়ে জামানতের মূল্য নির্ধারণ করতে হবে। এর মধ্যে অন্তত একটি প্রতিষ্ঠান ‘এ’ শ্রেণির হতে হবে।

এ ছাড়া কোনো ব্যাংকের আগের প্রান্তিকে খেলাপি ঋণের হার ১০ শতাংশ বা তার বেশি হলে, ৫০ কোটি টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে শুধু ‘এ’ শ্রেণির তালিকাভুক্ত প্রতিষ্ঠান দিয়ে জামানত মূল্যায়ন করাতে হবে।

দুটি মূল্যায়ন প্রতিবেদনের মধ্যে অথবা বাইরের মূল্যায়ন ও ব্যাংকের নিজস্ব মূল্যায়নের মধ্যে পার্থক্য ২০ শতাংশের বেশি হলে সংশ্লিষ্ট মূল্যায়ন প্রতিষ্ঠানের কাছে এর কারণ জানতে চাইতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা তিন বছরের জন্য কার্যকর থাকবে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে নবায়নের আবেদন করতে হবে। পাশাপাশি প্রতিবছর ১৫ জানুয়ারির মধ্যে ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগে আগের বছরের কাজের প্রতিবেদন জমা দিতে হবে।

পেশাগত দায়িত্বে অবহেলা, নিয়ম না মানা কিংবা সম্পদের মূল্য ভুলভাবে উপস্থাপনের প্রমাণ পাওয়া গেলে কোনো প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষমতাও সংরক্ষণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির নীতিমালা ২০২৩ সালের ২৮ নভেম্বর জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই নীতিমালায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃত জরিপ বা হিসাববিদ সমিতির সদস্যপদ, কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা, প্রয়োজনীয় প্রকৌশলী ও কারিগরি সক্ষমতা এবং পরিষ্কার ঋণতথ্য প্রতিবেদন থাকার মতো যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল।