বিশ্বজুড়ে পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পোশাক ক্রেতারাও সরবরাহকারী কারখানার পরিবেশগত মানকে গুরুত্ব দিতে শুরু করেন। জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে কারখানাগুলোকে টেকসই উৎপাদনব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও পোশাক, বস্ত্র ও আনুষঙ্গিক শিল্পের কারখানাগুলো এলইইডি সনদ অর্জনে এগিয়ে আসে। বর্তমানে ৩০২টিএলইইডি সনদপ্রাপ্ত কারখানা নিয়ে বাংলাদেশ বিশ্বে শীর্ষে। বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি এলইইডি সনদপ্রাপ্ত কারখানার ৫৩টিও বাংলাদেশে।
এই অর্জন নিঃসন্দেহে গর্বের। কিন্তু পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বাড়লেই কি পুরো খাতকে দায়িত্বশীল ভাবা যায়? যে শ্রমিকের ঘামে এই শিল্পের প্রবৃদ্ধি, তাঁর পরিবার যদি ন্যূনতম জীবনযাপনের নিশ্চয়তা না পায়, তাহলে আমাদের সাফল্যের হিসাব কি পূর্ণ হয়? আমাদের কারখানাগুলো পরিবেশের জন্য যতটা সবুজ হচ্ছে, সেখানে কাজ করা মানুষের জীবন কি ততটাই সুন্দর হচ্ছে?
একটি কারখানা পরিবেশবান্ধব হতে পারে, জ্বালানি ও পানির ব্যবহার কমাতে পারে, বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং আন্তর্জাতিক মানদণ্ডে প্লাটিনাম স্বীকৃতি পেতে পারে। কিন্তু সেখানে কর্মরত শ্রমিক তাঁর পরিবারের জন্য পর্যাপ্ত খাবার, সন্তানের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে পারছেন কি না, সেই প্রশ্নের উত্তর এলইইডি সনদ দেয় না। কারণ এই সনদ মূলত ভবনের পরিবেশগত কার্যকারিতা মূল্যায়ন করে; শ্রমিকের জীবনমান নয়।
অর্থাৎ পরিবেশগত উৎকর্ষ আর সামাজিক দায়িত্বশীলতা এক বিষয় নয়। একটি কারখানা পরিবেশের জন্য আদর্শ হতে পারে, অথচ তার শ্রমিকের জীবন থেকে যেতে পারে অনিশ্চয়তা ও বঞ্চনায়। আমাদের শিল্পের পরবর্তী অগ্রযাত্রায় এই ব্যবধান দূর করাই হওয়া উচিত বড় লক্ষ্য।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে ৪০ লাখের বেশি মানুষ সরাসরি কর্মরত। এর পাশাপাশি বস্ত্র, পরিবহন, সরবরাহ, প্যাকেজিংসহ পশ্চাৎ ও অগ্রবর্তী সংযোগশিল্পে আরও প্রায় তিন কোটি মানুষের জীবিকা এই খাতের ওপর নির্ভরশীল। ফলে শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবার ও বৃহত্তর অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপরও এই শিল্পের প্রভাব অত্যন্ত ব্যাপক। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই শিল্প খাত থেকে।
বিজিএমইএ’র সর্বশেষ অর্থবছরভিত্তিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পোশাক রফতানি থেকে আয় হয়েছে প্রায় ৩৮.৭০ বিলিয়ন ডলার, যা দেশের মোট রফতানি আয়ের ৮০.৬২ শতাংশ। দেশের বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ এবং শিল্পায়নে এই খাতের অবদান অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এত বড় একটি শিল্পের সাফল্য কেবল রফতানি আয়ের পরিমাণ কিংবা আন্তর্জাতিক সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দিয়ে পরিমাপ করা যথেষ্ট নয়। এই শিল্পের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জীবনমানও সাফল্যের অন্যতম মাপকাঠি হওয়া উচিত।
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ২০২৩ সালে নির্ধারিত পোশাকশ্রমিকদের সর্বশেষ কার্যকর ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। অথচ খাদ্য, বাসাভাড়া, যাতায়াত, চিকিৎসা ও সন্তানের শিক্ষার ব্যয় যে হারে বেড়েছে, সেই তুলনায় এই আয় দিয়ে একটি পরিবারের জীবন চালানো কতটা কঠিন, তা অনুমান করা কঠিন নয়।
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে নভেম্বরের শুরুতে শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়ে। ২ নভেম্বর বিজিএমইএ ও বিকেএমইএ’র তথ্য অনুযায়ী, অন্তত ৬৯০টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল এবং ১৭ লাখের বেশি শ্রমিক এর প্রভাবের মুখে পড়েন।
সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকপক্ষ বোর্ডে ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। ২৩ নভেম্বর বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠককে সামনে রেখে মালিকপক্ষের প্রস্তাব হিসেবে প্রায় ১৪ হাজার ৩০০ টাকার একটি অংক সংবাদমাধ্যমে এসেছে। তবে এটি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর করার লক্ষ্য রয়েছে।
চূড়ান্ত মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন মজুরির অঙ্ক নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কিন্তু এই পরিস্থিতি আমাদের একটি মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করায়—শ্রমিকের জীবনযাত্রার ব্যয় ও মজুরির মধ্যে ব্যবধান এতটা বাড়ার পরই কেন আমরা সমস্যাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি?
শ্রমিকদের দাবির যৌক্তিকতা বিবেচনার পাশাপাশি শিল্পের বাস্তবতাও বুঝতে হবে। উদ্যোক্তারা বৈশ্বিক প্রতিযোগিতা, উৎপাদন ব্যয়, জ্বালানির মূল্য, ঋণের সুদ, লজিস্টিকস এবং আন্তর্জাতিক ক্রেতাদের মূল্যচাপের মধ্যে ব্যবসা পরিচালনা করেন। প্রতিযোগিতায় টিকে থাকতে না পারলে কারখানা বন্ধ হবে, কর্মসংস্থান কমবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকেরাই। তাই মজুরি বৃদ্ধির প্রশ্নকে শিল্পের সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির সঙ্গে যুক্ত করে দেখতে হবে। তবে শিল্পের প্রতিযোগিতার চাপের পুরো দায় শ্রমিকের ওপর চাপিয়ে দেওয়ারও সুযোগ নেই।
এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতির সাম্প্রতিক বক্তব্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২২ নভেম্বর এক জাতীয় দৈনিক পত্রিকায় দেওয়া এক বক্তব্যে তিনি বলেছেন, বাংলাদেশকে ভিয়েতনামের মতো অবকাঠামো ও ব্যবসায়িক সুযোগ-সুবিধা দেওয়া হলে বাংলাদেশের উদ্যোক্তাদের ভিয়েতনামের সমপর্যায়ের মজুরি দিতে আপত্তি নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ লিড টাইম, লজিস্টিকস, বন্দরসুবিধা, শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প এবং জ্বালানি সহায়তার ক্ষেত্রে ভিয়েতনামের তুলনায় পিছিয়ে রয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সরকারের নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।
এই বক্তব্যকে শুধু ব্যবসায়ীদের দাবি হিসেবে বিবেচনা করলে চলবে না। বরং সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নীতিগত বার্তা। উদ্যোক্তারা যদি মনে করেন, উন্নত অবকাঠামো ও ব্যবসায়িক পরিবেশ পেলে শ্রমিকদের বেশি মজুরি দেওয়ার সক্ষমতা তৈরি হবে, তাহলে সরকার কেন সেই পরিবেশ নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে না?
ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতা নতুন নয়। কিন্তু দেশটির অগ্রগতির দিকে তাকালে বোঝা যায়, শুধু কম উৎপাদন ব্যয়ে পণ্য তৈরি করাই তাদের সাফল্যের একমাত্র কারণ নয়। উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন, সরবরাহব্যবস্থার উন্নতি এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনে বিনিয়োগ তাদের শিল্পকে এগিয়ে নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে বন্দর ব্যবস্থাপনা, কাস্টমস প্রক্রিয়া, গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, পরিবহন ব্যয় এবং ব্যবসায়িক জটিলতার কথা বলে আসছেন।
এসব সমস্যার সমাধান ছাড়া আমাদের শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে নেওয়া কঠিন। সরকারের দায়িত্ব এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভীর সমুদ্রবন্দর ও বিদ্যমান বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, শিল্পাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, পরিবহন ও লজিস্টিকস ব্যয় কমানো এবং ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে প্রযুক্তি ও অটোমেশনে বিনিয়োগ, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং উৎপাদনশীলতা বাড়াতে উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। শুধু মজুরি কম রেখে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার কৌশল দীর্ঘমেয়াদে টেকসই হবে না।
তবে বিজিএমইএ সভাপতির বক্তব্যের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। ভিয়েতনামের মতো সুবিধা পেলে ভিয়েতনামের মতো মজুরি দেওয়া হবে—এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকারের উদ্যোগ প্রয়োজন, এতে সন্দেহ নেই। কিন্তু শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা কি কেবল সরকারি সুবিধা পাওয়ার ওপর নির্ভর করবে? শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার ও উদ্যোক্তাদের যৌথ উদ্যোগ প্রয়োজন, কিন্তু শ্রমিকের ন্যায্য অধিকারকে অনির্দিষ্ট ভবিষ্যতের শর্তে আটকে রাখা যায় না। শিল্পমালিকদের ব্যবসায়িক সক্ষমতা, রাষ্ট্রের সহায়তা এবং শ্রমিকের ন্যায্য প্রাপ্য—এই তিনটি বিষয়কে একই সঙ্গে গুরুত্ব দিতে হবে।
এখানে একটি সাম্প্রতিক পরিসংখ্যানও আমাদের চোখ খুলে দেওয়ার মতো। বিজিএমইএ’র ২২ নভেম্বর প্রকাশিত এক জরিপে দেখা গেছে, শ্রম অসন্তোষের কারণে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হওয়া এবং অর্ডার অন্য দেশে স্থানান্তরের সম্মিলিত আর্থিক প্রভাব দাঁড়িয়েছে প্রায় ৬৮২ মিলিয়ন ডলার বা ৮ হাজার ১৮৪ কোটি টাকা। এর মধ্যে উৎপাদন ব্যাহত হওয়ার কারণে সরাসরি ক্ষতির পরিমাণ ৪২৮ মিলিয়ন ডলার এবং অন্য দেশে স্থানান্তরিত অর্ডারের মূল্য ২৫৪ মিলিয়ন ডলার। জরিপটি ৩১৭টি কারখানার ওপর পরিচালিত হয়েছে এবং বিজিএমইএ জানিয়েছে, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। অর্থাৎ শ্রমিকের অসন্তোষ শুধু মানবিক বা শ্রম অধিকারের প্রশ্ন নয়, এটি শিল্পের প্রতিযোগিতা ও জাতীয় অর্থনীতির জন্যও বড় ঝুঁকি।
এখানে করপোরেট সামাজিক দায়িত্বশীলতার (সিএসআর) একটি মৌলিক দর্শন মনে রাখা প্রয়োজন। একটি প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব শুরু হয় তার নিজের কর্মীদের দিয়ে। বাইরে সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিতে অর্থ ব্যয় করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিংবা পরিবেশ সংরক্ষণে বিনিয়োগ করা অবশ্যই প্রশংসনীয়।
কিন্তু নিজের প্রতিষ্ঠানের কর্মীরা যদি ন্যায্য মজুরি না পান, তাঁদের পরিবার যদি ন্যূনতম জীবনযাপনের নিশ্চয়তা না পায়, তাহলে সেই প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্বশীলতার হিসাব অসম্পূর্ণ থেকে যায়।
একজন বাবা বা মা যদি নিজের সন্তানের মুখে দু’বেলা খাবার তুলে দিতে না পারেন, অথচ প্রতিদিন বাইরে ২০ জন অভাবী মানুষকে খাবার দান করেন, তাহলে তাঁর দানশীলতা প্রশংসনীয় হলেও পরিবারের প্রতি দায়িত্ব পালনের ঘাটতি অস্বীকার করা যায় না। করপোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বিষয়টি একই। নিজের কর্মীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না করে বাইরের সামাজিক কর্মকাণ্ড দিয়ে দায়িত্বশীলতার পূর্ণতা প্রমাণ করা যায় না। দায়িত্বশীলতার প্রথম ঠিকানা হওয়া উচিত নিজের ঘর।
এটি শুধু নৈতিকতার প্রশ্ন নয়, ব্যবসায়িক বাস্তবতারও বিষয়। শ্রমিকের অসন্তোষ, কর্মবিরতি, উৎপাদন বন্ধ, অর্ডার সরবরাহে বিলম্ব এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থার সংকট— প্রতিটি ঘটনারই অর্থনৈতিক মূল্য রয়েছে। সাম্প্রতিক অস্থিরতায় শত শত কারখানায় উৎপাদন বন্ধ হওয়ার ঘটনা দেখিয়েছে, শ্রমিকদের জীবনযাত্রার প্রশ্নকে দীর্ঘদিন উপেক্ষা করলে তার প্রভাব শেষ পর্যন্ত উদ্যোক্তা, রফতানিকারক এবং জাতীয় অর্থনীতির ওপরও পড়ে। শ্রমিকের সন্তুষ্টি, নিরাপত্তা ও মর্যাদা তাই কোনও অতিরিক্ত ব্যয় নয়; এটি শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতায় বিনিয়োগ।
আন্তর্জাতিক বাজারেও এই বাস্তবতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বৈশ্বিক ক্রেতারা এখন শুধু পণ্যের দাম, মান কিংবা সরবরাহের সময় বিবেচনা করেন না। পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত (ইএসজি) মানদণ্ডও সরবরাহব্যবস্থার মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারখানার কার্বন নিঃসরণ কমানো যেমন জরুরি, তেমনি শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, বৈষম্যহীন আচরণ, মাতৃত্বকালীন সুবিধা, সামাজিক সুরক্ষা এবং মতপ্রকাশের অধিকারও গুরুত্বপূর্ণ। পরিবেশবান্ধব ভবন তৈরি করলেই একটি টেকসই সরবরাহব্যবস্থা তৈরি হয় না।
বাংলাদেশের সামনে এখন একটি বড় সুযোগ রয়েছে। ৩০২টি সবুজ কারখানার অর্জনকে আমরা শিল্পের পরবর্তী রূপান্তরের ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারি। পরিবেশবান্ধব কারখানার পাশাপাশি শ্রমিকবান্ধব কারখানার আন্তর্জাতিক স্বীকৃতিও আমাদের লক্ষ্য হওয়া উচিত। মজুরি নির্ধারণে নিয়মিত পর্যালোচনা, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আয়, সময়মতো বেতন ও বোনাস প্রদান, শ্রমিকদের জন্য সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা, শিশুদের যত্নের ব্যবস্থা এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগকে শিল্পের টেকসই উন্নয়নের অংশ করতে হবে।
আমাদের মনে রাখতে হবে, একটি শিল্পের প্রকৃত সাফল্য তার একটি অর্জনের ওপর নির্ভর করে না। পরিবেশের ক্ষেত্রে ‘প্লাস’, কিন্তু শ্রমিকের জীবনে ‘মাইনাস’—এমন সমীকরণ শেষ পর্যন্ত কোনও ইতিবাচক ফল দিতে পারে না। যে কারখানা পৃথিবীকে বাঁচানোর কথা বলে, সেই কারখানায় কাজ করা মানুষগুলোর জীবনও বাঁচার মতো হতে হবে।
বাংলাদেশের সবুজ কারখানার বিশ্বজয় আমরা অবশ্যই উদযাপন করবো। কিন্তু পরবর্তী উদযাপনটি যেন শুধু কতটি কারখানা প্লাটিনাম সনদ পেল, সেই হিসাবের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা যেন বলতে পারি, আমাদের কারখানাগুলো পরিবেশের জন্য নিরাপদ হওয়ার পাশাপাশি সেখানে কাজ করা মানুষগুলোর জীবনও আগের চেয়ে নিরাপদ, সচ্ছল ও মর্যাদাপূর্ণ হয়েছে।
কারণ একটি শিল্পের প্রকৃত সাফল্য শুধু তার উৎপাদিত পণ্যে, রফতানি আয়ে কিংবা আন্তর্জাতিক স্বীকৃতিতে নয়; সেই শিল্পের কারিগর এবং তাঁদের পরিবার কতটা অগ্রগতির সুফল ভোগ করতে পারছে, তার মধ্যেও নিহিত। সবুজ কারখানার গর্ব তখনই পূর্ণতা পাবে, যখন সেই কারখানার শ্রমিকের জীবনেও ঘোর অনিশ্চয়তা থাকবে না।
লেখক: কমিউনিকেশন, কালচার ও করপোরেট দায়িত্বশীলতা পেশায় নিয়োজিত