পোশাক খাতের সংকট কি শ্রমিকের মজুরি, না অন্য কিছু?

পোশাক শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা ঘোষণার পরেও যখন এই সিদ্ধান্তে খুশি না হয়ে শ্রমিকদের একটি অংশ আন্দোলন করছিলেন, তখন মালিকদের তরফে অভিযোগ করা হলো যে তাদের জিম্মি করে ১৭ হাজার টাকা মজুরি ঘোষণা করা হয়েছে। তার মানে, যে ১৭ হাজার টাকা মজুরিকে শ্রমিকরা যথেষ্ট নয় বলছেন, সেই টাকাকেই মালিকরা বলছেন বাড়তি চাপ এবং তাদের দাবি, অনেক ছোট ও মাঝারি কারখানা এই বাড়তি মজুরি দিতে না পেরে বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ দেশের প্রধান রফতানি পণ্য এবং অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাক খাতে চলতি মাসের শুরু থেকেই যে অস্থিরতা চলছিল, সেটির সুরাহা হলো না।

এখানে পক্ষ আসলে চারটি। ১. শ্রমিক, ২. মালিক, ৩. পোশাকের বিদেশি ক্রেতা এবং ৪. বাংলাদেশ সরকার। বেতন নিয়ে শ্রমিকদের অসন্তুষ্টি নিরসনে সরকার মধ্যস্থতাকারী হিসেবে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে বসেছে এবং একটি সিদ্ধান্তে এসেছে। কিন্তু দেখা যাচ্ছে, তাতেও মালিক-শ্রমিক কোনোপক্ষই পুরোপুরি সন্তুষ্ট নয়। পক্ষান্তরে শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টা যে বিদেশি ক্রেতাদের ওপর অনেকাংশে নির্ভর করে, তারা এই পুরো প্রক্রিয়ায় অনুপস্থিত। অর্থাৎ বিদেশি ক্রেতারা যদি বাংলাদেশি কারখানাগুলো থেকে পোশাক কেনার ক্ষেত্রে মূল্য বাড়িয়ে দেয়; ডলারের দাম বাড়ার সঙ্গে সঙ্গতি রেখে ‘প্রাইস অ্যাডজাস্ট’ করে,তাহলে মালিকদের ওপর চাপ অনেকটা কমে। কিন্তু বেতন সমন্বয়ের এই প্রক্রিয়ায় বিদেশি ক্রেতারা কখনোই যুক্ত থাকে না। উপরন্তু তারা নানারকম কমপ্লায়েন্সের শর্ত দেয়।

তবে এটা ঠিক যে, তাদের এসব শর্তের কারণেই দেশের পোশাক কারখানাগুলো এখন নিরাপদ। অসংখ্য গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠেছে। রানা প্লাজা ও তাজরীন ট্র্যাজেডির পরে দেশের আর কোনও পোশাক কারখানায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু কমপ্লায়েন্স মেনে কারখানা গড়ে তোলা এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশ ও বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে মিল রেখে, তাদের মজুরি সমন্বয়ের জন্য যে ধরনের দরদ থাকা দরকার, বিদেশি ক্রেতারা সেই ধরনের দরদ বা সহানুভূতি দেখান না বলে অভিযোগ বেশ পুরোনো। বরং তারা যতটা সম্ভব কম দামেই কিনতে চান এবং বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার দোহাই দিয়ে পারলে আগের চেয়েও কম দামে কিনতে চান। এ রকম হুমকি দিয়ে তারা বাংলাদেশের বিকল্প বাজার খোঁজেন বলেও শোনা যায়। অর্থাৎ পোশাক খাতের সংকট নিয়ে আলোচনায় শ্রমিকদের বেতন এবং মালিকদের সীমাবদ্ধতার বিষয়গুলো যত বেশি সামনে আসে, ক্রেতাদের দায়িত্ববোধ ও আন্তরিকতার প্রসঙ্গটা ততটাই আড়ালে থেকে যায়।

এবারের সংকটের মাত্রা বহুমুখী। কেননা সাড়ে ১২ হাজার টাকা থেকে মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা ঘোষণার পরেও শ্রমিকদের আন্দোলন বন্ধ হয়নি। এখনও গাজীপুর ও সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল অশান্ত। নারায়ণগঞ্জের পরিস্থিতি তুলনামূলক ভালো। এক্ষেত্রে যে প্রশ্নটি সামনে আসে সেটি হলো, গাজীপুর ও সাভার-আশুলিয়ার শ্রমিকরা অসন্তুষ্ট আর নারায়ণগঞ্জের শ্রমিকরা সন্তুষ্ট—এর কারণ কী বা এর ব্যাখ্যা কী? তার মানে এই আন্দোলন শুধুই বেতনের দাবিতে নয়,বরং এর পেছনে যে রাজনীতি এবং বিদেশি ইন্ধন আছে বলে সরকারের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে, সেটিই সত্য? নাকি শ্রমিকদের এমন কোনও সমন্বিত প্ল্যাটফর্ম নেই, যাদের অনুরোধে শ্রমিকরা আন্দোলন বন্ধ করে কাজে ফিরে যাবেন?

পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন বরাবরই একটি বড় আলোচনার বিষয়। বিদেশি ক্রেতাদের এটিও একটি বড় কনসার্ন। কিন্তু সেই ট্রেড ইউনিয়নগুলোরই বা এই মুহূর্তে ভূমিকা কী— তা নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন। কেননা, সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডে যে শ্রমিক প্রতিনিধি আছেন, শ্রমিকরা তাকে কতটা মানে বা তিনি সব শ্রমিকের প্রতিনিধিত্ব করেন কি না, এমন প্রশ্নও কেউ কেউ তুলেছেন। ফলে সমস্যা সমাধানে সরকার যে মধ্যস্থতা করছে, সেটি যদি মালিক-শ্রমিক সবপক্ষের স্বার্থ অক্ষুণ্ন রেখে একটা যুক্তিপূর্ণ সমাধানে আসতে না পারে, তাহলে সংকটের সুরাহা হবে না। বরং আপাতদৃষ্টিতে শ্রম অসন্তোষ থেমে গেলেও কিছুদিন পরে হয়তো আবারও শিল্পাঞ্চল অশান্ত হবে।

মালিকপক্ষের দাবি, দেশের প্রায় ৪৩ শতাংশ কারখানারই ১৭ হাজার টাকা মজুরি দেওয়ার সক্ষমতা নেই। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলোর ওপর বাড়তি বেতনের চাপ বেশি পড়বে। এতে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিদের মতে, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি আরও বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু ছোট কারখানা বন্ধের আশঙ্কাকে সামনে রেখে মালিকপক্ষ ১৭ হাজার টাকার বেশি দিতে রাজি হয়নি।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি রুবানা হক বুধবার (২৫ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, মালিকদের জিম্মি করে শ্রমিকদের বেতন নির্ধারণ করা হয়েছে। এ পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে অনেক পোশাকশিল্প মালিক ব্যবসা ছেড়ে চলে যেতে পারেন। শোনা যায়, শুধু মজুরি নয়, বরং আরও নানা কারণেই পোশাক খাতের অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এক্সিট প্ল্যান খুঁজছেন। অর্থাৎ তারা এই ব্যবসা ছেড়ে দিতে চান। এ কথা সত্যি হলে সেটি অর্থনীতির জন্য সুসংবাদ নয়। বরং সরকারের উচিত হবে ব্যবসায়ীরা যাতে ব্যবসায় টিকে থাকতে পারেন, সেজন্য সার্বিক সহযোগিতা দেওয়া। কারণ একটি কারখানা বন্ধ মানে শুধু একজন ব্যবসায়ীর লস নয়, বরং তার চেয়ে বেশি ক্ষতি ওই কারখানার ওপর নির্ভরশীল শত শত শ্রমিকের জীবিকা। একজন ব্যবসায়ীর টাকা থাকলে তিনি পোশাকের ব্যবসা বাদ দিয়ে অন্য ব্যবসা করবেন। প্রয়োজনে টাকা ব্যাংকে রেখে দেবেন। কিন্তু শ্রমিক বেকার হলে তিনি কী খাবেন বা আরেকটা কাজ কবে জোগাড় করতে পারবেন—তা বলা কঠিন।

তার মানে সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ এবং এরপরে শ্রমিকদের দাবির মুখে যদি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে আরও এক হাজার টাকা বাড়িয়ে ১৮ হাজার টাকা নির্ধারণের ঘোষণাও আসে, তারপরও ভেতরে ভেতরে এক ধরনের অসন্তোষ থেকেই যাবে। কেননা, বাড়তি চাপে সত্যিই কোনও কারখানা বন্ধ হয়ে গেলে সেই কারখানার শ্রমিকরা বেকার হবেন। তখন আগের মতোর অন্তত সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরির সুযোগটাও বন্ধ হবে। অর্থাৎ পোশাক খাতের সমস্যাগুলো শুধু একপাক্ষিক নয় এবং শুধু একটি গোষ্ঠীর স্বার্থ এখানে জড়িত নয়।

মালিকদের তরফে এ কথা আগেও বলা হয়েছে যে, তাদেরকে যদি রাজনৈতিক দল, মাস্তান ও পুলিশকে চাঁদা দিতে না হয়, তাহলে তারা শ্রমিকদের অনেক বেশি মজুরি দিতে পারবেন। একজন শিল্প মালিক বলেছিলেন, তারা ৪০ হাজার টাকা মজুরি দিতে পারবেন। এই কথাটি অতিরঞ্জিত মনে হলেও চাঁদাবাজি যে দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্য বিকাশের ক্ষেত্রে একটা বড় বাধা, সেটি অস্বীকারের সুযোগ নেই। সুতরাং , এখানে বিদেশি ক্রেতাদেরও কিছু করার নেই। শ্রমিকদেরও কিছু করার নেই। বরং এটি স্পষ্টতই রাষ্ট্রের সুশাসনের প্রশ্ন—যা নিশ্চিত করতে হয় সরকারকে। সরকার কি আজকেই এই ঘোষণা দিতে পারবে যে, এখন থেকে দেশের কোনো শিল্প মালিক বা ব্যবসায়ীকে কোনও রাজনৈতিক দল, মাস্তান বা পুলিশ কিংবা অন্য কাউকে এক টাকাও চাঁদা দিতে হবে না? শুধু ঘোষণা নয়, বরং সরকার যদি সত্যিই এটা নিশ্চিত করতে পারে যে, ব্যবসায়ীরা চাঁদা না দিয়ে ব্যবসা করতে পারছেন, কারখানা চালু রাখতে পারছেন, তাহলে দেখা যাবে মালিকরা তাদের কর্মীদের প্রতি কতটা সদয় হন।

অর্থনীতিবিদরা বলেন, ব্যবসায়ীরা টাকা চায় না। তারা চায় ভরসা। অর্থাৎ তিনি নিরাপদে নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবেন, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেজন্য কল-কারখানাগুলোয় প্রয়োজনীয় এবং নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা থাকা দরকার। সেইসাথে ব্যাংকিং খাতে অনিয়ম দুর্নীতি এবং পণ্য রফতানির ক্ষেত্রে আমলাতন্ত্র দূর করা জরুরি। এসব জায়গায় এখনও বড় বড় সমস্যা রয়ে গেছে। সুতরাং, বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় শ্রমিকের মজুরি বাড়ানো যেমন প্রয়োজন, তেমনি ওই বাড়তি মজুরি যাতে মালিকরা দিতে পারেন, সেজন্য রাষ্ট্রে সামগ্রিক সুশাসন নিশ্চিত করা আরও বেশি জরুরি।

আমীন আল রশীদ: সাংবাদিক ও লেখক