বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বগুড়ার ১৩ জন,বঞ্চিতদের মাঝে হতাশা

বিএনপির পতাকাসদ্য ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বগুড়ার ১৩ জন নেতা স্থান পেলেও কিছু ত্যাগী নেতা বঞ্চিত হওয়ায় তাদের মাঝে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। উপদেষ্টা পদে তিনজন, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) পদে একজন এবং নির্বাহী সদস্য পদে ৯ জনকে নেওয়া হয়েছে বগুড়া থেকে।
তারা হলেন, উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও লালুর বোন অধ্যাপিকা তাজমেরী এসএ ইসলাম। রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় সুযোগ পেয়েছেন বগুড়া-৩ আসনের সাবেক এমপি আবদুল মোমিন তালুকদার খোকা। এছাড়া, নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, আলী আজগর তালুকদার হেনা, মোহাম্মদ শোকরানা, মাহবুবর রহমান হারেজ, এসএম শফিউজ্জামান খোকন ও আবদুল মান্নান। এদের মধ্যে নতুন করে সদস্য হয়েছেন, জয়নাল আবেদীন চাঁন, এসএম শফিউজ্জামান খোকন ও মোহাম্মদ শোকরানা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা কেন্দ্রীয় কমিটির মূল্যায়ন করতে গিয়ে বলেন, অনেক অযোগ্য ব্যক্তি সুযোগ পেয়েছেন। সনদ না থাকার পরও একজন মুক্তিযোদ্ধা। অথচ জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বর্তমান সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম ও ধুনটের ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন বঞ্চিত হয়েছেন। ব্যারিস্টার শাহীন বিনা খরচে হাইকোর্টে দলীয় নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করেন। এছাড়া, ধুনটের মানুষকে তিনি প্রচুর সাহায্য সহযোগিতা করেন। দলের জন্য তার অনেক অবদান রয়েছে। অথচ উপজেলা নির্বাচনে জামানত হারানো নেতা শেরপুরের মাহবুবর রহমান হারেজ ও আবদুল মান্নানসহ অনেক নেতাকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। দলের কোনও কর্মকাণ্ডে না থাকার পরও ঢাকার অনেক নেতা, তাদের স্ত্রী ও সন্তানরা সুযোগ পেয়েছেন। এছাড়া হাইকমান্ড নিষ্ক্রিয় নেতাদের বাদ এবং ওয়ান ম্যান ওয়ান পোস্ট ফর্মূলা সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। একই ব্যক্তি বগুড়ার কমিটিতে দায়িত্বশীল পদে থাকার পরও কেন্দ্রীয় কমিটিতে থাকছেন। 

ব্যারিস্টার শাহীনের ঘনিষ্ঠজনেরা জানান, প্রায়  দুইমাস আগে তিনিসহ বগুড়ার ৩ জনের নামের তালিকা ঢাকায় চেয়ারপারসনের দফতরে পাঠানো হয়। সেখান থেকে বলা হয়, এ তালিকা লন্ডনে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠাতে হবে। তাদের বিশ্বাস বগুড়ার নেতারা ওই তালিকা লন্ডনে পাঠাননি। ফলে ত্যাগী নেতা ব্যারিস্টার শাহীন বাদ পড়েছেন। জেলা ছাত্রদলের সাবেক নেতা সাব্বির হুসাইন বাবলু জানান, ব্যারিস্টার শাহীন, রেজাউল করিম বাদশার মতো ত্যাগী নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ায় তার মতো অনেকে হতাশ হয়েছেন। তিনিসহ অন্যারা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, বগুড়ার বঞ্চিত ত্যাগী নেতাদের কো-অপ্ট করা হলে সকলে খুশি হবেন।

 আরও পড়তে হবেন: তারেকের স্ত্রী জোবাইদার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

/এমএসএম/