সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর পৌনে এক ঘণ্টা পর ওই বিজ্ঞপ্তির সংশোধনী দিয়ে আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রণালয়।
এতে আইনি ব্যবস্থার বিষয়টি সংশোধন করে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গিয়েছে তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাসমূহ কর্তৃক সমাধান করা হয়েছে। সুতরাং এ বিষয়ে কোনও প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
কোনও গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক কোনও অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। কিন্তু কোনও প্রমাণ ছাড়া শুধু বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।