গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম: বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ১৪:৫০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৪:৫০

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে ঋণ বিতরণ ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক বিবরণীতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন ঘটনায় গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের। বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। নিজস্ব ভবন ও স্থাপনার সংখ্যা ৬৭৭টি।

ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত এর কার্যক্রম। গ্রামীণ অর্থনীতিতে ঋণ সরবরাহ ও ক্ষুদ্র আয়ের মানুষের আর্থিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির বড় ভূমিকা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিবরণী অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

শাখা বন্ধ থাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গ্রামীণ পর্যায়ের ঋণ কার্যক্রমে। বর্তমানে বোরো মৌসুমের ঋণ বিতরণ চলমান। কিন্তু যেসব শাখার কার্যক্রম বন্ধ রয়েছে, সেসব এলাকার গ্রাহকেরা প্রয়োজনীয় ঋণসেবা নিতে পারছেন না। এতে কৃষি উৎপাদনের জন্য সময়মতো অর্থায়ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট গ্রাহকেরা। সময়মতো ঋণ না পেলে এসব কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান ও আয় সৃষ্টির উদ্যোগও বাধাগ্রস্ত হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের বিবরণীতে বলা হয়েছে, ব্যাংকিং খাত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা, ঋণপ্রবাহ বজায় রাখা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকের শাখা ও কার্যালয়ের মাধ্যমে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সঞ্চয়, ঋণ ও অন্যান্য আর্থিক সেবা গ্রহণ করেন। তাই ব্যাংকিং কার্যক্রমের নিরাপদ ও নিরবচ্ছিন্ন পরিবেশ বজায় রাখা অর্থনীতি ও জনস্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলো শুধু গ্রামীণ ব্যাংকের অবকাঠামো ও সম্পদের ক্ষতি করেনি, বরং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা এবং গ্রাহকসেবা অব্যাহত রাখা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। এর প্রভাব গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে পড়তে পারে।

ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

/জিএম/আরকে/
সম্পর্কিত
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
শতবার পেছালো রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন 
ইসলামি ব্যাংকগুলোর তারল্য বাড়াতে ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়া হবে
সর্বশেষ খবর
যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির 
যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির 
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, মুখ বন্ধের অপারেশন শুরু
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, মুখ বন্ধের অপারেশন শুরু
বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
আইনবহির্ভূতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ 
আইনবহির্ভূতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ 
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার