ইউপি নির্বাচন: শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে আহত ৬

ইউপি নির্বাচনইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত রবিউলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপুর ও মীন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে শৈলকুপা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, উপজেলার আবাইপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোক্তার আহমেদ মৃধা ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিনের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রবিউল, নবুয়াত, রুয়েল, হযরত, কাজল ও কাবিল আহত হন। বর্তমানে ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

/এসএনএইচ/