সরকারি ৯টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (জেনারেল) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে একজন অন্যের হয়ে পরীক্ষা দিতে (প্রক্সি) এসেছিলেন। বাকি ২৩ জনকে ইলেকট্রনিক ডিভাইসসহ হাতেনাতে আটক করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর চারটি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্রগুলোতে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সচিবালয়ের (বিএসসিএস) তত্ত্বাবধানে দুই ঘণ্টার এ লিখিত পরীক্ষা নেওয়া হয়। ২০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে ৯০৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের জব আইডি ২৬১০১। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হয়েছিলেন ৮ হাজার ৯৫৭ জন চাকরিপ্রার্থী।
পরীক্ষাকেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইসসহ আটজনকে আটক করে বহিষ্কার করা হয়। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন প্রক্সি পরীক্ষার্থীসহ সাতজনকে বহিষ্কার করা হয়েছে। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচজন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চারজন ইলেকট্রনিক ডিভাইসসহ ধরা পড়েন।
সব মিলিয়ে চারটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ জনকে পরীক্ষার কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, চারটি কেন্দ্রে মোট ৮ হাজার ৯৫৭ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল। এর মধ্যে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৭০০ জন, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ১৫০ জন, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ১৫০ জন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৯৫৭ জনের আসন নির্ধারিত ছিল।
এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে প্রথম ধাপে প্রায় দেড় লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।