ক্লিক করার আগে আরেকবার ভাবুন 

ইকরাম কবীর
২৬ নভেম্বর ২০২৬, ১৭:৩৩ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৭:৩৩

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটা প্রতিবেদন এবং ব্যাংকের গ্রাহকদের ফোনে প্রাপ্ত লোভনীয় ও বিভ্রান্তিকর খুদেবার্তা আমাদের টাকার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবাচ্ছে। প্রতারকচক্র এখন শুধু ব্যাংক অ্যাকাউন্টের গোপন তথ্যই চুরি করছে না, তারা গ্রাহকের মোবাইল ফোনের নিয়ন্ত্রণও নিয়ে নিতে পারছে। গ্রাহক বুঝতে পারার আগেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে অন্য কোনো অ্যাকাউন্টে। কয়েক মুহূর্তেই আমাদের সঞ্চিত অর্থ হারিয়ে যাচ্ছে।

বণিক বার্তার একটা প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার প্রলোভনে এক ব্যক্তি দুই লাখ টাকা হারিয়েছেন। আরেকজনের মোবাইল ফোন হঠাৎ রিসেট হয়ে যাওয়ার পর তিনি দেখতে পান, দুটো ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ ৭৩ হাজার টাকা গায়েব হয়ে গেছে। একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তার পরিচয়ে একজন কর্মকর্তার কাছ থেকে ৫৫ হাজার টাকা গায়েব করে দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস রিপোর্ট ২০২৫-এর তথ্য বেশ খারাপ খবর দিচ্ছে। গত বছর মোবাইল আর্থিক সেবা, চেকবই ও কার্ড লেনদেনে ৮১ হাজার ৪২৩টা ফ্রডের ঘটনা শনাক্ত হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ ৯২ কোটি ৬০ লাখ টাকারও বেশি। এর মধ্যে প্রায় ৮২ কোটি ৭২ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। অর্থাৎ হারিয়ে যাওয়া অর্থের প্রায় ৮৯ শতাংশই ফেরত পাওয়া যায়নি। এগুলো সব ধরনের আর্থিক ধোঁকাবাজির একটা মোট হিসেব। কয়েক মাস আগে প্রতারকরা বিআটিএ-র নামে একটা খুদেবার্তা পাঠাচ্ছিল। বলা হচ্ছিল যে বার্তা-গ্রহীতাকে জরিমানা করা হয়েছে। বার্তার নীচে একটা লিংক রছিল। সেখানে ক্লিক করলেই বিআটিএ’র একটা নকল ওয়েবসাইটে জরিমানা জমা দিতে বলা হচ্ছিল। আমরা অনেক শিক্ষিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেখেছি এই ফাঁদে পা দিতে। নিজের বোকামিতে টাকা হারিয়েছেন। পরে দোষ দিয়েছেন তার ব্যাংককে। তখন তারা ব্যাংকে এসেছেন টাকা উদ্ধারের জন্যে।

এই ঘটনাগুলো আমাদের একটা শিক্ষা দিচ্ছে। ধোঁকার শিকার হওয়ার পর টাকা উদ্ধারের চেষ্টা করার চেয়ে প্রতারণার শিকার না হওয়ার প্রস্তুতি নেওয়া অনেক বেশি জরুরি।

প্রতারকরা আমাদের প্রযুক্তিগত অজ্ঞতার কথা ভালো করেই জানে। একই সাথে তারা আমাদের সাইকোলজি নিয়েও ভাবছে। তারা আমাদের বিশ্বাস, সরলতা, কৌতূহল, ভয়, আর্থিক সংকট এবং কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে কাজে লাগাচ্ছে।

তারা জানে, মানুষ কখন আবেগী হয়ে পড়ে, কখন আতঙ্কিত হয়, কখন কিছু যাচাই না করেই সিদ্ধান্ত নেয়। এরা অনেক চালাক। ফেইসবুকে অনেক কম দামে পণ্য বিক্রির বিজ্ঞাপন দেখে আমরা আকৃষ্ট হচ্ছি। বিনা জামানতে ঋণ, বিশেষ পুরস্কার, চাকরির সুযোগ কিংবা বিদেশে যাওয়ার প্রস্তাব পেয়ে আগ্রহী হচ্ছি। পরিচিত কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের একটা নকল লোগো বা লোগোর কপি দেখেই বিশ্বাস করে ফেলছি। অথচ আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের লোগো ও ওয়েবসাইটের আদল নকল করা প্রতারকদেরজন্যে এই এআই-এর আমলে কোনো কঠিন কোনো কাজ নয়।

আমাদেরকে প্রলুব্ধ করতে ইমেইল আসে, খুদেবার্তা আসে। এ ধরনের প্রতারণাকে বলা হয় ফিশিং এবং স্মিশিং। আপনারা সার্চ করলেই এগুলো সম্পর্কে জানতে পারবেন। এগুলোর অর্থ আমাদের সবার জানা খুবই প্রয়োজন।

কারণ ডিজিটাল আর্থিক সেবা ব্যবহার করতে হলে ডিজিটাল ক্রাইম সম্পর্কেও একটা ধারণা থাকতে হবে। শুধু আর্থিক সেবা নয়, আপনার কুরিয়ার সার্ভিস কোম্পানি থেকেও খুদেবার্তা আসছে। আপনাকে ট্র্যাক করতে বলছে। আমরা কি ঠিক বুঝে ক্লিক করছি? আরেকবার ভাবুন।

প্রতারকরা এখন হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং সুবিধা নিয়েও ধোঁকা দিচ্ছে। ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে বলছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে, এখনই ব্যবস্থা না নিলে আপনার টাকা চুরি হয়ে যেতে পারে।

ভয় পেয়ে আপনি সে যা বলছে, তাইই করলেন। কিন্তু স্ক্রিন শেয়ারিং চালু থাকলে আপনার ফোনের স্ক্রিনের সব তথ্য অন্য কেউ জেনে যাচ্ছে, আপনি সেই চিন্তা করছেন না। আবার কিছু সফটওয়্যার বা অ্যাপের মাধ্যমে রিমোটলি বা দূর থেকে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার ঘটনাও ঘটছে। সফটওয়্যার আপডেইটের নামে আসা অপরিচিত বার্তাও বিপদের কারণ হচ্ছে। ফোনের বিভিন্ন তথ্য ব্যবহারের পারমিশন দেওয়ার সময় আমরা অনেকেই কিছুই পড়ে দেখি না, কীসের অনুমতি দিচ্ছি তা বুঝিও না।

এসব প্রলোভনে আমরা কেন সাড়া দিচ্ছি? এই প্রতারণাগুলো সম্পর্কে আমরা কি আগে কোনো সতর্কবার্তা পাইনি? পেয়েছি। সংবাদমাধ্যম এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সারাক্ষণই জানাচ্ছে। ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত খুদেবার্তা, ই- মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ওয়েবসাইটে সবাইকে সতর্ক করছে।

বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সরকারেরসাইবার নিরাপত্তা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন সময়ে সতর্কবার্তা প্রকাশ করছে।

কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ১৭ দফা সাইবার নিরাপত্তা নির্দেশনা দিয়েছে। অনলাইন আর্থিক প্রতারণা রোধ করা নিয়ে এবং অভিযোগ নিষ্পত্তির বিষয়েও নির্দেশনা আছে। অনুমোদনহীন ৩১টা লোন অ্যাপ নিয়ে সতর্ক করেছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা ভুয়া বার্তা এবং ক্ষতিকর সফটওয়্যার-ভিত্তিক আন্তর্জাতিক প্রতারণা নিয়েও সতর্ক করেছে।

কিন্তু আমরা এসব সতর্কবার্তা কতটা মনোযোগ দিয়ে পড়েছি, পড়ছি; জেনেছি বা জানছি? ব্যাংক থেকে আসা সুরক্ষা বিষয়ক এসএমএস কি না পড়েই ডিলিট করে দিচ্ছি? সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যাংকের সচেতনতামূলক বিজ্ঞাপন দেখলে কি স্ক্রল করে চলে যাচ্ছি? কিন্তু একটা আকর্ষণীয় পুরস্কারের অফার দেখতে পেলেই আমরা থেমে সেখানে ক্লিক করছি।

ব্যাংকের সতর্কবার্তাগুলোকে মনে হয় আমরা অপ্রয়োজনীয় প্রচারণা বলে মনে করছি। এমন বেখেয়ালিপনা দূর না করলে আমাদের আর্থিক ক্ষতি হতেই থাকবে। এসব বার্তা আমাদের নিজেদের অর্থের নিরাপত্তার জন্যেই দেয়া হচ্ছে।

এমন প্রতারণার ঘটনা ঘটলেই, আমরা অনেক সময় ব্যাংককে দায়ী করি। ব্যাংকে টাকা জমা রেখেছি, তাই নিরাপত্তার দায়িত্ব সব ব্যাংকেরই – আমরা এমনটাই মনে করি। ব্যাংকের অবশ্যই দায়িত্ব রয়েছে। তবে আমাদের নিজেদেরও দায়িত্বও অস্বীকার করতে আমরা পারি না। আমাদের বাড়ির দরজায় একটা শক্ত তালা ঝুলিয়ে, আমরা যদি অপরিচিত কারও হাতে চাবি তুলে দিই, তাহলে শুধু তালাকে দোষ দিলে হবে? আমাদের ব্যাংকিংয়ের পিন, পাসওয়ার্ড এবং ওটিপি হচ্ছে আমাদের আর্থিক সম্পদের চাবি।

তবে এই যুক্তি দিয়ে ব্যাংকের দায় এড়িয়ে যাওয়ারও তেমন সুযোগ নেই। ব্যাংকগুলো তা চায়ও না। অনেক ব্যাংকের প্রযুক্তিগত দুর্বলতা আছে এবং সন্দেহজনক লেনদেন শনাক্ত করতে ব্যর্থ হয়। এই দায় ব্যাংককেই নিতে হবে। তবে যারা সনাক্ত করতে পারে তারা প্রতিটা ঘটনার যথাযথ তদন্ত করছে।  তবে আরো করার আছে।

ইন্ডিয়াতে সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্ট শনাক্ত করতে এআই ব্যবহার করা হচ্ছে। সিঙ্গাপুরে, ব্যাংক, পুলিশ ও প্রযুক্তি এক হয়ে কাজ করছে। আমাদের দেশেও এমন উদ্যোগ নেয়া যায় কিনা তা ভেবে দেখা যেতে পারে। ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান, টেলিকম, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দ্রুত তথ্য বিনিময়ের ব্যবস্থা থাকলে ভালো হয়। এমন ঘন ডিজিটাল যুগেও আমরা যদি তা না করতে পারি, তাহলে আমরা কেমন ডিজিটাল হলাম?

অন্যদিকে, গ্রাহক হিসেবে আমাদের কয়েকটা অভ্যাস গড়ে তুলতে হবে। কাউকে পিন, পাসওয়ার্ড কিংবা ওটিপি দেওয়া যাবে না। আমরা একথা জানি কিন্তু আমরা দিচ্ছি কেন? অপরিচিত লিংকে ক্লিক করা যাবে না, তাও আমরা জানি। ব্যাংক কর্মকর্তা পরিচয়ে কেউ ফোন করলেও তার পরিচয় ব্যাংকের অফিসিয়াল কল- সেন্টারে ফোন করে যাচাই করতে হবে।

কিন্তু, আবারও প্রশ্ন করি— আমরা ক্লিক করছি কেন? এই প্রসঙ্গে কয়েকটা বিষয় মনে করিয়ে দিই:

অপরিচিত কারও ফোন পেয়ে স্ক্রিন শেয়ার করবেন না। আসল সোর্স ছাড়া অ্যাপ ডাউনলোড করবেন না।  ফোনের সফটওয়্যার আপডেইট করবেন বিশ্বস্ত সোর্স থেকে। ব্যাংকের লেনদেন নিয়মিত পর্যবেক্ষণ করবেন। প্রয়োজন অনুযায়ী দৈনিক লেনদেনের সীমা নির্ধারণ করে দেবেন।

প্রতারণা সন্দেহ হলে ফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারেন এবং অন্য একটা নিরাপদ ফোন থেকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে লেনদেন বন্ধ করার অনুরোধ জানাতে পারেন।

প্রতারণার প্রমাণ নিজের কাছে রাখতে পারেন। আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও তাদের কমিউনিকেশনের কৌশল নিয়ে নতুন করে ভাবা উচিত বলে মনে করি। শুধু সতর্কবার্তা পাঠালেই হবে না; সবাই বার্তাগুলো বুঝতে পারছে কিনা, মনে রাখছে কিনা এবং বাস্তব জীবনে অনুসরণ করছে কিনা, সেটা বোঝাও গুরুত্বপূর্ণ।

অনেক কিছুই করা যেতে পারে। ছোট-ছোট ভিডিও, বাস্তব পরিস্থিতির উদাহরণ, টেলিভিশন অনুষ্ঠান, উঠান বৈঠক, ব্যাংকের শাখা ও এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে মানুষকে এডুকেইট করা যেতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানেও ডিজিটাল আর্থিক নিরাপত্তা সম্পর্কে বৈঠক করলে ভালো হয় যেন পরিবারের বয়স্ক সদস্যদের এসব বিষয়ে তরুণরা সচেতন করার দায়িত্ব নিতে পারেন।

অনেকেই বলেন যে অর্থ লেনদেনের ব্যাপারে প্রযুক্তি ব্যবহার না করলেই হয়। আসলে বাস্তবতা তা নয়। প্রযুক্তির ব্যবহার বন্ধ করে আমরা প্রতারণা থেকে মুক্তি পাব না। প্রযুক্তির সাথে তাল মেলাতে শিখতে হবে। ডিজিটাল সাক্ষরতা ও আর্থিক সাক্ষরতাকে আমাদের দৈনন্দিন শিক্ষার অংশ করে নিতে হবে। আমরা অর্থ যেমন উপার্জন করি, সঞ্চয় করি, তেমনি সেই অর্থকে ডিজিটাল জমানায় নিরাপদ রাখতে আমাদেরই শিখতে হবে।

আমাদের অর্থের নিরাপত্তা যেমন ব্যাংকের দায়িত্ব, সরকারের দায়িত্ব ও প্রযুক্তি প্রতিষ্ঠানের দায়িত্ব, একই সাথে এটা আমাদের নিজেদেরও দায়িত্ব। সচেতনতা এখন কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা এক অপরিহার্য দক্ষতা।

ইকরাম কবীর: কথাসাহিত্যিক

[email protected]

/এপিএইচ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
জিয়াউলের আহসানের পরবর্তী যুক্তিতর্ক ২৯ নভেম্বর
গুম-খুনের মানবতাবিরোধী অপরাধ জিয়াউলের আহসানের পরবর্তী যুক্তিতর্ক ২৯ নভেম্বর
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ঠেকাতে সংসদীয় কমিটির সুপারিশ
প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ঠেকাতে সংসদীয় কমিটির সুপারিশ
ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য: ইকরামুলের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য: ইকরামুলের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
সর্বশেষ সর্বাধিক