অনিয়ম, জালিয়াতি ও নামে-বেনামে ঋণ বিতরণের মাধ্যমে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়া হয়েছে। ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায়— এসব অর্থ আদায়ও কঠিন হয়ে পড়েছে। ফলে নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ফেরত পাচ্ছেন না হাজার হাজার আমানতকারী। এবার তাদের পাওনা পরিশোধে জনগণের করের টাকায় গড়া সরকারি তহবিলের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংকটে পড়া ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ পরিশোধে জরুরি ভিত্তিতে ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বাকি পাঁচ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হবে আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এ অর্থের জন্য পৃথক প্রস্তাব পাঠানো হবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো এক চিঠিতে এ অর্থ চেয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে যাঁরা ঋণের নামে অর্থ বের করে নিয়েছেন, তাঁদের কাছ থেকে তা আদায় করতে না পারায় এখন আমানতকারীদের পাওনা মেটানোর জন্য সরকারের অর্থের প্রয়োজন হচ্ছে। শেষ পর্যন্ত এই অর্থের জোগান আসবে জনগণের করের টাকা থেকে।
লুট হওয়া অর্থের দায় পড়ছে জনগণের ওপর
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, রেজল্যুশন প্রক্রিয়ায় নেওয়া চারটি প্রতিষ্ঠানের আমানতকারীদের পাওনা পরিশোধে প্রয়োজন ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের জন্য ১ হাজার ১৬৬ কোটি ৮১ লাখ, প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলের জন্য ১৯০ কোটি ১৩ লাখ, ট্রাস্ট ফান্ডের জন্য ৪২ কোটি ৩৫ লাখ এবং সমবায় তহবিলের জন্য ৫০ কোটি ২৯ লাখ টাকা প্রয়োজন।
চার প্রতিষ্ঠানের মধ্যে ‘আভিভা ফাইন্যান্সের’ আমানতকারীদের পাওনা সবচেয়ে বেশি। প্রতিষ্ঠানটির জন্য প্রয়োজন ৭৪৪ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের ৬৯১ কোটি ৮৬ লাখ, ট্রাস্ট ফান্ডের ২৯ কোটি ৬১ লাখ, প্রভিডেন্ট ফান্ডের ২০ কোটি ৯৯ লাখ এবং সমবায় তহবিলের ২ কোটি ৩৫ লাখ টাকা রয়েছে।
ইন্টারন্যাশনাল লিজিংয়ের আমানতকারীদের অর্থ ফেরত দিতে প্রয়োজন ৫৫০ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের পাওনা ৩৮৭ কোটি ২৪ লাখ এবং প্রভিডেন্ট ফান্ডের অর্থ ১৩৮ কোটি ৩৯ লাখ টাকা।
এ ছাড়া এফএএস ফাইন্যান্সের জন্য ৮৪ কোটি ৯০ লাখ এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি ৩৪ লাখ টাকা প্রয়োজন। এফএএস ফাইন্যান্সের ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীদের পাওনা ৬৩ কোটি টাকা। ফারইস্ট ফাইন্যান্সে ব্যক্তি আমানতকারীদের ২৪ কোটি ৭১ লাখ এবং সমবায় তহবিলের ২৫ কোটি ৫৬ লাখ টাকা রয়েছে।
আরও পাঁচ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন ১ হাজার ২৫৭ কোটি টাকা
বাকি পাঁচ প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে প্রয়োজন হবে আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা।
এর মধ্যে পিপলস লিজিংয়ের আমানতকারীদের পাওনা পরিশোধে প্রয়োজন ৭১১ কোটি ৮৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটিতে ব্যক্তি আমানতকারীদের ৬১৭ কোটি ৮৪ লাখ, প্রভিডেন্ট ফান্ডের ৬৮ কোটি ২৯ লাখ, সমবায় তহবিলের ১৫ কোটি ৯২ লাখ এবং ট্রাস্ট ফান্ডের ৯ কোটি ৮৩ লাখ টাকা রয়েছে।
তবে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকায় আপাতত এ অর্থের জন্য বরাদ্দ চাওয়া হচ্ছে না। আদালতের অনুকূল রায় পাওয়ার পর এ বিষয়ে পৃথক প্রস্তাব পাঠাবে বাংলাদেশ ব্যাংক।
অন্যদিকে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিংকে তিন মাস সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে জরুরি সংশোধনমূলক পদক্ষেপ নিয়ে নিজেদের ব্যবসায়িক সক্ষমতা প্রমাণ করতে হবে।
এই চার প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে ভবিষ্যতে ৫৪৫ কোটি ১৫ লাখ টাকা প্রয়োজন হতে পারে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের জন্য ৪৪৭ কোটি ৮৭ লাখ, প্রভিডেন্ট ফান্ডের জন্য ৮১ কোটি ৭৩ লাখ এবং সমবায় তহবিলের জন্য ১৫ কোটি ৫৫ লাখ টাকা ধরা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্সের জন্য সবচেয়ে বেশি ৩৭৬ কোটি ৭৪ লাখ টাকা প্রয়োজন হতে পারে। জিএসপি ফাইন্যান্সের জন্য ৫৮ কোটি ৮২ লাখ, প্রিমিয়ার লিজিংয়ের জন্য ৫৭ কোটি ৭২ লাখ এবং বিআইএফসির জন্য ৫১ কোটি ৮৭ লাখ টাকা লাগতে পারে।
১০ লাখ টাকা পর্যন্ত আমানত ফেরতের পরিকল্পনা
আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় একটি আমানত পরিশোধ কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এতে ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের শতভাগ ফেরত দেওয়ার বিধান রাখা হয়েছে। আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে ফেরতের হার কমবে।
ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী গত ২৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ৯টি সংকটাপন্ন আর্থিক প্রতিষ্ঠানকে রেজল্যুশন প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও পিপলস লিজিং। তবে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান থাকায় প্রতিষ্ঠানটি ছাড়া বাকি চারটিকে রেজল্যুশনের আওতায় আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
ঋণ আদায় কঠিন, সম্পদ উদ্ধারে আইনি প্রক্রিয়া
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘‘এসব প্রতিষ্ঠানের অধিকাংশ ঋণই নামে-বেনামে দেওয়া হয়েছে। এসব ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত নেই। ফলে প্রতিষ্ঠানের সম্পদ বা কার্যালয় বিক্রি করে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আদায়ের সুযোগ সীমিত।’’
তিনি জানান, ঋণ আদায় এবং প্রতিষ্ঠানের সম্পদ উদ্ধারে আইনি প্রক্রিয়া চলবে। তবে ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া জরুরি হওয়ায় আপাতত সরকারের কাছে পুরো অর্থ চাওয়া হয়েছে। পরে ঋণ আদায় ও প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে অর্থ পাওয়া গেলে তা সমন্বয় করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মতে, সরকার অর্থ বরাদ্দ দিলে দীর্ঘদিন ধরে আমানত ফেরত না পেয়ে ভোগান্তিতে থাকা গ্রাহকদের দুর্ভোগ কমবে। পাশাপাশি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এ খাতের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধার সহজ হবে।
তবে এই উদ্যোগের মধ্য দিয়ে আর্থিক খাতের একটি বড় প্রশ্ন সামনে এসেছে। যাঁরা ঋণের নামে আমানতকারীদের অর্থ বের করে নিয়েছেন, তাঁদের কাছ থেকে সেই অর্থ আদায় এবং দায়ীদের বিচারের আওতায় আনার অগ্রগতি কী? অনিয়ম ও অর্থ আত্মসাতের কারণে প্রতিষ্ঠানগুলো সংকটে পড়লেও এখন আমানতকারীদের পাওনা মেটাতে রাষ্ট্রীয় অর্থের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ অর্থ আত্মসাতের দায়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন একদিকে আমানতকারীরা, অন্যদিকে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার আর্থিক চাপ শেষ পর্যন্ত পড়ছে সাধারণ করদাতাদের ওপর।