টাকা দিয়ে কি সুখ, আনন্দ ও ভালবাসা কেনা যায় 

শাহানা হুদা রঞ্জনা 
২২ নভেম্বর ২০২৬, ১৪:০০ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৪:০০

টাকা আর সুখ নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করতে গিয়ে গবেষকরা বলেছেন, মানুষ সবসময় বেশি টাকা চায় না; মানুষ যেরকম জীবন চায়, সেরকম জীবন পাওয়ার জন্যই, তার কাছে টাকা গুরুত্বপূর্ণ। কেউ টাকা চান নিরাপত্তার জন্য, কেউ স্বাধীনতার জন্য, কেউ সামাজিক মর্যাদার জন্য, আবার কেউ নিজের ও পরিবারের ভালো থাকার জন্য।

টাকা আয়ের প্রতিযোগিতায় পড়ে যদি মানুষের স্বপ্ন, অবসর, পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব, স্বাস্থ্য ও মানসিক শান্তি নষ্ট হয়— তাহলে সম্পদ বাড়লেও জীবনের প্রকৃত সুখ কমে যেতে পারে। এখন প্রশ্ন, আমরা কি সুখী হওয়ার জন্য টাকা আয় করি? নাকি অনেক টাকা আয়ের প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে সুখী হওয়ার সময়টাই হারিয়ে ফেলি?

এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন টাকা কি সুখ কিনতে পারে? নোবেলজয়ী অর্থনীতিবিদ ও মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনিম্যান বলেছিলেন, টাকার একটি ‘হ্যাপিনেস প্ল্যাট’ বা ‘সুখ অনুভব’ করার শক্তি রয়েছে, তবে সেই শক্তি কিছুটা নিয়ন্ত্রিত। যেমন- যখন কেউ প্রথমবার মাসে ২০ লাখ টাকা আয় করেন, তখন তার খুব সুখ বা আনন্দ হবে। এরপর মাসে মাসে তার আয় যতই বাড়ুক না কেন, তার মনের সুখ বা আনন্দ কিন্তু সেই অনুপাতে বাড়বে না।

অন্যদিকে ‘সুখ’ বিষয়ক গবেষক ম্যাথিউ কিলিংসওয়ার্থ বলেছেন, টাকা দিয়ে সুখ বাড়ানো সম্ভব। এখানে কোনও প্ল্যাটু থিওরি কাজ করে না। অনেক আলোচনার পর দুই গবেষক একসাথে ‘পরস্পরবিরোধী কিন্তু সহযোগিতামূলক’ একটি গবেষণা উপস্থাপণ করেছেন, যেখানে দুজনের মতামতই কিছু মাত্রায় সঠিক। এদের মধ্যে কিলিংসওয়ার্থ অবশ্য বেশি সঠিক। অধিকাংশ মানুষের ক্ষেত্রেই বেশি টাকা বেশি সুখ বয়ে নিয়ে আসে। নয়তো ধনী মানুষ আরো বেশি ধনী হওয়ার জন্য মরিয়া হন কেন? এই সহযোগিতামূলক একমত হওয়াটা হচ্ছে এরকম যে, কেউ যদি দারিদ্র্যের কারণে অসুখী হন, তাহলে তার আয় বাড়লে, সুখও বাড়বে।

যারা সুখ ও দুঃখের মাঝামাঝি অবস্থানে রয়েছেন, তাদের সুখও আয় বাড়ার মাধ্যমে বৃদ্ধি পায়। তবে যারা এমনিতেই সুখী মানুষ, আয় বাড়লে, তাদের সুখ অনেক গুণ বেড়ে যায়। সেটা ধনী, মধ্যবিত্ত ও দরিদ্র, সবার ক্ষেত্রে হতে পারে।

আবার মানুষের কিছু ‘অ-সুখ’ বা ‘অ-প্রাপ্তি’ আছে, যা টাকা দিয়ে মেটানো সম্ভব নয়। যেমন, অভাব-অনটন থেকে উঠে আসা কোনো ব্যক্তি, যখন সুখ-সম্পদ পায়, যেমন- টাকা, বাড়ি, গাড়ি ও স্বাচ্ছন্দ্য, তখন প্রথম প্রথম সে অনেক আনন্দিত হয়। কিন্তু কিছুদিন পর সেটিই তার স্বাভাবিক জীবনযাত্রার অংশ হয়ে যায়। তখন সে আরো কিছু পাওয়ার প্রত্যাশা করে এবং একজন অতৃপ্ত মানুষে পরিণত হয়। এভাবে মানুষের প্রত্যাশা ও চাহিদা বাড়তে থাকে। ফলে সম্পদ বাড়লেও সুখের অনুভূতি সব সময় একই জায়গায় থাকে না। আমাদের অতৃপ্ত আত্মা যদি প্রতিনিয়ত জীবনকে চালিত করে, তাহলে ব্যক্তি জীবন ও সমাজে সুখ কখনোই আসবে না।

অনেকে তুলনা করে সুখ বিচার করে। নিজের কী আছে, তা দিয়ে সুখ বিচার না করে, অন্যের কী আছে সেটা দেখে। এই সামাজিক তুলনার মধ্যে পড়ে মানুষের সুখানুভূতি কমে যায়।

আমরা অনেকেই টাকার পেছনে ছুটছি, অন্যভাবে বলা যায়— সুখের পেছনে ছুটছি। তাহলে ‘টাকা’ কি ‘সুখের’ সমার্থক? যার টাকা আছে, সেইই কি সুখী? যদিও নতুন একটি সমীক্ষা বলছে, বেশি টাকা মানে বেশি সুখ, বেশি আনন্দ।

তাই যদি হয়, তবে কেন কিছু টাকাওয়ালা মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন না, অস্থির জীবনযাপণ করেন, কিছু ধনী পরিবারের সন্তান বখে যায়, দাম্পত্য সম্পর্ক নষ্ট হয় এবং পরিবারের নারী ও শিশু নির্যাতিত হয়? সর্বোপরি টাকা দিয়ে কল্যাণ ও শান্তি কেনা যায় না কেন?

আমাদের দেশে যারা দুর্নীতি করে শত কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন, তারা কি শুধু সুখী হওয়ার জন্যই এভাবে মরিয়া হয়ে টাকা আয় করেছেন? নাকি লোভের কারণে করছেন? এই শ্রেণির মানুষগুলো আসলে কতটা সুখী? কেউ কেউ যেকোনোভাবে অর্থ আয় ও তা সঞ্চয় করাটাকেই সুখ ভাবেন। কিন্তু এর পাশাপাশি যে ভালোবাসা, নির্ভরযোগ্য আশ্রয়, নিরাপত্তা ও জীবনের স্থিতিশীলতা দরকার, তা নিয়ে ভাবেন না।

চীনা দার্শনিক, শিক্ষক ও রাজনীতি-বিষয়ক তাত্ত্বিক কনফুসিয়াস খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে সুখী হওয়ার জন্য যে সূত্র দিয়েছিলেন, তা হচ্ছে, ‘‘যা আপনি নিজের জন্য প্রত্যাশা করেন না, তা অন্যের ক্ষেত্রে করবেন না।’’ সুখী হওয়ার জন্য তিনি আরও যে পাঁচটি উপায়ের কথা বলেছিলেন, সেগুলো হচ্ছে— ‘‘সততা-ন্যায়পরায়ণতা, সদাচার-ভদ্রতা, দানশীলতা-মানবতা, জ্ঞান-শিক্ষা এবং বিশ্বস্ততা-আনুগত্য।’’

বিগত কয়েকবছর ধরে সুখের আন্তর্জাতিক ইনডেক্সে সুখ পরিমাপ করা হচ্ছে। জনকল্যাণের সাথে জড়িত যে ছয়টি মূল বিষয়ের ওপর নির্ভর করে সুখের মান নির্ধারণ করা হয় এবং সেই দৌঁড়ে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। এই ছয়টি বিষয় হলো— আয়, স্বাধীনতা, বিশ্বাস, সুস্বাস্থ্যসহ দীর্ঘায়ূ, সামাজিক কল্যাণমূলক সহায়তা এবং সৌজন্য। আধুনিক বিশ্বে সুখ নির্ধারণের এই বৈশিষ্ট্যগুলোর সাথে কনফুসিয়াসের সদগুণের কী অদ্ভুত মিল। এরমানে এসব বৈশিষ্ট্য সর্বকালে সব সমাজের জন্যই প্রযোজ্য।

বাংলাদেশে রাষ্ট্র, সমাজ, পরিবার ও ব্যক্তিজীবনে সততার অভাব প্রকট হয়েছে, মানবতাবোধ কমতে কমতে প্রায় নিচের দিকে, শিল্প, জ্ঞান ও শিক্ষায় আমরা পিছিয়ে পড়ছি। অথচ দেশে কোটিপতি বাড়ছে।

কোটিপতির সংখ্যা দিয়ে যদি সুখ নির্ধারিত হতো, তাহলে হয়তো বাংলাদেশ সুখী দেশগুলোর শীর্ষেই থাকতো। প্রখ্যাত অর্থনীতিবিদ ও ব্যাংকার ইব্রাহিম খালেদ বলেছিলেন, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড হলো সুষম বণ্টনের দেশ। সবচেয়ে অসম বণ্টনের দেশ হলো আমেরিকা। আমরা আমেরিকার মডেল অনুসরণ করছি বলে গরিব আরো গরিব হচ্ছে।

তাই হয়তো দেখতে পারছি সুখী দেশগুলোর তালিকায় সুষম বণ্টনের দেশগুলো এগিয়ে থাকলেও, আমেরিকা ধনী দেশ হওয়া সত্ত্বেও এর অবস্থান নিচের দিকে, কারণ সেখানে সম্পদের বণ্টন অসম। মনোবিজ্ঞান ও আচরণবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অর্থ মানুষের সুখ, মানসিক স্বস্তি ও জীবনসন্তুষ্টি বাড়াতে পারে। কিন্তু অর্থ বাড়ার সঙ্গে সঙ্গে সুখও একই হারে বাড়ে না। সুখ, সন্তুষ্টি এবং মানসিক শান্তি এক বিষয় নয়। এক মাপকাঠিতে তা মাপাও যায় না।

টাকা মানুষকে নিরাপত্তা দেয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কমায়, পছন্দ মতো জীবন চালনার সুযোগ বাড়ায় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা তৈরি করে। পাশাপাশি শিক্ষা, বিনোদন, বেড়ানো ও ব্যক্তিগত বিকাশের সুযোগ বাড়ায়। সামগ্রিকভাবে মানসিক চাপ কমাতে সাহায্য করে।

তবে বেশি টাকা হলেই সবসময় বেশি সুখ হয় না। আবার সবার ক্ষেত্রে সুখ একই হারে বাড়েও না। সহজভাবে বললে, একজন দরিদ্র মানুষের কাছে অতিরিক্ত ৫০ হাজার টাকা অনেক স্বস্তি ও আনন্দ তৈরি করতে পারে। একজন মধ্যবিত্তের কাছে এর চাইতে কিছুটা কম স্বস্তি আনবে। আর ধনী মানুষের কাছে একই টাকা তেমন কোনো প্রভাব নাও ফেলতে পারে। সুখের পরিমাপ করতে হলে, অর্থের পরিমাণের পাশাপাশি মানুষের আর্থিক অবস্থা ও প্রয়োজনটাও বিবেচনা করতে হবে। মানুষের প্রয়োজন যখন ‘অতৃপ্তি’ থেকে তৈরি হয়, তখন সুখ পাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। আবার সুখে ‘অভ্যস্ত’ হয়ে গেলেও মানুষের সুখ অনুভব করার মাত্রা কমে আসে।

যদি জানতে চাই, টাকা কি সম্পর্ক ও ভালোবাসার বিকল্প হতে পারে? মনোবিজ্ঞান বলে, না পারে না। অর্থ এসব পাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। কিন্তু অর্থ দিয়ে সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসা কিংবা মানসিক শান্তি কেনা যায় না। টাকা বাড়লে জীবনযাত্রার স্ট্যাটাস বাড়ে। তবে ব্যক্তির আবেগ ও সুখ সেই হারে বাড়ে না। বরং বলা যায়, কমে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

হার্ভার্ড বিজনেস রিভিউয়ে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, শুধু টাকা আয় করার মধ্যে দিয়ে সুখকে খুঁজে বের করার পথ থেকে সরে আসতে হবে। টাকা একটি বড় শক্তি কিন্তু সুখে থাকার জন্য শুধু এই শক্তি থাকলেই চলে না।

আর তাই অসংখ্য অপ্রাপ্তির ভেতরে বসবাস করেও যখন দেখি, জীর্ণ বস্তিতে বসে মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করছেন, প্রতিবন্ধী একজন মানুষ আয় করছেন, দৃষ্টি প্রতিবন্ধী মেয়েটি সবকিছুকে পরাজিত করে বিশ্ববিদ্যালয়ে পা রাখতে পারছেন, তখন বিশ্বাস করি— ভয়, ব্যর্থতা, অহংকার সবকিছু পরাজিত হয়; জয়ী শুধু সেই অনুভূতি, যা সত্যিই দরকারি, আর এর নামই সুখ।

সুখী মানুষের জামা গায়ে দেওয়া একজন মানুষ বলেছিলেন,‘সুখী হতে চাইলে ওপরের দিকে দেখবে না, মানুষের কী আছে— তা নিয়ে ভাববে না। ভাববে তোমার চাইতেও অনেক কম কিছু নিয়েও মানুষ বেঁচে আছে, তোমার চেয়েও কষ্টে আছে অসংখ্য মানুষ। সেই দিকে তাকালে নিজেকে সুখী মনে হবে। এই সুখী মানুষের জামা পরা মানুষটি আর কেউ নন, আমার বাবা।’

শাহানা হুদা রঞ্জনা: যোগাযোগ বিশেষজ্ঞ ও কলাম লেখক

/এপিএইচ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
টাকা দিয়ে কি সুখ, আনন্দ ও ভালবাসা কেনা যায় 
টাকা দিয়ে কি সুখ, আনন্দ ও ভালবাসা কেনা যায় 
৭২০ রানে ভারতের রেকর্ডের পাহাড়
৭২০ রানে ভারতের রেকর্ডের পাহাড়
থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
সর্বশেষ সর্বাধিক