মুন্সীগঞ্জে কমতে শুরু করেছে পদ্মা ও ধলেশ্বরীর পানি

মুন্সীগঞ্জে কমতে শুরু করেছে বন্যার পানিমুন্সীগঞ্জের পদ্মা ও ধলেশ্বরী নদীসহ কয়েকটি নদীর পানি কমতে শুরু করেছে। বুধবার পদ্মা নদীর শ্রীনগরের ভাগ্যকূল পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে পানির বিপদসীমা ধরা হয় ৬ মিটার ৩০ সেন্টিমিটার। আগামী ৩/৪ দিনের মধ্যে পানি বিপদসীমার নিচে নেমে আসবে বলে আশা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

অন্যদিকে ধলেশ্বরী নদীর রিকাবীবাজার পয়েন্টে পানি কমে বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপদসীমা ধরা হয় ৫ মিটার ৭ সেন্টিমিটার। এছাড়া অন্যান্য ছোট বড় সকল নদীর পানিও কমতে শুরু করেছে।

পদ্মায় বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও বন্যার তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লৌহজং ও শ্রীনগর উপজেলার কয়েকটি গ্রামে বিশুদ্ধ খাবার পানির সমস্যা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল জানান, পদ্মার পানি কমতে শুরু করেছে। নতুন করে কোনও এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই।

জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুর রহমান জানান, লৌহজং ও শ্রীনগর উপজেলার বন্যা দুর্গতদের জন্য ১০ টন করে ২০ টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা সতর্ক আছেন।

লৌহজং ও শ্রীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান ও যতন মারমা জানান, দুর্গতদের মাঝে চাল, চিড়া, চিনি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

/এসএনএইচ/