তখন আমি বেশ ছোট। ১৯৮৮/৮৯ সালের কথা। সেই সময় দেখতাম, আমার মায়ের কাছে প্রায়ই এক নারী আসতেন চাল ধার করতে। বেশিরভাগ সময়ই সেই ধার তিনি শোধ দিতে পারতেন না। আবারও ধার করতে হতো। তো মাঝে মাঝে তিনি কিছু কাঁসার জিনিসপত্র নিয়ে আসতেন বন্ধক রাখার জন্য। হয়তো একটা চামচ, গ্লাস বা ছোট একটা বাটি। সে সময় কাঁসার এসব জিনিসের বেশ কদর ছিল।
মা প্রায়ই তাকে বলতেন, ‘তুই ধারই নে। এসব জিনিস বন্ধক রাখতে হবে না। ছাড়াতে তো পারবি না। তোর সংসারে দরকার আছে না?’
মহিলার নাম জানি না। সম্ভবত মাও জানেন না। সবাই তাকে চিনত ‘টুকুর বউ’ হিসেবে। তার স্বামী প্রায়ই বাড়ি আসতেন না। কাজের কথা বলে বাড়ি থেকে বের হতেন। কোথায় যেতেন কেউ জানে না। দুই-তিন মাস পর ফিরতেন। যেখানে যেতেন সেখানেই একটা করে বিয়ে করতেন। মাঝে মাঝে সেসব বউদের বাড়িতেও নিয়ে আসতেন। বাড়ি এসে কয়েক দিন বেশ ভালোই চলতো। এরপর ভাত না পেলেই বউ পেটাতেন তিনি। আর একদিন সংসার, বউ-বাচ্চার জন্য টাকা পয়সা কিছুই না রেখে উধাও হয়ে যেতেন। কখনও নতুন বউকে সঙ্গে নিতেন। কখনও সেই বউকেও রেখে যেতেন।
নতুন বউ বেশ কিছু দিন অপেক্ষা করে বাবার বাড়ি ফিরে যেতেন। তখন আমি বেশ অবাক হয়েই ভাবতাম, নতুন বউয়ের বাবা-মা কেন খোঁজ-খবর না নিয়েই বিয়ে দিয়ে দেন এক অচেনা লোকের সাথে। আজব তো!
পরে অবশ্য এরশাদ সরকার এ ধরনের বহুবিবাহ আইন করে বন্ধ করেছেন। সেই সময়ই আমি আরও খেয়াল করেছি, প্রায় প্রতিটি বাড়িতেই স্বামী-স্ত্রীর ঝগড়া মানেই বউ পেটানো। কোনও কোনও বউকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। সেই বউ হয়তো সারাদিন না খেয়ে কারও বারান্দায় বা দাওয়ায় গিয়ে বসে কাঁদতেন। কখনও তার কোলে সন্তানও থাকতো। সন্ধ্যা হলে নিজেই বাড়ি ফিরে যেতেন!
সমস্যা হলো, এই মার খাওয়া দেখে আমি নিজেই কান্নাকাটি শুরু করতাম। আমার কান্না দেখে মাঝে মাঝে বউদের ডেকে ভাত খেতে দিতেন মা। কখনও আমি নিজেইর মুড়ি-গুড় খেতে দিতাম। বেচারা সারাদিন না খেয়ে বসতে থাকতো। তো আমার কান্না দেখে বড়রা আবার হাসতেন! যেন এই মার খাওয়াটাই একটা নিয়ম, রীতি।
তখন বাড়ি আলাদা হলেও উঠানগুলো সব একসঙ্গেই ছিল। তাই সবার হাঁড়ির খবর জানা যেত। এখন শহরের মতো গ্রামেও সবার বাড়ি আলাদা হয়ে গেছে। ঘরের ঝগড়াঝাঁটি বাইরে আসে না। মারধরও অনেকটাই কমে গেছে বলে মনে হয়। কিন্তু নারীর প্রতি সহিংসতা কি কমেছে?
তখন বেশিরভাগই ছিল পারিবারিক সহিংসতা। কখনও সখনও ইভটিজিং, প্রেমে ব্যর্থ হয়ে অ্যাসিড নিক্ষেপ। তখনকার কয়েকটা বছর অবশ্য অ্যাসিড নিক্ষেপ এক ভয়ংকর পর্যায়ে চলে গিয়েছিল। তবে সেটাও থামানো গিয়েছিল আইন করেই। কিন্তু এখন ধর্ষণ, খুন থেকে শুরু করে মব সহিংসতা, নারীর প্রতি সহিংসতার ধরন যেন আরও বহুমাত্রিক হয়েছে। সহিংসতা কি কমেছে? নাকি বেড়েই চলেছে?
হ্যাঁ, এটা ঠিক যে গত কয়েক দশকে নারী অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নে বাংলাদেশে নানা অগ্রগতি হয়েছে। কিন্তু নারীর নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ এখনও কাটেনি। ২০২৫ সালে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, দেশের ৭৬ শতাংশ নারী জীবনের কোনও না কোনও সময়ে স্বামী বা সাবেক স্বামীর হাতে শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক নির্যাতন কিংবা নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন। গত এক বছরেই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন প্রায় ৪৯ শতাংশ নারী।
এই সহিংসতার চিত্র শুধু ঘরের চার দেয়ালেই সীমাবদ্ধ নেই। এই তো গেলো আগস্টেই রাজবাড়ীতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। একজন নারী নিজের উদ্যোগে ব্যবসা পরিচালনা করছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, অথচ জনসমক্ষে তাকে এভাবে অপমান ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের কথা আমরা বলছি, কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছি কি?
হয়তো বলবেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু ধর্ষণের পরিসংখ্যানও উদ্বেগজনক। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৭৮৬ জন নারী ও শিশু ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৫১৬ জনে। ভুক্তভোগীদের মধ্যে ৫৪৩ জনই শিশু। আরও ভয়ংকর বিষয় হচ্ছে, এসব ধর্ষণের বিচার হয়েছে খুবই কম।
আবার নারীর নিরাপত্তাহীনতা শুধু ঘর কিংবা রাস্তায় সীমাবদ্ধ নেই। কর্মক্ষেত্রেও যৌন হয়রানি, অপমান ও অসম্মানজনক আচরণের শিকার হতে হয় অনেক নারীকে। মানে আপনি নিজ পরিবারে নিরাপদে বড় হলেন। শিক্ষিত হলেন। এখন ক্ষমতায়নের জন্য কাজে যোগ দিলেন।
সেখানেও নিরাপত্তা নেই। তাকে পেশাগত দক্ষতার পাশাপাশি কখনও কখনও অনাকাঙ্ক্ষিত আচরণ ও হয়রানির বিরুদ্ধেও লড়াই করতে হয়! এমনকি নারী যখন নিজের অধিকার ও নিরাপত্তার দাবিতে রাস্তায় নামছেন, তখনও তিনি সব সময় নিরাপদ থাকছেন না। ২০২৫ সালের মার্চে ঢাকায় দুই তরুণীকে জনতার ঘিরে ধরে লাঞ্ছিত করার ঘটনা এবং ধর্ষণবিরোধী আন্দোলনে নারী প্রতিবাদকারীদের আহত হওয়ার ঘটনা আমরা সবাই দেখেছি। এর মানে হলো, নারী ঘরে থাকলেও নিরাপত্তার নিশ্চয়তা নেই, বাইরে গেলেও নেই। এমনকি নিজের অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ করতে গেলেও তাকে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়।
তাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন ও তার যথাযথ প্রয়োগ জরুরি। প্রয়োজন দ্রুত বিচার, নিরাপদে অভিযোগ জানানোর ব্যবস্থা, কর্মক্ষেত্রে কার্যকর প্রতিকার, নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং নির্যাতনের শিকার ব্যক্তির জন্য মানসিক স্বাস্থ্যসেবা।
তবে এসবের পাশাপাশি বদলাতে হবে আমাদের সামাজিক ও পারিবারিক মানসিকতা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে এটাই আমাদের কাম্য।
আমার ছোটবেলায় বড়রা যখন নির্যাতিত নারীকে দেখে হাসতেন, তখন হয়তো তারা ভাবতেন, স্বামী-স্ত্রীর ব্যাপারে বাইরের মানুষের কিছু বলার নেই। কিন্তু এই নীরবতা, এই হাসি, এই উদাসীনতাই কি নির্যাতনকে আরও স্বাভাবিক করে তোলেনি? আজও আমরা অনেক ক্ষেত্রে নির্যাতনের শিকার নারীর পাশে দাঁড়ানোর বদলে তার পোশাক, চলাফেরা, সম্পর্ক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলি। এতে অপরাধী আড়ালে থেকে যায়। আর নির্যাতিত নারীকে দ্বিতীয়বার সামাজিক নিপীড়নের মুখোমুখি হতে হয়।
অথচ সময় বদলেছে, নারীর জীবনের পরিসর বেড়েছে। তার পোশাক বদলেছে, পেশা বদলেছে, সামাজিক অবস্থান বদলেছে। কিন্তু নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমাদের মানসিকতার পরিবর্তন কতটা হয়েছে?
লেখক: সাইকোলজিস্ট