দুই জেলায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু

বজ্রাঘাতব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এসব ঘটনা ঘটে।
আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলার নাসিরনগরে পৃথক বজ্রপাতের ঘটনায় নূর উদ্দিন (২২) ও রতন মিয়া (২৮) নামে দুই কৃষক নিহত হয়েছেন। সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া ও চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামের বিলে এ ঘটনা ঘটে।
নিহত নূর উদ্দিন আতুকুড়া গ্রামের সাহিদ মিয়ার ছেলে ও রতন গুজিয়াখাইল গ্রামের নুর হোসেনের ছেলে।
ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মামুন ও চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আহাদ বজ্রাঘাতে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বিলের জমিতে ধান কাটার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামে বজ্রাঘাতে রুবেল মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। সোমবার বেলা ১২টার দিকে আটঘরিয়া গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রুবেল মিয়া বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে যায়। এ সময় বজ্রপাতসহ ঝড়ো হাওয়া শুরু হলে রুবেল মিয়া বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে বজ্রাঘাতে রুবেল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/বিটি/আপ-এআর/