অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫১

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকে নিয়ম মেনে টাকা জমা রাখার পরও এখন গ্রাহকদের অনেকেই নিজেদের হিসাবের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না। কারও কাছে টাকা জমার মোবাইল বার্তা রয়েছে, কারও কাছে রয়েছে ব্যাংকের রসিদ ও স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র। কিন্তু এসব প্রমাণ থাকার পরও আমানতের অর্থ ফেরত পাচ্ছেন না তারা।

আমানতের টাকা ফেরত এবং আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। দুপুর ২টায় আয়োজিত এ কর্মসূচিতে সাত দফা দাবি তুলে ধরেন ভুক্তভোগী গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক জাফরিন আলম ওরফে রাখী। একই সঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন তারা।

আবেদনে বলা হয়েছে, শ্রীনগর শাখায় আর্থিক অনিয়ম ও জালিয়াতির কারণে বহু গ্রাহক তাদের সারা জীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ এবং ব্যবসার মূলধন হারানোর ঝুঁকিতে পড়েছেন। আমানতের টাকা ফেরত না পেয়ে তারা ও তাদের পরিবারের সদস্যরা চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

আবেদনে আরও বলা হয়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। সেই আস্থার ভিত্তিতেই গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা রেখেছেন। শাখার অনিয়ম ও জালিয়াতির দায় যেন কোনোভাবেই সাধারণ আমানতকারীদের ওপর না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

টাকা জমার বার্তা, তবু ব্যাংকে হিসাব নেই

ভুক্তভোগীদের অভিযোগ, তারা ব্যাংকের নিয়ম মেনেই টাকা জমা দিয়েছেন। এমনকি কয়েকজন গ্রাহকের মোবাইল ফোনে টাকা জমার বার্তাও এসেছে। কিন্তু পরে আমানতের অর্থ তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের নামে কোনও হিসাব খুঁজে পাচ্ছে না বলে জানাচ্ছে।

জাফরিন আলম জানান, তিনি নিজেই দুই দফায় মোট ১৫ লাখ টাকা জমা দিয়েছেন। প্রথম দফায় ১০ লাখ টাকা জমা দেওয়ার পর তার মোবাইল ফোনে জমার বার্তা আসে। দ্বিতীয় দফায় আরও পাঁচ লাখ টাকা জমা দেওয়ার পর কোনও বার্তা না পেয়ে ব্যাংকে যোগাযোগ করেন। তখন তাকে সফটওয়্যারের সমস্যার কথা জানানো হয়।

জাফরিন আলম বলেন, আমার মতো আরও অনেক গ্রাহক একই সমস্যায় পড়েছেন। নিজেদের জমা করা টাকা ফেরত চাই এবং এই জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করছি।

ব্যাংকটির আরেক গ্রাহক ফারহানা আলমের অভিযোগ, তিনি দুই দফায় মোট তিন লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) করেছিলেন। তার কাছে টাকা জমার রসিদও রয়েছে। কিন্তু মেয়াদ শেষে কিংবা টাকা ফেরত চাইতে গিয়েও তিনি আমানতের অর্থ পাচ্ছেন না।

ফারহানা আলম জানান, অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারসোমা আলমের সঙ্গে যোগাযোগ করেও তিনি কোনও সমাধান পাননি।

তার অভিযোগ, শাখার কর্মকর্তাদের দায় আড়াল করতে ব্যাংকের শীর্ষ পর্যায়ের কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত লেনদেন হিসেবে দেখানোর চেষ্টা করছেন। অথচ গ্রাহকরা ব্যাংকের নিয়ম মেনেই টাকা জমা দিয়েছেন। তাই তাদের আমানত ফেরত দেওয়ার দাবি জানান তিনি।

সাত দফা দাবিতে ভুক্তভোগীরা

মানববন্ধনে ভুক্তভোগীরা সাত দফা দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে— শ্রীনগর শাখার আর্থিক অনিয়ম ও জালিয়াতির ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের নিরপেক্ষ কমিটি গঠন, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানত ও আর্থিক ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি, স্বচ্ছতার সঙ্গে জমা দেওয়া অর্থের সত্যতা যাচাই এবং বৈধ ও প্রমাণিত আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়ার কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ ছাড়া অর্থ আত্মসাৎ ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও ব্যাংকিং বিধিবিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

তদন্ত শেষে মামলা, টাকা ফেরতের আশ্বাস

ভুক্তভোগীদের অভিযোগ ও আমানতের অর্থ ফেরতের বিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জানিয়েছেন, ঘটনাটি প্রায় দুই মাস আগের। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শেষে এ ঘটনায় মামলা করেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

তিনি বলেন, প্রত্যেক গ্রাহক তাদের টাকা ফেরত পাবেন। তবে তার আগে কারা প্রকৃতপক্ষে কত টাকা জমা দিয়েছেন, তা যাচাই করতে হবে। বর্তমানে সেই যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

তবে কবে নাগাদ গ্রাহকরা তাদের আমানতের অর্থ ফেরত পাবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি ব্যাংকের চেয়ারম্যান। ফলে দীর্ঘদিনের সঞ্চয় ফেরত পাওয়ার অপেক্ষায় থাকা ৩১৫ গ্রাহকের মধ্যে অনিশ্চয়তা কাটেনি।

/জিএম/এফআর/
সম্পর্কিত
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারী নাকি সন্দেহভাজনদের?
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারী নাকি সন্দেহভাজনদের?
বিএনপির র‍্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
বিএনপির র‍্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা