দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরও বেড়েছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর— এই তিন মাসে ব্যাংকগুলোর শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই এখন খেলাপি।
তবে সব ব্যাংকের অবস্থা এক নয়। খেলাপি ঋণের হারে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। এসব ব্যাংকের বিতরণ করা ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশই শ্রেণিকৃত। অর্থাৎ সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় অর্ধেক ঋণই খেলাপির খাতায় চলে গেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশেষায়িত ব্যাংকগুলো। এসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ৩৯ দশমিক ৫১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের ৩০ সেপ্টেম্বর ২০২৬ ভিত্তিক ব্যাংক খাতের শ্রেণিকৃত ঋণসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কোন ব্যাংকের অবস্থা কতটা খারাপ
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ৩ লাখ ২১ হাজার ৩৩৪ কোটি টাকা। এর মধ্যে শ্রেণিকৃত ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৪৯ হাজার কোটি টাকা। মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশই শ্রেণিকৃত।
বিশেষায়িত ব্যাংকগুলোর অবস্থাও ভালো নয়। এসব ব্যাংকের মোট ঋণের পরিমাণ ৪৬ হাজার ৩২৪ কোটি টাকা। এর মধ্যে ১৮ হাজার ৩০০ কোটি টাকার বেশি ঋণ শ্রেণিকৃত। ফলে এসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৫১ শতাংশ।
অন্যদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ১৪ লাখ ২২ হাজার ৩৩৪ কোটি টাকা। এর মধ্যে শ্রেণিকৃত ঋণ ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকার বেশি। এ শ্রেণির ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৩২ দশমিক ০২ শতাংশ।
তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে বিদেশি ব্যাংকগুলো। এসব ব্যাংকের মোট ঋণের পরিমাণ ৬৬ হাজার ১৭৫ কোটি টাকা। এর মধ্যে শ্রেণিকৃত ঋণ ৩ হাজার ৯১৫ কোটি টাকা। বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৫ দশমিক ৯২ শতাংশ।
অর্থাৎ খেলাপি ঋণের হারের দিক থেকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। বিপরীতে বিদেশি ব্যাংকগুলোর ঋণ পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো।
তিন মাসে বাড়লো ২১ হাজার কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ জুন শেষে ব্যাংক খাতে মোট শ্রেণিকৃত ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে তা বেড়ে ৩০ সেপ্টেম্বর দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়। অর্থাৎ এক প্রান্তিকেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
এ সময়ে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুন শেষে এ পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে মোট ঋণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। অথচ একই সময়ে শ্রেণিকৃত ঋণ বেড়েছে এর প্রায় চার গুণ।
ফলে মোট ঋণের বিপরীতে শ্রেণিকৃত ঋণের হার জুনের ৩২ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে ৩৩ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে।
প্রভিশন ঘাটতিতে চাপে ব্যাংকগুলো
খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। বিপরীতে সংরক্ষিত প্রভিশনের পরিমাণ ২ লাখ ৬৪ হাজার ১৮১ কোটি টাকা। ফলে প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় ঘাটতি রয়েছে প্রায় ২ লাখ ১৮ হাজার ৩৩৮ কোটি টাকা।
প্রভিশন হলো ঋণ আদায় না হওয়ার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ব্যাংকের সংরক্ষিত অর্থ। নিয়ম অনুযায়ী, ঋণের ধরন ও ঝুঁকির ভিত্তিতে ব্যাংকগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংরক্ষণ করতে হয়। খেলাপি ঋণ বাড়লে প্রভিশনের প্রয়োজনও বেড়ে যায়। কিন্তু প্রয়োজনীয় অর্থ সংরক্ষণ করতে না পারলে ব্যাংকের মুনাফা ও মূলধনের ওপর চাপ তৈরি হয়।
ঋণ পুনঃতফসিলের সুফল পেতে অপেক্ষা
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের বিভিন্ন সুবিধা দিলেও এখন পর্যন্ত তার দৃশ্যমান সুফল পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিসহায়তার আওতায় ভালো উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সুযোগ সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব সুবিধার অনুমোদন ও বাস্তবায়নে সময় লাগছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘‘খেলাপি ঋণ খুব বেশি বাড়েনি। তবে বর্তমানে এসব ঋণ কমছে না। ভালো উদ্যোক্তাদের দেওয়া নীতিসহায়তা, বিশেষ করে ঋণ পুনঃতফসিলের সুবিধা অনুমোদন পেতে সময় লাগছে।’’
তিনি জানান, কিছু ব্যাংক ইতোমধ্যে এসব সুবিধা অনুমোদন করেছে। অন্য কয়েকটি ব্যাংকে তা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। ডিসেম্বরের পর ভালো উদ্যোক্তারা খেলাপি অবস্থার বাইরে আসতে পারলে খেলাপি ঋণের পরিমাণ কমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
আগের সুবিধায় কমেছিল,আবার বেড়েছে
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বড় ঋণগ্রহীতাদের জন্য বিশেষ পুনঃতফসিল সুবিধা ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই সুবিধায় প্রায় ৩০০ জন ঋণগ্রহীতা তাঁদের প্রায় ১ লাখ কোটি টাকার ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠন করেন। দুই বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১০ বছরে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়েছিল।
এর প্রভাবে ২০২৫ সালের ডিসেম্বরে খেলাপি ঋণের অনুপাত সাময়িকভাবে ৩০ দশমিক ৬০ শতাংশে নেমে আসে। কিন্তু পরবর্তী সময়ে পুনঃতফসিলের সুবিধা নেওয়া অনেক গ্রাহক কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় পরিস্থিতির আবার অবনতি হয়। ২০২৬ সালের মার্চ শেষে খেলাপি ঋণের অনুপাত বেড়ে দাঁড়ায় ৩২ দশমিক ২৬ শতাংশে।
চলতি বছরের ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংক আরও শিথিল শর্তে বিশেষ পুনঃতফসিল সুবিধা ঘোষণা করে। নতুন ব্যবস্থায় ১ হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণ থাকা গ্রাহকদের দুই বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি ঋণ পুনর্গঠনের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের যুক্তি, গ্যাস সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক শিল্পপ্রতিষ্ঠান আর্থিক চাপে পড়েছে। এতে তাদের নগদ অর্থপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে প্রকৃত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতেই পুনঃতফসিলের শর্ত শিথিল করা হয়েছে।
এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ব্যাংক খাতে খেলাপি ঋণের ধারাবাহিক বৃদ্ধি দেশের আর্থিক খাতের জন্য গভীর উদ্বেগের বিষয়। মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ খেলাপি হয়ে পড়া ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা এবং দীর্ঘদিনের সুশাসনের ঘাটতিকেই স্পষ্টভাবে তুলে ধরছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় অর্ধেক ঋণ খেলাপি হওয়া অত্যন্ত উদ্বেগজনক।’’
তিনি বলেন, ‘‘দুর্বল ঋণ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপ, নানা অনিয়ম, ঋণ আদায়ে ব্যর্থতা এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঋণ শ্রেণিকরণে আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করায় আগে আড়ালে থাকা অনেক খেলাপি ঋণও এখন প্রকাশ্যে আসছে।’’
ফাহমিদা খাতুন বলেন, ‘‘খেলাপি ঋণের পরিমাণ বাড়তে থাকায় ব্যাংকগুলোর মূলধন ও মুনাফার ওপর চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে নতুন ঋণ দেওয়ার সক্ষমতাও কমে যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদনশীল খাতে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।’’
তিনি আরও বলেন, ‘‘পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কার্যকর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বড় ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায়, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ঋণসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। এসব পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়ন করা না গেলে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণ কঠিন হবে।’’