সাফল্যের চাপ, নীরব কান্না: বাংলাদেশের তরুণদের মানসিক স্বাস্থ্য 

ড. প্রণব কুমার পাণ্ডে
২৬ নভেম্বর ২০২৬, ১৪:০০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৪:০০

পরীক্ষার ফল প্রকাশ হলে বাড়িতে আমরা সবার আগে জিজ্ঞেস করি, কত পেলি। কিন্তু কয়জন জিজ্ঞেস করি, তুই কেমন আছিস? এই ছোট প্রশ্নটি অনেক সময় করা হয় না। অথচ একজন কিশোর বা তরুণের কাছে এই প্রশ্নটিই হতে পারে নিজের কষ্ট প্রকাশের সুযোগ। আমরা তার ফলাফল নিয়ে যতটা চিন্তা করি, তার মনের অবস্থা নিয়ে ততটা ভাবি কি?

বাংলাদেশে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক। ২০১৮-১৯ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কারিগরি সহায়তায় একটি জাতীয় জরিপ পরিচালনা করে। জরিপে দেখা যায়, ৭ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ১৩.৬ শতাংশ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। আরও উদ্বেগের বিষয় হলো, আক্রান্ত শিশু-কিশোরদের ৯৪.৫ শতাংশ কোনো চিকিৎসা পায়নি। সহজ করে বললে, মানসিক সমস্যায় আক্রান্ত প্রতি ১০ জন শিশু-কিশোরের মধ্যে ৯ জনের বেশি প্রয়োজনীয় চিকিৎসার বাইরে রয়েছে।

ডব্লিউএইচও’র ২০২৫ সালের প্রতিবেদনেও এই জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আমাদের কাছে এখনও নতুন কোনো পূর্ণাঙ্গ জাতীয় জরিপ নেই। শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাও এই সংকটের একটি গুরুতর দিক। আঁচল ফাউন্ডেশন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে শিক্ষার্থীদের আত্মহত্যার তথ্য সংগ্রহ করে।

তাদের হিসাব অনুযায়ী, ২০২২ সালে ৫৩২, ২০২৩ সালে ৫১৩, ২০২৪ সালে ৩১০ এবং ২০২৫ সালে ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ২০২৫ সালে আত্মহত্যার শিকার শিক্ষার্থীদের মধ্যে ১৯০ জন ছিল স্কুলের শিক্ষার্থী। মোট শিক্ষার্থীর ৬১.৮ শতাংশ ছিল ছাত্রী। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, ওই বছর আত্মহত্যার শিকার শিক্ষার্থীদের ৬৫.৭ শতাংশের বয়স ছিল ১৩ থেকে ১৯ বছরের মধ্যে। সে বছর সংখ্যা কমে যাওয়ার পেছনে জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার সময় সংবাদমাধ্যমে এ ধরনের খবর কম প্রকাশিত হওয়াও একটি কারণ হতে পারে বলে ফাউন্ডেশন মনে করে। তাই সংখ্যা কমে যাওয়াকে পরিস্থিতির উন্নতি হিসেবে দেখার সুযোগ নেই।

এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। আঁচল ফাউন্ডেশনের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। এটি সরকারি জাতীয় পরিসংখ্যান নয়। ফলে যেসব ঘটনা সংবাদমাধ্যমে আসেনি, সেগুলো এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। প্রতিটি ঘটনার পেছনে রয়েছে একটি পরিবার, অনেক স্বপ্ন এবং একটি অসমাপ্ত জীবন। এসব তথ্য আমাদের সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ হওয়া উচিত।

শিক্ষার্থীদের মানসিক সংকটের পেছনে একাধিক কারণ কাজ করে। পড়াশোনার চাপ, পারিবারিক অশান্তি, সম্পর্কের সমস্যা, একাকিত্ব, সামাজিক অপমান এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এর মধ্যে উল্লেখযোগ্য। আঁচল ফাউন্ডেশনের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ৭২টি আত্মহত্যার ঘটনার সঙ্গে পড়াশোনার চাপকে সংশ্লিষ্ট কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ঘটনার মধ্যে  ৭০.৮৩ শতাংশের শিকার ছিল ছাত্রী। আমাদের শিক্ষাব্যবস্থায় জিপিএ-৫, কোচিং এবং ভালো ফলাফলের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়। অনেক পরিবারেও ধারণা তৈরি হয়েছে যে, পরীক্ষায় ভালো করতে না পারলে জীবনে সফল হওয়া যাবে না। এ ধরনের প্রত্যাশা শিশু-কিশোরদের ওপর বাড়তি চাপ তৈরি করে।

এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবও উপেক্ষা করা যায় না। সেখানে অন্যের সাফল্য, জীবনযাপন ও অর্জনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করার প্রবণতা অনেক তরুণের মধ্যে হতাশা তৈরি করতে পারে। সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং সামাজিক অপমানও তাদের মানসিক কষ্ট বাড়ায়। তবে এসব বিষয় নিয়ে বাংলাদেশে আরও গবেষণা প্রয়োজন। কারণ সমস্যার প্রকৃত ধরন ও ব্যাপ্তি না বুঝলে কার্যকর সমাধান বের করা কঠিন।

এই সংকট মোকাবিলায় সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো— সামাজিক দৃষ্টিভঙ্গি। আমাদের সমাজে মানসিক সমস্যা নিয়ে এখনও অনেক ভুল ধারণা রয়েছে। সন্তান মন খারাপ করে থাকলে আমরা বলি, ওসব বাড়াবাড়ি বড় হলে ঠিক হয়ে যাবে, কিংবা তোর আবার কিসের চিন্তা? অনেক পরিবার মনে করে, মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলে সমাজে বদনাম হবে। কেউ কেউ সন্তানকে পাগল বলে আখ্যায়িত করার ভয়ে চিকিৎসা নিতে চান না। ফলে অনেক শিশু-কিশোর প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হয়। অথচ জ্বর হলে যেমন চিকিৎসকের কাছে যাই, মানসিক কষ্টের ক্ষেত্রেও চিকিৎসা ও সহায়তা নেওয়া জরুরি। মানসিক সমস্যা কোনো লজ্জার বিষয় নয়। এটি স্বাস্থ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

মানসিক স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রেও বাংলাদেশে বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে। ডব্লিউএইচও’র ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে দেশের স্বাস্থ্য বাজেটের মাত্র ০.৪৪ শতাংশ মানসিক স্বাস্থ্যের জন্য বরাদ্দ ছিল। অন্যদিকে, ডব্লিউএইচওর Mental Health Atlas 2020-এ বাংলাদেশে মোট ২৭০ জন মনোরোগ বিশেষজ্ঞের তথ্য রয়েছে। বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবার বড় অংশ ঢাকাকেন্দ্রিক। ফলে রাজশাহী, রংপুর কিংবা দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন কিশোরের জন্য প্রয়োজনীয় সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। শুধু বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ালেই হবে না। প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্থানীয় পর্যায়েও মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।

নীতিগত উদ্যোগ অবশ্য একেবারে নেই, তা নয়। বাংলাদেশে ২০১৮ সালে মানসিক স্বাস্থ্য আইন প্রণীত হয়েছে। ২০২০-২০৩০ মেয়াদের জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশলপত্রও রয়েছে। এসব নীতিতে মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন, চিকিৎসার সুযোগ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে মনের বন্ধুর সহায়তায় চারটি জেলায় Live Life কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। এর আওতায় প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি একটি ইতিবাচক উদ্যোগ। তবে এ ধরনের কর্মসূচি কয়েকটি জেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা প্রয়োজন। একই সঙ্গে এসব উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন করতে হবে।

আমার মতে, এই সংকট মোকাবিলায় পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত কাউন্সেলর নিয়োগ করা সম্ভব না হলেও একাধিক প্রতিষ্ঠানকে নিয়ে যৌথ কাউন্সেলিং সেবা চালু করা যেতে পারে। শিক্ষকদেরও মানসিক চাপ ও আচরণগত পরিবর্তনের প্রাথমিক লক্ষণ চেনার প্রশিক্ষণ দিতে হবে।

দ্বিতীয়ত,মানসিক স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়াতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্রে মানসিক স্বাস্থ্যসেবা যুক্ত করা প্রয়োজন। প্রয়োজনে টেলিমেডিসিন ও অনলাইন কাউন্সেলিংয়ের সুযোগও বাড়ানো যেতে পারে।

তৃতীয়ত,শিক্ষাব্যবস্থায় পরীক্ষার ফলাফল ও নম্বরের ওপর অতিরিক্ত গুরুত্ব কমাতে হবে। শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়। এটি চিন্তা, সৃজনশীলতা, মানবিকতা ও জীবন নপরিচালনার দক্ষতা তৈরির মাধ্যম। এই বিষয়টি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান উভয়কেই বুঝতে হবে।

চতুর্থত,গণমাধ্যমকে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আত্মহত্যার ঘটনা নিয়ে চাঞ্চল্যকর শিরোনাম বা বিস্তারিত বর্ণনা পরিহার করা প্রয়োজন। বরং মানসিক সংকটে থাকা মানুষের জন্য কোথায় এবং কীভাবে সহায়তা পাওয়া যায়, সে তথ্য প্রচার করা উচিত।

পঞ্চমত,শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত জাতীয় জরিপ পরিচালনা করতে হবে। একই সঙ্গে আত্মহত্যার ঘটনা পর্যবেক্ষণের জন্য নির্ভরযোগ্য জাতীয় তথ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রশিক্ষিত বিশেষজ্ঞদের মাধ্যমে সহজে ব্যবহারযোগ্য সহায়তা ও হেল্পলাইন সেবা নিশ্চিত করাও জরুরি। নির্ভরযোগ্য তথ্য ছাড়া কার্যকর নীতি ও কর্মসূচি তৈরি করা সম্ভব নয়।

তবে সব উদ্যোগের পাশাপাশি সবচেয়ে সহজ কাজটি আমাদের সবার হাতে রয়েছে। সেটি হলো, মন দিয়ে শোনা। সন্তানকে উপদেশ দেওয়ার আগে তার কথা শুনতে হবে। অন্যের সঙ্গে তুলনা করার আগে তার অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে। এত ভাবিস কেন? বলার পরিবর্তে জানতে হবে, সে আসলে কী নিয়ে চিন্তিত। অনেক সময় একজন কিশোরের প্রয়োজন হয় এমন একজন মানুষ, যার কাছে সে নির্ভয়ে নিজের কষ্টের কথা বলতে পারে।

আমাদের মনে রাখতে হবে, মানসিক কষ্ট কোনো দুর্বলতা নয়। এটি স্বাস্থ্যের একটি বাস্তব সমস্যা এবং এর যথাযথ চিকিৎসা ও সহায়তা প্রয়োজন। তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ। তাদের শুধু শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুললেই হবে না, মানসিকভাবেও সুস্থ ও আত্মবিশ্বাসী করে তুলতে হবে। আমরা যদি তাদের কথা না শুনি, তাদের কষ্টকে গুরুত্ব না দিই, তাহলে এই নীরব সংকট আরও গভীর হবে। তাই এখনই সময় তরুণদের ফলাফলের পাশাপাশি তাদের মনের খবর নেওয়ার।

লেখক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর

/এপিএইচ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
সাফল্যের চাপ, নীরব কান্না: বাংলাদেশের তরুণদের মানসিক স্বাস্থ্য 
সাফল্যের চাপ, নীরব কান্না: বাংলাদেশের তরুণদের মানসিক স্বাস্থ্য 
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনও ভুল করেনি: আইনমন্ত্রী
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনও ভুল করেনি: আইনমন্ত্রী
ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের উপ-শিক্ষামন্ত্রী নিহত
ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের উপ-শিক্ষামন্ত্রী নিহত
প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এসএকিউএস অ্যাক্রেডিটেশন অর্জন ইউল্যাব স্কুল অব বিজনেসের
প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এসএকিউএস অ্যাক্রেডিটেশন অর্জন ইউল্যাব স্কুল অব বিজনেসের
সর্বশেষ সর্বাধিক