সেই বন্য হাতিটি উদ্ধারে এসেছে ভারতীয় প্রতিনিধি দল


বন্য হাতি (ফাইল ফটো)

বন্যার স্রোতে ভেসে আসা ভারতীয় সেই বন্য হাতিটি উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে অবশেষে ২৬ জুলাই থেকে জামালপুরের চর এলাকার একটি আখ খেতের ভেতরে অবস্থান নিয়েছে। হাতিটিকে উদ্ধারে আজ বুধবার ভারতীয় কর্মকর্তারা ঢাকায় এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার তারা জামালপুরে আসবেন। দুই দেশের সম্মিলিত প্রচেষ্টায় হাতিটি উদ্ধারের চেষ্টা করা হবে।

গত ২৭ জুন হাতির পাল থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতীয় একটি বন্য হাতি  ব্রহ্মপুত্র নদের স্রোতে ভেসে  কুড়িগ্রাম জেলার চিলমারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে ১১ জুলাই প্রথমে জামালপুরের  দেওয়ানগঞ্জ উপজেলার একটি চরে এসে পৌঁছে।

ওই উপজেলার দু’টি চরে কয়েক দিন অবস্থান করার পরে সেখান থেকে বগুড়া জেলার হরিরামপুর চরে চলে যায়। সেখানে কয়েকদিন অবস্থান করার পর সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ছিন্নারচরে  চলে আসে ১৯ জুলাই। ২২ জুলাই রাতে ওই ইউনিয়নের পার্শ্ববর্তী খাসরাজবাড়ী ইউনিয়নের যুক্তিগাছা গ্রামের নতুন চরে অবস্থান নেয়।

গত ২৪ জুলাই সেখান থেকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর জামিরায় চলে আসে। পরের দিন মাদারগঞ্জের রায়ের ছড়ায় অবস্থান করে এবং  ২৬ জুলাই আবার সরিষাবাড়ী ফিরে আসে। গত ২৬ জুলাই থেকে সরিষাবাড়ীর এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ায় এবং অবশেষে  সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের  শিশুয়া চরের এক ইক্ষু খেতের মধ্যে অবস্থান নেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৪টা) হাতিটি ওই ইক্ষু খেতে অবস্থান করছে।

ময়সনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় জানান, হাতিটি উদ্ধার করতে ভারতীয় বন কর্মকর্তারা আজ ৩ আগস্ট বাংলাদেশের ঢাকায় এসেছেন। ভারতীয় কর্মকর্তারা আগামী কাল জামালপুরে আসবেন। দুই দেশের সম্মিলিত প্রচেষ্টায় হাতিটি উদ্ধারের চেষ্টা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, স্থানীয় জানমালের নিরাপত্তা ও আতঙ্কিত লোকজনকে সচেতন করতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এছাড়া হাতিটির খাদ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চেষ্টা চালানো হচ্ছে।

এপিএইচ/