ডিমের ডজন ১২০  

মাছ, মাংসের দাম অপরিবর্তিত থাকলেও সবজির দাম ওঠা-নামা করছে রাজধানীর কাঁচাবাজারে। দুই-একটি সবজির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে অন্যান্য সবজির দাম। তবে ডিমের বাজারে বেশ পরিবর্তন দেখা গেছে। সাদা ডিম ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা।   

রাজধানীর মেরাদিয়া, বনশ্রী, খিলগাঁও, বাড্ডা এলাকার বিভিন্ন বাজার ঘুরে লক্ষ্য করা যায়,আলু ৩০, পটল ৫০, বেগুন ৬০-১০০, সিম ৬০-৮০, ভেন্ডি ৫০, টমেটো ১৫০, পেঁপে ২৫, করলা ৮০, বরবটি ৮০, ঝিঙা ৮০ ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রতি পিস ফুলকপি ৩০ ও বাঁধকপি ৩০-৪০ টাকা, লাউ ৬০-৭০, কাঁচা কলা ৪০ টাকা হালি, লালশাক প্রতি আঁটি ১৫, কলমিশাক ২০, পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।  

ডিমের মধ্যে লাল ডিম ১৩৫- ১৪০ এবং সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

রুই মাছ ৩৮০ টাকা থেকে শুরু ৪৮০ টাকা পর্যন্ত। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা, ব্রয়লার কেজি প্রতি ১৯০, কক ৩৩০ ও দেশি মুরগি ৬৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এর মধ্যে গত কয়েক দিনের তুলনায় সিম ও টমোটের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়ে ৮০ ও ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা আশরাফুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে বাজার স্থিতিশীল রয়েছে। বর্তমান যে বাজার তাতে মন্দের ভালো। কম কম করে হলেও কেনা যাচ্ছে। গত মাসের মতো আবারও বেড়ে গেলে আমাদের মতো সাধারণ মানুষ তো কিনতেই পারবে না।

তিনি বলেন, মানুষের জীবন ধারণের ব্যয় আগের চেয়ে অনেক বেড়ে গেছে। গ্যাস, বিদ্যুৎ, বাড়ি ভাড়া, পরিবহন খরচ সব বাড়তির দিকে। আমাদের কিন্তু বেতন বাড়েনি। সামনে ডিসেম্বরে বেতন বাড়বে কি না তাও জানি না। আমাদের মতো যারা ছোট চাকরি করে ঢাকায় বাস করছে, তাদের এখন বুকচাপা কান্না ছাড়া আর কিছুই নেই। সংসার চালাতে এখন আমরা হিমশিমের মধ্যে আছি।

নাসির উদ্দিন নামের আরেক ক্রেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ যেভাবে জিনিসপত্রের দাম বাড়তি, তাতে আমাদের মতো সাধারণ মানুষের ঢাকা শহরে বাস করা কঠিন হয়ে গেছে। একদিকে যেমন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, অপরদিকে খরচও বেড়ে গেছে। কিন্তু বেতন আগের মতোই। তাহলে আয় না বাড়লে জীবন কীভাবে চলবে?
 
তিনি বলেন, মানুষ কতটা কষ্টে আছে, বাজারে না আসলে বোঝা যাবে না। মাছ, মাংসের বাজারে কারা যাচ্ছে, আর কারা যাচ্ছে না সেটি একটু দাঁড়ালেই টের পাওয়া যায়। 

মেরাদিয়া বাজারে আসা ক্রেতা গৃহিনী মমতাজ বেগম বলেন, সবজির বাজার এখন একটু কমতির দিকে। আগের মতো নেই। তাই আমরা একটু কিনতে পারছি। কয়েকদিন তো সবজির বাজারেও যাওয়া যাচ্ছিল না। কিন্তু মাছ, মাংসসহ অন্যান্য পণ্যের দাম এখনও অনেক বেশি।

তিনি বলেন, মাছের বাজার কোনোভাবে স্থিতিশীল হচ্ছে না। বাড়তেই আছে। চিংড়িসহ সব মাছের দাম বাড়তি। ইলিশ মাছও ৮০০ টাকার নিচে নেই। যেটি ৮০০ টাকা কেজি সেটি জাটকার চেয়ে একটু বড়।

বাজারের বিক্রেতারা বলছেন, দাম বাড়া বা কমা এখানে তাদের কোনও হাত নেই। পাইকারি বাজারে দাম কমলে তারা কম দামে বিক্রি করতে পারেন। আর পাইকারি বাজারে দাম বাড়লে তাদের বেশি দামেই বিক্রি করতে হয়।

এদিকে সবজি বিক্রেতা রুম্মান বলেন, শুধু শিমের দাম বেড়েছে। বাকিগুলো আগের মতোই। তিনি বলেন, দাম এখন এ রকমই থাকবে। তবে সবজির বাজারে সরবরাহ কমে গেলে তখন আবার বাড়তে পারে। 

মাছ বিক্রেতা রমজান জানান, মাছের বাজার মূলত বেড়েছে পরিবহন খরচের কারণে। মাছ বেশির ভাগই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসা। পরিবহন খরচের বাড়ায় দামও বেড়েছে।